২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুড়িহাট্টার হাজী ওয়াহেদের দুই ছেলের জামিন

চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় এক বাসিন্দার করা মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2019, 08:41 PM

Updated : 08 Apr 2022, 03:56 PM

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ সোমবার তাদের তিন সপ্তাহের জামিন দিয়ে বলেছে, মেয়াদ শেষে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজউদ্দীন আহমেদ মেহেদী ও শেখ ওবায়দুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল।

পরে কাজল সাংবাদিকদের বলেন, হাই কোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে প্রথমে সিলিন্ডার বিস্ফোরণের কথা বলা হলেও তার কোনো আলামত মেলেনি জানিয়ে তদন্তকারীরা এখন বলছেন, ওই মোড়ের ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে তারা ধারণা করছেন।

ওই ভবনের দোতলার পুরোটা প্লাস্টিক সামগ্রীর ও প্রসাধনীর গুদাম ছিল। বেইজমেন্টে ছিল বিপুল পরিমাণ রাসায়নিকের মজুদ। অগ্নিকাণ্ডের ঘটনায় যে ৭১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৪টি মৃতদেহ পাওয়া যায় ওয়াহেদ ম্যানশনের নিচতলার সিঁড়ি ঘরে।

সেদিনের অগ্নিকাণ্ডে নিহত ওয়াটার ওয়ার্কস রোডের বাসিন্দা জুম্মনের (৫২) ছেলে মো. আসিফ ২১ ফেব্রুয়ারি রাতে চকবাজার মডেল থানায় একটি মামলা করেন।

ওয়াহেদ ম্যানশনের মালিক হাজী আবদুল ওয়াহেদের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শরীফসহ ১৪ জনের বিরুদ্ধে ‘অবহেলাজনিত প্রাণনাশ’ অভিযোগ আনা হয় সেখানে।

দুই আসামির আইনজীবী মোমতাজউদ্দীন মেহেদী বলেন, “এজাহারে বলা হয়েছে যে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফলে ভবন মালিক হিসেবে তাদের দায় কোথায়? এছাড়া এজাহারে ৬৫ ও ৬৬ নম্বর ভবনের কথা উল্লেখ করা হয়েছে। অথচ তারা ওইসব ভবনের মালিক নন। তারা ৬৪ নম্বর ভবনের মালিক।”

অন্যদিকে জাহিদ সারওয়ার কাজল বলেন, “এ জামিন আদেশের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে নোট দিয়েছি। তাছাড়া আসামিদের জেলে দেওয়ার জন্য আরজি জানিয়েছিলাম শুনানিতে।”