২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেমন ভোট হল ঢাকা উত্তরে

ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হলেও মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে (বালক শাখা) একটি কেন্দ্রে নৌকার এজেন্ট মালেকা আসেন সকাল ৯টায়।

তাবারুল হক

ও জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 08:34 PM

Updated : 10 Oct 2022, 08:57 PM

পুরনো খবর:

যেমন ভোট দেখলেন উত্তরের ৫ মেয়র প্রার্থী

তাকে দেখে আওয়ামী লীগের এক কর্মী বলে ওঠেন, “এজেন্ট এত দেরিতে আসলে হবে?”

তার দিকে তাকিয়ে হাসতে হাসতে ভেতরে ঢুকে যান মালেকা।

এই শিক্ষা প্রতিষ্ঠানে মোট ভোট কেন্দ্র ছিল ছয়টি; এর মধ্যে তিনটিতেই সকাল ৯টা পর্যন্ত কোনো ভোট পড়েনি বলে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তখন জানা যায়।

অধিকাংশ দলের বয়কটের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে নিরুত্তাপ প্রচারের পর বৃহস্পতিবার ভোটগ্রহণের চিত্র ছিল এমনই।

সকালে নানা প্রান্তের বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারশূন্য অবস্থা দেখা যায়।

সব দলের অংশগ্রহণ না থাকায় এই ভোট নিয়ে ভোটারদের আগ্রহ না থাকার কথা সিইসি কে এম নূরুল হুদা আগেই স্বীকার করেছিলেন; তার সঙ্গে যোগ হয়েছিল বৈরী আবহাওয়া।

ভোটার না থাকায় মনিপুর স্কুলের ৪১৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে প্রিজাইডিং কর্মকর্তা মাহফুজুল হক মৃধা ও পলাশ কুমার হাজরাকে সকাল ৯টার সময় খোশগল্পে মেতে থাকতে দেখা যায়। ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখা যায় অলস সময় কাটাতে।

মাহফুজুল হক মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটার উপস্থিতি কম। বৃষ্টি তো, আর আমার এখানে মহিলা ভোটার। তারা হয়ত রান্না-বান্না করে আসবেন।”

Image
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় অলস সময় পার করেন একটি বুথের কর্মকর্তারা। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের এই চিত্র ছিল আরও অনেক জায়গায়। ছবি: আসিফ মাহমুদ অভি

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় অলস সময় পার করেন একটি বুথের কর্মকর্তারা। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের এই চিত্র ছিল আরও অনেক জায়গায়। ছবি: আসিফ মাহমুদ অভি

৪১৩ ও ৪১৪ নম্বর কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৪৯ জন। প্রথম ঘণ্টায় এ দুই কেন্দ্রে কেউ ভোট দেননি; ব্যালট বাক্সগুলো ছিল ফাঁকা।

এ স্কুলের আরেকটি কেন্দ্রেও সকাল ৯টা পর্যন্ত কোনো ভোট পড়েনি; সেখানে ভোটার ছিলেন ১ হাজার ৯২০ জন। 

এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আরিফুর রহমানও বলেন, “বৃষ্টি তো কমতেছে। আস্তে আস্তে হয়ত ভোটাররা আসবে।”

মহাখালীর টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের তিন নম্বর কেন্দ্রের ২ নম্বর বুথে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছিল মাত্র একটি।

মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ভোট দেন উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

ওই স্কুলের চারটি কেন্দ্রের মধ্যে দুটিতে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভোট পড়ে মাত্র দুটি। আতিকুল যখন কেন্দ্রে এলেন তখন সংবাদকর্মী, নির্বাচন কর্মকর্তা আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড় দেখা গেলেও ভোটার ছিলেন হাতে গোণা।

Image
উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

সকাল ১০টা পর্যন্ত আতিকুলের কেন্দ্রে মোট ৫০টি ভোট পড়ে বলে প্রিজাইডিং কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বিশ্বাস তথ্য দেন।

ভোট দেওয়ার পর নৌকার প্রার্থী আতিক ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেছিলেন, “আজ (ভোটের দিন) বৃষ্টির দিন, ছুটির দিন, আমেজের দিন। আপনারা (ভোটার) গরম চা খেয়ে, গরম খিচুড়ি খেয়ে ভোট দিতে আসেন। নৌকা মার্কায় ভোট দিন।”

উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় নিজের ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

Image
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বৃহস্পতিবার সকালে উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বৃহস্পতিবার সকালে উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ছবি: আসিফ মাহমুদ অভি

এই স্কুলের তিনটি কেন্দ্রে যথাক্রমে ২৯২৯টি, ২৪৬৯টি, ৩২৮১টি ভোট রয়েছে। তবে সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোট পড়েছে সব মিলিয়ে মোট ৫১টি।

Image
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বৃহস্পতিবার উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারশুন্য একটি বুথ। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বৃহস্পতিবার উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারশুন্য একটি বুথ। ছবি: আসিফ মাহমুদ অভি

এর একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জিত কুমার সাহা বলেন, “এখন তো বৃষ্টির দিন। বেলা গড়ালে ভোটার উপস্থিতি বাড়তে পারে।”

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময়ে উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর এবং ১২টি নারী কাউন্সিলর পদে নির্বাচনে ভোটগ্রহণ হয়।

পাশাপাশি ঢাকা উত্তরে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনের ভোটগ্রহণও চলে।

সকালে প্রিজাইডিং কর্মকর্তারা পরে ভোটার উপস্থিতির আশা করলেও বেলা বাড়ার পরও অন্য নির্বাচনের তুলনায় ভোটার সংখ্যা ছিল নগন্য। কয়েকটি কেন্দ্রে দুপুরে ভোটারহীন দেখার পর প্রিজাইডিং কর্মকর্তারা বলেন, সকালেই ভোটাররা ভোট দিয়ে গেছেন। 

২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদেও ভোট ছিল বলে মেরুল বাড্ডা নিউ নেশন আইডিয়াল স্কুল কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড় দেখা গেলেও সকাল ১০টার সময়ও ভেতরে ভোটার ছিল কম।

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৭২০ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সেখানে ২০টি ভোট পড়ে বলে প্রিজাইডিং কর্মকর্তা আলী আকবর জানান।

মোহাম্মদপুর কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সেখানে ৩ হাজার ৬৯৩ ভোটারের মধ্যে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২৬ জন ভোট দিয়েছিলেন। ওই স্কুলে বসানো পুরুষদের কেন্দ্রের ৩ হাজার ৮৮২ জন ভোটারের মধ্যে ওই সময় পর্যন্ত ২৯৭ জন ভোট দেন। 

Image
ভোটকেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ

ভোটকেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ

ঢাকা উত্তরে গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ছিল চারটি কেন্দ্র। নারীদের দুটি কেন্দ্রে ভোটার ছিলেন যথাক্রমে ২ হাজার ৮৬ এবং ২ হাজার ১০৮ জন।

বেলা ১২টা পর্যন্ত নারীদের দুটি কেন্দ্রে ১৫০ ও ৬৩০টি ভোট পড়ে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা প্রমোদ নাথ সাহা।

সেখানে পুরুষদের একটি কেন্দ্রে ২ হাজার ৫৯৮ ভোটের মধ্যে ৪৫০টি পড়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। আর অন্য কেন্দ্রে ২ হাজার ৪৮৬ জন ভোটারের মধ্যে তখন পর্যন্ত ভোট দিয়েছিলেন ৩৫০ জন ।

বনশ্রীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দুপুর ২টায় গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। সেখানে চারটি কেন্দ্র ছিল একেবারে ফাঁকা। বাইরে থেকে বোঝায় উপায় ছিল না সেখানে কোনো ভোট চলছে।

Image
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে দুপুর ২টায় বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের চিত্র। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে দুপুর ২টায় বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের চিত্র। ছবি: মাহমুদ জামান অভি

ভোট কেন্দ্রের ভবনের দোতলায় প্রবেশ করতেই দেখা যায় ভোট গ্রহণের সব আয়োজন। নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নিরাপত্তা বাহিনীর সাথে নৌকা প্রতীকের এজেন্ট ও কয়েকজন সমর্থক ছাড়া কোনো ভোটার দেখা যায়নি তখন।

ভোটার না থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাদেকিন রহমান ভূইয়া বলেন, “সকাল ১০ থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা ভোটারদের উপস্থিতি ছিল। এরপর তেমন কোনো ভোটার আসেননি। নৌকার এজেন্ট ছাড়া আর কোনো এজেন্ট আসেননি।”

মগবাজারের শাহনূরী মডেল হাই স্কুল কেন্দ্রটি দুপুর আড়াইটায় ছিল ভোটার শূন্য। কিছুক্ষণ অপেক্ষার পর কয়েকজন ভোটার কেন্দ্রে আসেন ভোট দিতে। ওই সময় কেন্দ্রটিতে এক হাজার ৩৩টি ভোটের মধ্যে ২২ শতাংশ ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা মামুন খান।

তবে কিছুটা ভিন্ন চিত্র ছিল মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি নতুন ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচনের কেন্দ্রগুলোর চিত্র। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবগঠিত ৫১ নম্বর ওয়ার্ডে মেয়র পদে উপনির্বাচন ছাড়াও নতুন করে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট ছিল। কাউন্সিলর প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা থাকায় এ ওয়ার্ডের কেন্দ্রগুলোর চিত্র ছিল কিছুটা ভিন্ন।

Image
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বৃহস্পতিবার উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আইরিন মিতু নামের এই তরুণী। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বৃহস্পতিবার উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আইরিন মিতু নামের এই তরুণী। ছবি: আসিফ মাহমুদ অভি

উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের উত্তরা ল্যাবরেটরী হাই স্কুলে ছিল নারী ও পুরুষের দুইটি কেন্দ্র। বেলা সাড়ে ১১টায় এই দুই কেন্দ্রের ১৬টি বুথে কাউন্সিলর প্রার্থীদের এজেন্টদের উপস্থিতি থাকলেও নৌকার দুই বুথে দুইজন এজেন্ট ছাড়া অন্য কোনো মেয়র প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।

নারী ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইকবাল মাহমুদ বলেন, তার কেন্দ্রে ভোটের প্রথম সাড়ে তিন ঘণ্টায় ১০ শতাংশ ভোট হয়েছে।

একই বিদ্যালয়ে পুরুষ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সোয়ায়েব সাঈদ বলেন, তার কেন্দ্রের তিন হাজার ২০৯ জন ভোটারের মধ্যে ভোট শুরুর প্রথম সাড়ে তিন ঘণ্টায় ২৪০ জন ভোট দেন।

কাউন্সিলর পদের প্রার্থী থাকা সত্বেও এই দুই কেন্দ্রে কোনো লাইন ধরে ভোট দেওয়ার চিত্র চোখে পড়েনি। একজন-দুইজন করে ভোটার এসে ভোট দিয়েছেন।

উত্তরার ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে ৫১ নম্বর ওয়ার্ডের দুইটি কেন্দ্রে ভোট নেওয়া হয়। কাউন্সিলর পদে প্রার্থী থাকায় এই কেন্দ্রের চিত্রও ছিল উত্তরা ল্যাবরেটরী হাই স্কুল কেন্দ্রের মতো।

Image
উত্তরা ১২ নম্বর সেক্টরে একটি ভোটকেন্দ্রের বাইরের চিত্র। ছবি: মাহমুদ জামান অভি

উত্তরা ১২ নম্বর সেক্টরে একটি ভোটকেন্দ্রের বাইরের চিত্র। ছবি: মাহমুদ জামান অভি

 

এই দুই ভোট কেন্দ্রে একজন-দুইজন করে ভোটার এসে ভোট দিয়েছেন। সবপদে প্রার্থী থাকা সত্ত্বেও লাইন ধরে ভোট দিতে দেখা যায়নি।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সুমন ফকির বলেন, “সকালে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিত ছিল খুবই কম। বৃষ্টি থেকে গেলে সকাল ১০টা থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।”

তার কেন্দ্রে দুই-তিনজন নৌকার এজেন্ট ছাড়া অন্য কোনো মেয়র প্রার্থীর এজেন্ট আসেননি।

উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের উত্তরা ল্যাবরেটরী হাই স্কুলে দুইটি কেন্দ্রের ১৬টি বুথে কাউন্সিলর প্রার্থীদের এজেন্টদের উপস্থিতি থাকলেও নৌকার এজেন্ট ছাড়া অন্য কোনো মেয়র প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।

ভোটার সংখ্যা কম দেখে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, “বিগত কটি নির্বাচনে অনিয়মের কারণে জনগণ ভোটদান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”

তবে বিকালে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, “সকালে বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে অনেকেই ভোট কেন্দ্রে আসেনি। কিন্তু দুপুর থেকে ভোট কেন্দ্রে ব্যাপক সংখ্যক ভোটার উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।”

Image
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বৃহস্পতিবার মগবাজারের শাহীনূর মডেল হাই স্কুল কেন্দ্রে ভোটারশুন্য একটি বুথ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বৃহস্পতিবার মগবাজারের শাহীনূর মডেল হাই স্কুল কেন্দ্রে ভোটারশুন্য একটি বুথ।

ভোটগ্রহণ শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, দুই সিটিতে সব মিলিয়ে ভোটের হার ৫০ শতাংশ হতে পারে বলে মনে করছেন তারা।

অনিয়মের অভিযোগহীন ভোটে হয়রানির অভিযোগ

এজেন্ট না থাকা কিংবা ভোটগ্রহণ নিয়ে কোনো অভিযোগ আসেনি মেয়র পদে কোনো প্রার্থীর কাছ থেকে। সংসদে বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদও বলেছেন, “দিনের শুরুতে নির্বাচন নিয়ে আমাদের কিছু আশঙ্কা থাকলেও দিনের শেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন সম্পূর্ণ হয়েছে।”

স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির প্রার্থী আনিসুর রহমান দেওয়ান, পিডিপির প্রার্থী শাহীন খানের কাছ থেকেও অনিয়মের কোনো অভিযোগ আসেনি।

স্বল্প সংখ্যক ভোটারের মধ্যেও বাড্ডা ও মগবাজার এলাকার বিভিন্ন কেন্দ্রে আসা ভোটাররা অভিযোগ করেছেন, ভিন্ন একজনের নামে ভোটার স্লিপ ধরিয়ে দিয়ে তাদের ভোট দিতে বলেছেন নৌকার প্রার্থীর এজেন্টরা।

সকালে ২১ নম্বর ওয়ার্ডের মধ্য বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েকজন ভোটার এই অভিযোগ করেন।

ভোটার আবদুল মালেকের অভিযোগ, তার বাড়িতে ভোটার স্লিপ পৌঁছে দেননি কোনো প্রার্থীর এজেন্ট। জাতীয় পরিচয়পত্র দেখানোর পরও তাকে বলা হয়েছে, স্লিপ খুঁজে পাওয়া যাচ্ছে না।

আবিদুর রহমান বলেন, “আমি জাতীয় পরিচয়পত্র দেখালাম, কিন্তু ওরা বলল আপনার স্লিপ খুঁজে পাচ্ছি না। পরে জিজ্ঞাসা করলাম, ভোট দিব কেমনে? তখন বলল, ‘ভোট দিয়ে কী হবে আর? চলে যান।’ এ নিয়ে আর কোনো ঝামেলা না করে চলে এলাম।”

Image
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নারী ভোটারদের লাইন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নারী ভোটারদের লাইন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

১৮ নম্বর ওয়ার্ডে শাহজাদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে ‘স্লিপ’ না পেয়ে ফিরে যান মো. মহিউদ্দিন মহিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্লিপ চাইতে গেছিলাম কেন্দ্রে। ওখান থিকা কইসে, আপনের স্লিপ নাই। পরে বাইরে এসে প্রার্থীর নির্বাচনী বুথে আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) দেখাইলে সেখান থেকে দুই জনের স্লিপ ধরায়া দিয়া কইল, যান ভোট দিয়া আসেন।

“প্রথমে যে স্লিপটা দিল, এইডা একজন মহিলার। আমি দেখাইলাম। পরে পাল্টায়া আরেকজনের স্লিপ দিল। কী করুম! ভোট দিমু না। স্লিপ ছাড়া তো ভোট দিতে দিব না।”

এ নিয়ে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আশরাফ উর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় পরিচয়পত্র দেখালেই ভোট দিতে পারবেন। স্লিপ না থাকলে ভোট দিতে পারেননি, এটা সত্যি না।”

Image
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬০ নম্বর ওয়ার্ডের বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সামনে প্রার্থীদের কর্মীরা অবস্থান নিলে তাদের সরিয়ে দেয় বিজিবি। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬০ নম্বর ওয়ার্ডের বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সামনে প্রার্থীদের কর্মীরা অবস্থান নিলে তাদের সরিয়ে দেয় বিজিবি। ছবি: আব্দুল্লাহ আল মমীন

মগবাজারের নয়াটোলায় শাহনূরী মডেল হাই স্কুলে নারী কেন্দ্রে ভোট দিতে এসে সুফিয়া বেগম অভিযোগ করেন, তার ‘স্লিপ’ নিয়ে অন্য একজন ভোট দিয়ে চলে গেছেন।

বিকাল ৩টার দিকে ভোট দিতে এসে তিনি বলেন, “আমার স্লিপ নিয়া আরেকজন ভোট দিসে। আমারে এখন আরেকজনের স্লিপ ধরায়া দিসে। কষ্ট কইরা ভোট দিতে আইছি। এখন আরেকজনের নামে আমি কেন ভোট দিমু?”

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার চয়ন বিশ্বাসকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ভাই, নারী ভোটার তো এমনিতেই কম! তারপর এই স্লিপের ঝামেলা! নারীদের সেইফটি ফার্স্ট। বুঝেনই তো!”