২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান ছিনতাইকারী র‌্যাবের অপরাধী তালিকার ‘পলাশ’

বিমান ছিনতাই করতে গিয়ে যে যুবক কমান্ডো অভিযানে নিহত হয়েছেন, তার আঙুলের ছাপ ক্রিমিনাল ডেটাবেইজে থাকা এক অপরাধীর সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 12:48 PM

Updated : 10 Oct 2022, 08:57 PM

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ডেটাবেইজের তথ্য অনুযায়ী ওই যুবকের নাম মো. পলাশ আহমেদ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে তিনি।

রোববার সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কমান্ডো অভিযানের পর সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা শুধু বলেছিলেন, নিহত ব্যক্তির নাম ‘মাহাদী’, তার বয়স ২৬/২৭ বছর।

তার বিস্তারিত পরিচয় বা তার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য সে সময় তারা জানাতে পারেননি।

তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটি একটি ‘খেলনা পিস্তল’ বলে চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান রোববার রাতে জানিয়েছিলেন। 

বিমানের পেসেঞ্জার লিস্টের বরাত দিয়ে র‌্যাব বলছে, নিহত ওই যুবক ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বিমানে চড়েন চট্টগ্রামে যাওয়ার জন্য। চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটির।

পেসেঞ্জার লিস্টে তার যাত্রীর নাম ছিল AHMED/MD POLASH, সিট নম্বর 17A।

দুপুরে র‌্যাবের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাচপুর আলী নূর স্টিল মিলসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অপরহণের ঘটনায় আসামি ছিলেন পলাশ। ওই বছর ২৮ মার্চ তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তার হওয়ার সময় পলাশের বয়স ছিল ১৮ বছর ১৫ দিন। সোনারগাঁওয়ের তাহেরপুর মাদ্রাসা থেকে তিনি দাখিল পাস করেছিলেন।

পুলিশের প্রাথমিক সুরতহালে জানা গেছে, নিহত যুবকের নাভির ডান পাশে একটি গুলির চিহ্ন রয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি থানায়।

পতেঙ্গা থানার ওসি উৎপল কান্তি বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এজাহার পাঠানো হচ্ছে। কপি আসার পর আইনি প্রক্রিয়া নেওয়া হবে।”

আরও খবর

বিমান ছিনতাইকারীর হাতে ছিল খেলনা পিস্তল: পুলিশ

বিমান ছিনতাইয়ে গিয়ে যুবক নিহত

ঢাকা থেকে উড়ালের পরপরই অস্ত্র উঁচিয়ে গুলির হুমকি: যাত্রী

বিমান ছিনতাই: তদন্ত কমিটি গঠন

মাঝ আকাশে ককপিটে ঢুকে পাইলটকে অস্ত্র ঠেকায় এক ব্যক্তি: পুলিশ