২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় কানাডা পুলিশ ও এফবিআই কর্মকর্তার সাক্ষ্য নিতে আবেদন

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের কয়েকজন কর্মকর্তার সাক্ষ্য নিতে বিচারিক আদালতে আবেদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2018, 01:09 AM

Updated : 19 Aug 2022, 02:56 PM

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, আগামী ৯ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯ এ আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে এই মামলাটি করে দুদক।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

২০০৭ সালে ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় করা এই মামলাটির বিচার চলছে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসানো অস্থায়ী এজলাসে।

দুটি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই কারাগারে বন্দি আছেন।

Image
খালেদা জিয়া

খালেদা জিয়া

অ্যাটর্নি জেনারেল বলেন, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ও এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণের বিষয়ে আদালতে আবেদন করা হয়েছে।

তিনি বলেন, “কানাডাতে নিবন্ধিত নাইকো আমাদের দেশের কয়কটি গ্যাসফিল্ড লিজ নেওয়ার জন্য চেষ্টা করে আসছিল। ২০০২ সাল পর্যন্ত পূর্ব ছাতক গ্যাসফিল্ডটি একটি ভার্জিন গ্যাসফিল্ড (গ্যাসে পরিপূর্ণ) ছিল বলে বাপেক্স এবং আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলা অভিমত প্রদান করে আসছিল।

“কিন্তু নাইকো নানারকম অসৎ পন্থা অবলম্বন করে আমাদের দেশের তৎকালীন কিছু ক্ষমতাসীন ব্যক্তিকে বিশেষভাবে হাওয়া ভবনকে প্রভাবিত করে পূর্ব ছাতক গ্যাসফিল্ডটি গ্রহণ করে। সে সময় একটি পরিত্যক্ত গ্যাসফিল্ড হিসেবে তাদের এটি দেওয়া হয়েছিল। আসলে এটা পরিত্যক্ত ছিল না।”

২০০৫ সালে এই গ্যাসফিল্ডটি নেওয়ার ক্ষেত্রে নাইকোর ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তদন্ত শুরু করেছিল বলে জানান অ্যাটর্নি জেনারেল।

“তারা তদন্তে প্রমাণ পায় যে এই নাইকো তার দেশ থেকে বিভিন্নভাবে বিভিন্ন দেশ হয়ে বাংলাদেশে টাকা পাঠিয়েছিল। সে টাকা কয়েকজন ব্যক্তিকে ঘুষ হিসেবে প্রদান করা হয়েছিল।

“গত বছর আমি কানাডা এবং যুক্তরাষ্ট্রের এফবিআই কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম, তারা তদন্ত করে যে তথ্যগুলো পেয়েছে সেগুলো আমাদের পাঠানোর জন্য। আমাদের এই অনুরোধে সাড়া দিয়ে মিউচ্যুয়াল অ্যাসিসটেন্সের আওতায় সে তদন্ত প্রতিবেদন আমাদের দেওয়া হয়েছে।”

বৃহস্পতিবার নিজেই বিশেষ আদালত-৯ এ গিয়ে ওই প্রতিবেদনগুলো জমা দিয়ে দরখাস্ত দাখিল করে এসেছেন বলে জানান মাহবুবে আলম।

“আমি আবেদন করেছি, কানাডিয়ান মাউন্টেড পুলিশের যারা তদন্ত করেছেন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ইনভেস্টিগেশনের যে অফিসার তদন্ত করেছেন, তারা যাতে এদেশে এসে তাদের এই পাঠানো প্রতিবেদনের সপক্ষে আদালতে বক্তব্য পেশ করতে পারেন। আমার এই প্রার্থনার পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর এই দরখাস্তটির শুনানির তারিখ ধার্য করা হয়েছে।”

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ও এফবিআইর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের এদেশে এসে সাক্ষ্য দিতে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ও এফবিআইর তদন্ত প্রতিবেদনে কী আছে- জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “এই তদন্তে তারা পেয়েছেন, টাকা কীভাবে কানাডা থেকে অন্যান্য দেশে বিশেষ করে ক্লেমেন আইল্যান্ড থেকে সুইজারল্যান্ড এবং সেখান থেকে ইউএসএ, তারপর বাংলাদেশে এনে ঘুষ হিসেবে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “প্রতারণার আশ্রয় নিয়ে তারা আমদের দেশের ক্ষতি করেছেন। এই ক্ষতির ব্যাপারে যারা তাদের সহযোগিতা করেছেন, তারাই এই মামলার আসামি।”

Image
মাহবুবে আলম (ফাইল ছবি)

মাহবুবে আলম (ফাইল ছবি)

কতজন কর্মকর্তাকে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, কানাডার দুজন পুলিশ কর্মকর্তা ও এফবিআইর একজন কর্মকর্তাকে।

বড় দিনের আগেই যেন তাদের সাক্ষ্য নেওয়ার তারিখ ঠিক হয়, সেজন্য আদালতে আবেদন করেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।

এ মামলায় খালেদার ছেলে তারেক রহমানকে আসামি করা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “না, এখনও করা হয়নি।”

তবে তারেকের বন্ধু গিয়াস আল মামুনের মাধ্যমে ঘুষ লেনদেন করা হয়েছে দাবি করে মাহবুবে আলম বলেন, “নাইকোর টাকাটা মেইনলি তারেক জিয়ার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের মাধ্যমেই সমস্ত লেনদেন হয়েছে।”

কত টাকার ঘুষ লেনদেন হয়েছিল, তা প্রতিবেদনে উল্লেখ আছে কি না- জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই মুহূর্তে অ্যামাউন্টটা বলা সম্ভব না। রিপোর্টে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে।”
সেনা নিয়ন্ত্রিত ওই তত্ত্বাবধায়ক সরকার আমলে একই ধরনের আরেকটি মামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ছিল, এই প্রতিবেদনে তার নাম এসেছে কি না- জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “উনার ব্যাপারে কিছুই নেই।

“রিপোর্টে কীভাবে এসেছে সেটা এখন আদালতের বিচারাধীন ব্যাপার। বিস্তারিতভাবে তার সম্পর্কে তদন্ত হয়েছে না হয়েছে, এটা এই মুহূর্তে আমার পক্ষে বলাটা সঠিক হবে না।”

পুরনো খবর:

নাইকো মামলার শুনানি ফের ৩ জানুয়ারি
নাইকো মামলা: অব্যাহতির আবেদনে নিজেই শুনানি করলেন মওদুদ