নাইকো মামলা: অব্যাহতির আবেদনে নিজেই শুনানি করলেন মওদুদ
নাইকো দুনীতি মামলার অন্যতম আসামি বিএনপি নেতা মওদুদ আহমদ নিজেই তার অব্যাহিতর অব্যাহতির আবেদনের শুনানি শুরু করেছেন।
রোববার ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবীর তার আংশিক শুনানি নিয়ে ১১ মার্চ পরবর্তী দিন রাখেন।
এদিন মামলার আরেক আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
গতবছরের ১১ ডিসেম্বর মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদনের ওপর শুনানি শুরু হয় ।
সেদিন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে দায়ের করা আলোচিত এ মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের প্রাক্তন সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম), জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম এবং বাপেক্সের প্রাক্তন সচিব মো. শফিউর রহমানের পক্ষে অব্যাহতির আবেদনের ওপর শুনানি হয়।
রোববার মওদুদ শুনানিতে বলেন, সে সময়ে আইনমন্ত্রী থাকাকালে তিনি শুধু একটি মতামত দিয়েছিলেন। এর বাইরে কোনো ক্ষমতার অপব্যবহার বা রাষ্ট্রীয় কোনো অর্থের ক্ষতি করেননি।
শুনানিতে তার সঙ্গে ছিলেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে মামলাটি করা হয়।
২০০৭ সালের ৯ ডিসেম্বর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা পড়ে।
অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
