২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএম এখনই নয়, মত সাবেক দুই সিইসির

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এখনই জাতীয় নির্বাচনে ব্যবহার না করার পক্ষে মত দিয়েছেন সাবেক দুই সিইসি বিচারপতি আবদুর রউফ ও এ টি এম শামসুল হুদা।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 01:21 AM

Updated : 19 Aug 2022, 02:33 PM

ইভিএম প্রবর্তনের সময় সিইসির দায়িত্বে থাকা শামসুল হুদা মনে করেন, স্থানীয় নির্বাচনে পরীক্ষামূলকভাবে আরও ব্যবহার করে জাতীয় নির্বাচনে তা প্রবর্তন করা যায়।

বিচারপতি রউফ মনে করেন, এখন যন্ত্রের মাধ্যমে ভোট দিতে বাংলাদেশের মানুষ প্রস্তুত নয়, তাই আগে তাদের প্রশিক্ষিত করে তুলতে হবে।

বুধবার ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ‘ফেমবোসা’র নবম সম্মেলনে আমন্ত্রিত ছিলেন সাবেক এই দুই সিইসি। সাংবাদিকদের প্রশ্নে তারা ইভিএম নিয়ে মতামত দেন।

২০০৭-২০১২ সালে শামসুল হুদা দায়িত্বে থাকার সময় বাংলাদেশে ইভিএম চালু হয়েছিল; স্থানীয় নির্বাচন পেরিয়ে সংসদ নির্বাচনে তা ব্যবহার করতে বর্তমান ইসি আইন সংশোধনের প্রস্তাব করার পর থেকে রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে চলছে জোর আলোচনা।

বর্তমানে ইসি যে ইভিএম ব্যবহার করছে, তা ‘এখনও টেস্টেড হয়নি’ বলে মন্তব্য করেন শামসুল হুদা।

তিনি বলেন, “লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আরও করার দরকার রয়েছে। সেখানে মনিটর করে, তথ্য সংগ্রহ করে কী হয়েছে, কী হয়নি, কী অসুবিধা, কী সুবিধা, সব যাচাই বাছাই করে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে

 “এটা এখনও টেস্টেড হয়নি। জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে সবটা করা ঠিক না। এখানেও পাইলট পরীক্ষা করতে হবে। তাড়াহুড়োর কী আছে?”

Image
শামসুল হুদার সময়ে ব্যবহৃত ইভিএম

শামসুল হুদার সময়ে ব্যবহৃত ইভিএম

নিজেদের আমলে শুরু করা এ প্রযুক্তির ধারাবাহিকতা থাকলে ইভিএম অনেক দূর এগোত বলে মনে করে শামসুল হুদা।

তিনি বলেন, “মাঝখানে আনফরচুনেট গ্যাপ হয়ে গেল। এটা অসুবিধা। এটার একটা ধারাবাহিকতা বজায় রাখা উচিৎ ছিল। সেটা করে ইভিএম করলে কোনো অসুবিধা হত না।”

শামসুল হুদা কমিশনের পর দায়িত্বে আসা কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসি ইভিএম নিয়ে আর এগোয়নি। কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন আবার ইভিএম নিয়ে এগোচ্ছে।

ছবিসহ ভোটার তালিকা যেভাবে কোনো ধরনের বিতর্ক ছাড়াই হয়েছে, তেমনি ইভিএমকে নিয়ে  এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন সাবেক আমলা শামসুল হুদা।

এখন এটা চাপিয়ে না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “গ্রাজুয়েলি ইমপ্রুভ করে সব রাজনৈতিক দল যখন বুঝতে পারবে, এটা ঠিক আছে, তখন করা উচিৎ।”

বিচারপতি রউফ বলেন, “টেকনোলজি নিয়ে রং ইনফরমেশন কিংবা হাফ নলেজ, কোয়ার্টার নলেজ নিয়ে সমালোচনা করতে গেলে খারাপ। আগে চিনতে হবে, জানতে হবে।

Image
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত নতুন ইভিএম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত নতুন ইভিএম

“কিছু কিছু জায়গায় করেছেন, তো আস্তে আস্তে দেন। শেখান প্রযুক্তিটি কী, নিরাপত্তা ব্যবস্থা  আগে বোঝান; দ্যান ইউ কাম।”

দেশের ৯৮ শতাংশ মানুষ ইভিএম বোঝে না বলে মনে করেন সাবেক এ সিইসি।

“আমি বলবো শতকরা ৯৮ ভাগ লোকের এই ইভিএম মেশিনটা কী, টেকনোলজিটা কী, কীভাবে আসে- এ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে গোলমাল হয়েছে; অনেক দেশ এটা বন্ধও করে দিয়েছে।”

ইভিএম নিয়ে সংশয় দূর করার উদ্যোগ নিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি।

‘পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের’

এক প্রশ্নের জবাবে সাবেক সিইসি হুদা বলেন, “নির্বাচন বিষয়টা খুবই সেনসেটিভ। এখানে কম্পিটিশনের ব্যাপার। ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়, যেখারে রুলস অব দ্য গেইম ও লেভেল প্লেয়িং ফিল্ড- এগুলো এনসিউর না হলে তো হবে না। সেগুলো এনসিউর করেই একটা জিনিস ইন্ট্রিডিউস করতে হবে।

“নির্বাচনের পরিবেশ সৃষ্টির করার দায়িত্ব বেসিক্যালি সরকারের। সরকারই এটা করবেন। এখন না করতে পারলে তো খুবই অসুবিধার কথা।

“তত্ত্বাবধায়ক ব্যবস্থা উঠে গেছে। সে পরিস্থিতিতে কী করলে কনফিডেন্স আসবে, আস্থা অর্জন করতে পারেন, সে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারের।”

বিএনপি এখনও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে এলেও তাতে সাড়া নেই ক্ষমতাসীন আওয়ামী লীগের। বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীনরা।

পুরনো খবর:

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনের সিদ্ধান্ত ইসির
কেন ইভিএমে আপত্তি, জানালেন ফখরুল
ইভিএমের সীমিত ব্যবহারের পক্ষে প্রধানমন্ত্রী