জাবালে নূরের ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত: পুলিশ
ঢাকার সেনানিবাস এলাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর মামলাটিতে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ।
ব্যাপক আলোড়ন তোলা এই ঘটনার মামলাটির অভিযোগপত্র যে কোনো মুহূর্তে আদালতে জমা দেওয়া হবে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) আব্দুল বাতেন।
তিনি সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে জাবালে নূর বাসের দুই মালিকসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে।
“চার্জশিট দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এ সপ্তাহ মানে বৃহস্পতিবারের মধ্যেই চার্জশিট আদালতে জমা দেব আমরা।”
এই ছয়জন হচ্ছেন মালিক শাহাদাত হেসেন ও জাহাঙ্গীর আলম। দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং দুই সহকারী এনায়েত হোসেন ও কাজী আসাদ।
এর মধ্যে মালিক জাহাঙ্গীর এবং চালকের সহকারী আসাদ পলাতক রয়েছেন। গ্রেপ্তার চারজনের মধ্যে মালিক শাহাদাত, চালক মাসুম ও জুবায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
যে দুজন পলাতক রয়েছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা বাতেন।
শিক্ষার্থীদের রোষের মুখে জাবালে নূরের বাস
সেদিন জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষির মধ্যে একটি বিমানবন্দর সড়কের পাশে দাঁড়ানোর শিক্ষার্থীদের উপর উঠে যায় বলে পুলিশ কর্মকর্তারা জানান।
দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক সপ্তাহ ঢাকার সড়ক অচল ছিল। আন্দোলনের মুখে সরকার সড়কে নিরাপত্তায় কয়েকটি সিদ্ধান্তও নেয়। শিক্ষার্থীদের এই আন্দোলন রাজনৈতিক অঙ্গনও গরম করে তুলেছিল।
ঘটনার পর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন নিহত দিয়ার বাবা জাহাঙ্গীর আলম যিনি নিজেও একজন দূরপাল্লার বাসচালক। এরপর র্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বাস মালিক, চালক ও সহকারীদের।
মামলাটি দণ্ডবিধির ২৭৯ ,৩০৪ (খ) ধারায় দায়ের করা হলেও চালক মাসুমকে গ্রেপ্তারের পর ৩০৪ ধারায় রিমান্ড চান তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক কাজী শরীফুল ইসলাম।
৩০৪ ধারার অভিযোগ হলে অপরাধজনক নরহত্যা। অর্থাৎ খুনের উদ্দেশ্য না থাকলেও হত্যাকাণ্ড ঘটেছে। এ ধারায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
জাবালে নূরের মালিক শাহাদাত হোসেন
চালক মাসুম বিল্লাহ, জুবায়ের ও সহকারী এনায়েত
অতিরিক্ত কমিশনার বাতেন জানান, প্রথম থেকেই মামলাটি তদন্ত করছে ডিবি।
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাবালে নূরের তিনটি বাস সেদিন ইসিবি চত্বরে একসঙ্গে এসেছিল। পরবর্তী স্টপেজে যাত্রী বেশি তুলতে এই তিনটি বাসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এর মধ্যে একটি বাস পেছনে পড়ে যায়।
“পরে প্রতিযোগিতা করে আসা দুইটি বাসের একটি আগে গিয়ে বিমানবন্দর সড়কে হোটেল র্যাডিসনের সামনে আড়াআড়ি অবস্থান নেয় এবং পেছনে থাকা বাসটি ফাঁকের মধ্যে ঢুকে শিক্ষার্থীদের উপর উঠিয়ে দেয়।”
ইসিবি চত্বর থেকে আসা তিনটি বাসের মধ্যে যে বাসটি পেছনে পড়ে গিয়েছিল, তার চালক সোহাগ ও সহকারী রিপন গ্রেপ্তার হলেও অভিযোগপত্রে তাদের নাম আসছে না বলে ওই ডিবি কর্মকর্তা জানান।
অভিযোগপত্রে কী অভিযোগ আনা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ডিবি কর্মকর্তারা।
