২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল নিরাপত্তা আইন মিডিয়াবান্ধব করতে চাই: আইনমন্ত্রী

মন্ত্রিসভার অনুমোদনের পর জাতীয় সংসদে পাস হওয়ার অপেক্ষায় থাকা ডিজিটাল নিরাপত্তা আইনকে গণবান্ধবের পাশাপাশি মিডিয়াবান্ধব করার চেষ্টা চলছে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2018, 08:59 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

খসড়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বুধবার সচিবালয়ে কয়েকজন গণমাধ্যম মালিক ও সাংবাদিক নেতার সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, “আলোচনায় দুটি জিনিস বেরিয়ে এসেছে। এই আইনটির প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা সকলেই ঐক্যমত প্রকাশ করেছি। দুই, এই আইনটা গণবান্ধব ও মিডিয়াবান্ধক হোক এটাই আমরা চাই।

“একটা ভালো আইন হওয়ার যে পথ, এই আলোচনায় সেই পথ পরিষ্কার হয়েছে। যতক্ষণ পর্যন্ত না সকলের কাছে গ্রহণযোগ্য একটা আইন না হবে, ততক্ষণ এই এক্সারসাইজ চলতে থাকবে।”

সমালোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা তথ্যপ্রযুক্তি আইন থেকে সরিয়ে সেগুলো আরও বিশদ আকারে যুক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ আইন পাস হলে হ্যাকিং; ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতার বিরুদ্ধে অপপ্রচার; রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন করতে বা ভয়ভীতি সৃষ্টির জন্য কম্পিউটার বা ইন্টারনেট নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ডিজিটাল উপায়ে গুপ্তচরবৃত্তির মত অপরাধে ১৪ বছরের কারাদাণ্ডের পাশাপাশি কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।

আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষার জন্য বর্তমানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। এই আইনের কয়েকটি ধারা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন গণমাধ্যমকর্মীরা।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “খসড়ার সংশোধনগুলো নিয়ে তারা আলাপ-আলোচনা করেছেন। তারপরও কিছু কিছু ব্যাখ্যা তারা আমার কাছে চেয়েছিলেন যে এটা রকম কেন? ওটা রকম কেন? আর নতুন কিছু সাজেশন দিয়েছেন, সাজেশনগুলো এমন নয় যে কয় দফা, এটা সামগ্রিক বিষয়।”

“…সরকার কিছুতেই বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানের বাক স্বাধীনতা ও সাংবাদিকতার স্বাধীনতা খর্ব করে কোনো আইন করবে না।”

খসড়া ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে কিছু ‘সুরক্ষার’ কথা বলা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, “সেখানে ভুল বুঝাবুঝি হতে পারে, তাই আমরা আরেকটু ভালভাবে দেখছি। তাদের সুপারিশগুলো নিয়েছি, এগুলো স্থায়ী কমিটিতে পৌঁছে দেব।”

একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেন, “খসড়া আইনের বিভিন্ন ধারার ব্যাখ্যায় অস্পষ্টতা ছিল, আইনমন্ত্রী সেগুলো স্পষ্ট করেছেন। সাংবিধান বা অন্য আইনের সঙ্গে কোনো কিছু সাংঘর্ষিক কি না- সেগুলো বলেছেন।

“আমরা বলেছি দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে একটা নিরাপত্তা আইন চাই। আইনের ব্যাখ্যামূলক ও স্পিরিট নিয়ে আলোচনা হয়েছে।”

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, “সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে আমরা এখনও পৌঁছাইনি। আমরা ক্রমান্বয়ে আলোচনার মধ্যে আছি। ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া সংসদীয় স্থায়ী কমিটির কাছে রয়েছে, তারা উদ্যোগী হয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছে।

“খসড়া আইনটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা আইনমন্ত্রীকে অনেকগুলো প্রস্তাব দিয়েছি। তিনি প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবেন, কীভাবে এগুলো গ্রহণ করা যায় তা দেখবেন বলে জানিয়েছেন। সিদ্ধান্ত পার্লামেন্ট নেবে, আমরা পার্লামেন্টের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহযোগিতা করছি।”

মাহফুজ আনাম বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে বলেছি, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা যেন কোনোভাবেই খর্ব না হয়, মত প্রকাশের স্বাধীনতা যাতে রক্ষা করা যায়। এটা মাননীয় মন্ত্রীও বলেছেন, সরকারের উদ্দেশ্যও এটা। উনারাও চান না সাংবাদিকদের স্বাধীনতা খর্ব হোক। তবে আইনের ধারার মধ্যে মিস ইন্টারপ্রিটেশন থাকতে পারে, যেগুলোর উপরে আমরা আমাদের মতামত দিয়েছি, কনসার্ন এক্সপ্রেস করেছি।”

এই আইনের মাধ্যমে সাংবাদিকতা কোনো ভাবেই ক্ষুণ্ন হবে না মত দিয়ে একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বাবু বলেন, “অপসাংবাদিকতা, ডিজিটাল মিডিয়ায় যে নৈরাজ্য চলছে, গুজবের ফেইক নিউজের সংস্কৃতি চলছে সেটার মোকাবেলা করা প্রয়োজন।”

আরও খবর

ডিজিটাল নিরাপত্তা আইন: ৬ ধারার সংশোধন চায় সম্পাদক পরিষদ  

ডিজিটাল নিরাপত্তা আইন: তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে পত্রিকার সম্পাদকরা  

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ বিবেচনা করা হবে: সংসদীয় কমিটি  

ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিলের দাবি টিআইবির  

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ দূর করার প্রতিশ্রুতি