২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুচলেকা দিয়ে ভবন ভাঙতে ১ বছর দশ দিন সময় পেল বিজিএমইএ

আর সময় চাওয়া হবে না- এই মর্মে মুচলেকা দিয়ে ঢাকার হাতিরঝিলে অবৈধভাবে গড়ে তোলা ভবন থেকে কার্যালয় সরিয়ে নিতে আরও এক বছর সময় পেয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 09:38 AM

Updated : 11 Oct 2022, 12:15 PM

পুরনো খবর:

বিজিএমইএ-এর মুচলেকায় অস্পষ্টতা, আদেশ ২ এপ্রিল

সর্বোচ্চ আদালত বলেছে, দুই দশক আগে নির্মিত ১৬ তলা ওই ভবন ভেঙে ফেলার জন্য বিজিএমইএ ২০১৯ সালের ১২ এপ্রিল পর্যন্ত সময় পাচ্ছে।

আদালতের নির্দেশে বিজিএমইএ সংশোধিত মুচলেকা জমা দেওয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

প্রধান বিচারপতি বলেন, “এবার যেন বাস্তবায়ন হয়, ১২ মাস ১০ দিন সময় পাচ্ছেন এটা মনে রাখবেন।”

প্রায় আট বছর আইনি লড়াইয়ের পর আপিল বিভাগের চূড়ান্ত রায়ে গত বছরই বিজিএমইএ ভবনের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের প্রভাবশালী এ সংগঠন নিজেদের কার্যালয় সরিয়ে ওই ভবন ভাঙার জন্য তিন দফায় মোট ২৫ মাস সময় পেল।

আদালতে বিজিএমইএ-এর পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী; তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং এ মামলায় হাই কোর্টের অ্যামিকাস কিউরি মনজিল মোরসেদও উপস্থিত ছিলেন আদালতে।

আদেশের পর বিজিএমইএর আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০১৩ সালে বিজিএমইএ কে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল ভবন ভাঙার জন্য। ওই আদেশ বাস্তবায়ন করার জন্য তারা এক বছর সময় চেয়েছিলেন। আবেদনটি গ্রহণ করার জন্য আদালত অঙ্গীকারনামা দিতে বলেছিল।

“আজকে আমরা সংশোধন করে অঙ্গীকারনামা দিয়েছি। আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এক বছর সময় দিয়েছেন।”

তিনি বলেন, অঙ্গীকারনামায় বলা হয়েছে, বিজিএমইএ এরপর আর সময় চাইব না। দ্বিতীয়ত, আদালত আগে যে আদেশ দিয়েছে, বিজিএমইএ তা অবশ্যই মানব।

এই অঙ্গীকারনামা আগে বিজিএমইএ-এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেওয়ায় আদালত প্রশ্ন তুলেছিল। এবার মুচলেকায় বলা হয়েছে, সংশোধিত অঙ্গীকারনামা বিজিএমইএ-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে।

মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, অঙ্গীকারনামায় বিজিএমইএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, ভবন ভাঙতে আদালতের আদেশ বাস্তবায়নে কোনো ব্যত্যয় হলে বিজিএমইএ এর জন্য দায়ী থাকবে।

রায়ের আগে অনেকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে জানিয়ে পরিবেশ সংরক্ষণ বিষয়ক মমালায় অভিজ্ঞ এই আইনজীবী বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, ভবন ভাঙতে বিজিএমইএকে যেন আর সময় দেওয়া না হয়, কারণ এর আগেও তারা দুইবার সময় নিয়েছে।

“আমি মনে করি, এই সময় চাওয়ার মধ্য দিয়ে বিজিএমইএ দেশে এবং আন্তর্জাতিকভাবে নিজেদের ভাবমূর্তির সঙ্কট তৈরি করেছে। ২০১৬ সালের পর এ নিয়ে তৃতীয়বারের মত তারা সময় চেয়েছে, তাও আবার আন্ডারটেকিংয়ের মাধ্যমে। … বিজিএমইএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, এটা তারা নিজেরাই ভাঙবে।”

এক প্রশ্নে মনজিল মোরসেদ বলেন, “এটা আমাদের সবার মনেই খটকা লাগে। শুধু র‌্যাংগস ভবন না, আদালতের রায় হওয়ার সঙ্গে সঙ্গে ল’ইয়ার সার্টিফিকেট নিয়ে অনেক ভবনই ভাঙা হয়েছে। আপনারা জানেন অনেক রাজনৈতিক ব্যক্তি, অনেক ব্যবসায়ীর বাড়িঘর… এখন এটা ব্যবসায়ীদের সংগঠন। আমরা এটা বলতে পারি যে রাষ্ট্র পরিচালনায় নিশ্চই তাদের একটা বড় প্রভাব আছে।

“কারণ আমরা দেখেছি, আগে যখন রায় হয় তখন দেখা গেছে বিজিএমইএ সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। আমরা তো আর এটা বলতে পারব না কেন সময় দেওয়া হয়েছে, এটা আদালতের এখতিয়ার। এই সময় আমাদের মেনেই নিতে হবে।”

আট বছরের আইনি লড়াই

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৯৯৮ সালে বিজিএমইএ তাদের প্রধান কার্যালয় ভবন নির্মাণের জন্য সোনারগাঁও হোটেলের পাশে বেগুনবাড়ী খালপাড়ের এ জায়গাটি নির্ধারণ করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছ থেকে ৫ কোটি ১৭ লাখ টাকায় জমিটি কেনে।

তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছর বিজিএমইএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২৮ নভেম্বর শুরু হয় ভবন তৈরির কাজ। ২০০৬ সালের অক্টোবরে বিজিএমইএর ভবন উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের অভিযোগ ছিল, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে এবং উন্মুক্ত স্থান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ ভঙ্গ করে বেগুনবাড়ি খালের একাংশ ভরাট করার মাধ‌্যমে ওই ভবন তোলা হয়েছে। ভবনটি নির্মাণের সময় অনুমোদিত নকশাও অনুসরণ করা হয়নি বলে জানিয়েছিল রাজউক।

এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনা হলে ২০১০ সালের ৩ অক্টোবর হাই কোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেয়। চূড়ান্ত শুনানি শেষে ২০১১ সালের ৩ এপ্রিল বিজিএমইএ ভবন অবৈধ ঘোষণা করে রায় দেয় হাই কোর্ট।

রায়ে বলা হয়, রেলওয়ে কর্তৃপক্ষের অধিগ্রহণ করা ওই জমি ১৯৯৮ সালে রপ্তানি উন্নয়ন ব্যুরো যেভাবে বিজিএমইএকে দিয়েছে, তা ছিল বেআইনি। বিজিএমইএ যাদের কাছে ওই ভবনের ফ্ল্যাট বা অংশ বিক্রি করেছে, দাবি পাওয়ার এক বছরের মধ্যে তাদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয় তৈরি পোশাক ব‌্যবসায়ীদের এ সংগঠনকে।

২০১৩ সালের ১৯ মার্চ প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে হাই কোর্ট বলে, “একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে বিজিএমইএর আইনের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া বাঞ্ছনীয় ছিল। তারা তা না করে আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে।”

ওই বছর মে মাসে বিজিএমইএ কর্তৃপক্ষ হাই কোর্টে লিভ টু আপিল করে। ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ তা খারিজ করে দিলে হাই কোর্টের রায়ই বহাল থাকে।

আইন ও পরিপ্রেক্ষিত বিবেচনায় হাই কোর্ট বিভাগ যৌক্তিক রায় দিয়েছে জানিয়ে আপিল বিভাগ বলে, “আমাদের বলতে দ্বিধা নেই, সংশ্লিষ্ট সব আইন লঙ্ঘন করে অবৈধভাবে গড়ে তোলা বিজিএমইএ ভবন দাঁড়িয়ে থাকে পারে না। বরং অবিলম্বে ওই ভবন ভেঙে ফেলা উচিৎ।”

ওই রায়ে আপিল বিভাগ কিছু নির্দেশনা দেয়। বিজিএমএ-এর নিজেদের খরচে অবিলম্বে ভবনটি ভেঙে ফেলতে বলা হয়। বিজিএমইএ তা না করলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ‌্যে ওই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। সেক্ষেত্রেও ভবন ভাঙার টাকা বিজিএমইএর কাছ থেকে আদায় করার নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।

পরে বিজিএমইএ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। রায়ের পর কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইএ তিন বছর সময় চাইলেও আপিল বিভাগ তাদের ছয় মাসের মধ্যে সে কাজ শেষ করতে বলে।

সেই ছয় মাস সময় শেষ হওয়ার আগে আগে আরও এক বছর সময় চেয়ে গতবছর ২৩ অগাস্ট আবেদন করে বিজিএমইএ। আপিল বিভাগ তখন ভবনটি ভাঙতে ২০১৮ সালের ১২ এপ্রিল পর্যন্ত সময় দিয়ে বলে, এটাই শেষ সুযোগ, আর সময় দেওয়া হবে না।

কিন্তু গত ৫ মার্চ বিজিএমইএ ভবনটি ভাঙতে আবারও এক বছর সময় চেয়ে আবেদন করে। এ বিষয়ে শুনানি শেষে আদালত সোমবার মুচলেকা রেখে এক বছরের সময় দিল।