বিজিএমইএ-এর মুচলেকায় অস্পষ্টতা, আদেশ ২ এপ্রিল
অবৈধভাবে গড়ে তোলা ভবন ভাঙার বিষয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর দেওয়া মুচলেকায় অস্পষ্টতা থাকায় তা পরিমার্জন করে আগামী সোমবার আবার দাখিল করতে বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ভবনটি ভেঙে ফেলতে বিজিএমইএকে আর কত সময় দেওয়া হবে, আগামী ২ এপ্রিল ওই মুচলেকা পাওয়ার পর আপিল বিভাগ সে সিদ্ধান্ত দেবে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ বুধবার আদেশের জন্য নতুন এই দিন ঠিক করে দেয়।
আদালতে বিজিএমইএ-এর পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী; তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।
এ মামলায় হাই কোর্টের অ্যামিকাস কিউরি মনজিল মোরসেদও উপস্থিত ছিলেন আদালতে।
মঙ্গলবার আদালত বলেছিল, ভবন ভাঙার জন্য বিজিএমইএর করা এক বছরের সময়ের আবেদন আপিল বিভাগ বিবেচনা করবে, কিন্তু তার আগে তাদের এই মর্মে মুচলেকা দিতে হবে যে, তারা ভবিষ্যতে আর সময় চাইবে না।
সে অনুযায়ী বিজিএমইএ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে একটি মুচলেকা বুধবার আদালতে দাখিল করা হয়।
মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, “মুচলেকায় বলা হয়েছিল বোর্ড অব ডিরেক্টরস আর সময় চাইবে না। তারা যদি চায়, তাহলে তারা দায়ী হবে। তখন কোর্ট প্রশ্ন তুলেছে, বিজিএমইএ-এর বোর্ড অব ডিরেক্টরস তো ৬ মাস বা ১ বছর পর নাও থাকতে পারে।
“আরেকটা বিষয় হল, মুচলেকায় বলা হয়েছে নির্ধারিত সময়ের পর তারা ভবন ছেড়ে দেবে। কিন্তু আদালতের নির্দেশনা ছিল ৯০ দিনের মধ্যে ভবনটি ভাঙতে হবে। সে বিষয়েও ব্যাখ্যা নেই। আদালত এসব নিয়ে প্রশ্ন তুললে বিজিএমইএ- এর পক্ষ থেকে নতুন করে মুচলেকা দেওয়ার কথা বলেন তাদের আইনজীবী।”
মনজিল মোরসেদ বলেন, ওই মুচলেকায় বলা থাকবে বিজিএমইএ আর সময় চাইবে না। সময় শেষ হওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী বিজিএমইএ নিজেরাই ভবন ভাঙবে। আদেশ না মানলে বিজিএমইএ দায়ী থাকবে।
১৯৯৮ থেকে ২০০৬ সালের মধ্যে বেআইনিভাবে ওই ১৬ তলা দালান তোলে বিজিএমইএ। জলাধার আইন ভেঙে নির্মিত ওই ভবনকে সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিল প্রকল্পে ‘একটি ক্যান্সার’ বলেছিল হাই কোর্ট।
ওই ভবন অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় আপিলেও বহাল থাকে। পরে বিজিএমইএ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।
রায়ের পর কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইএ তিন বছর সময় চাইলেও আপিল বিভাগ তাদের ছয় মাসের মধ্যে সে কাজ শেষ করতে বলে। সেই ছয় মাস সময় শেষ হওয়ার আগে আগে আরও এক বছর সময় চেয়ে গতবছর ২৩ অগাস্ট আবেদন করে বিজিএমইএ।
আপিল বিভাগ তখন ভবনটি ভাঙতে আরও সাত মাস সময় দেয়, যা আগামী ১২ এপ্রিল শেষ হবে। ওই আদেশে আদালত বলে, এটাই শেষ সুযোগ, আর সময় দেওয়া হবে না।
কিন্তু গত ৫ মার্চ বিজিএমইএ ভবনটি ভাঙতে আবারও এক বছর সময় চেয়ে আবেদন করে, যার ওপর রোববার শুনানি শেষে মঙ্গলবারেআদালত জানায়, সময় পেতে হলে বিজিএমইএকে মুচলেকা দিতে হবে।
আরও পড়ুন
