আর সময় চাইবে না- মুচলেকা দিতে হবে বিজিএমইএকে
ভবন ভাঙার জন্য বিজিএমইএর করা এক বছরের সময়ের আবেদন আপিল বিভাগ বিবেচনা করবে, কিন্তু তার আগে পোশাক শিল্প মালিকদের এই সংগঠনকে এই মর্মে মুচলেকা দিতে হবে যে, তারা ভবিষ্যতে আর সময় চাইবে না।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়েছে।
বিজিএমইএ মুচলেকা দিতে রাজি হওয়ায় আদালত এদিন আদেশ দেয়নি। বিচারক বলেছেন, বিজিএমইএ মুচলেকা জমা দিলে তারপর তাদের সময়ের আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হবে।
আদালতে বিজিএমইএ-এর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ইমতিয়াজ মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
১৯৯৮ থেকে ২০০৬ সালের মধ্যে বেআইনিভাবে ওই ১৬ তলা দালান তোলে বিজিএমইএ। জলাধার আইন ভেঙে নির্মিত ওই ভবনকে সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিল প্রকল্পে ‘একটি ক্যান্সার’ বলেছিল হাই কোর্ট।
ওই ভবন অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় আপিলেও বহাল থাকে। পরে বিজিএমইএ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।
রায়ের পর কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইএ তিন বছর সময় চাইলেও আপিল বিভাগ তাদের ছয় মাসের মধ্যে সে কাজ শেষ করতে বলে। সেই ছয় মাস সময় শেষ হওয়ার আগে আগে আরও এক বছর সময় চেয়ে গতবছর ২৩ অগাস্ট আবেদন করে বিজিএমইএ।
আপিল বিভাগ তখন ভবনটি ভাঙতে আরও সাত মাস সময় দেয়, যা আগামী ১২ এপ্রিল শেষ হবে। ওই আদেশে আদালত বলে, এটাই শেষ সুযোগ, আর সময় দেওয়া হবে না।
কিন্তু গত ৫ মার্চ বিজিএমইএ ভবনটি ভাঙতে আবারও এক বছর সময় চেয়ে আবেদন করে, যার ওপর রোববার শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য রাখা হয়।
সেদিন শুনানিতে বিজিএমইএ-এর আইনজীবী কামরুল হক সিদ্দিকী আদালতকে বলেন, “মাই লর্ড, মৃত্যুদণ্ডের আসামিও শেষ আবেদন করতে পারে। আমরাও এই সুযোগটি চাচ্ছি।”
প্রধান বিচারপতি বলেন, “আদালতের আদেশ পালন করা কি দরকার ছিল না? সময় কতবার নিয়েছেন, এরপর আবার বলবেন আবার আসবেন। বার বার আসতেই থাকবেন।”
এ সময় কামরুল হক সিদ্দিকী বলেন, তারা এ পর্যন্ত তিনবার সময়ের আবেদন করেছেন।
বিচারপতি ইমান আলী তখন জানতে চান, ভবন ভাঙতে এ পর্যন্ত কী কী পদক্ষেপ বিজিএমইএ নিয়েছে।
জবাবে কামরুল বলেন, তারা কার্যালয় সরানোর জন্য জায়গা খুঁজছেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তখন বলেন, “যে স্টেপ নিয়েছেন তাতে তো পাঁচ বছর লেগে যাবে।”
কামরুল হক সিদ্দিকী বলেন, “ক্লায়েন্টের জন্যই তো আমাকে সময়ের আবেদন করতে হয়। এটা তো আমার প্রফেশনাল ডিউটি।”
প্রধান বিচারপতি এ সময় বিজিএমইএর আইনজীবীকে বলেন, “প্রফেশনাল ডিউটি সেকেন্ডারি। প্রথম হচ্ছে আদালতের ডিউটি। আপনি খুব বুদ্ধিমান। কারণ এক সাথে কোথাও এত বড় স্পেস পাবেন না। আর তখন কোর্টে আসবেন সময়ের জন্য।”
এ পর্যায়ে বিচারপতি মির্জা হোসেন হায়দার জানতে চান, বিজিএমইএ ভবন কত বর্গফুটের। জবাবে আইনজীবী বলেন, ৬০ হাজার বর্গফুট।
প্রধান বিচারপতি তখন বলেন, “৬০ হাজার স্কয়ার ফিটের ভবন পাবেন কোথাও? আর কোর্ট কি অর্ডার বাস্তবায়নের কথা বলে দেবে?”
তখন বিচারপতি ইমান আলী বিজিএমইএর আইনজীবীর কাছে জানতে চান, শেষ এক বছরে তারা কী পদক্ষেপ নিয়েছেন।
জবাবে কামরুল হক সিদ্দিকী বলেন, ১১০ কাঠা জমি তারা কিনেছেন।
প্রধান বিচারপতি বলেন, “এভাবে তো পাঁচ বছর লাগবে। কারণ এখন বলছেন, পাইলিং হচ্ছে। কয়দিন পর বলবেন বেইজমেন্ট হচ্ছে।
কামরুল তখন বলেন, “না মাইলর্ড, বেশি সময় লাগবে না।”
প্রধান বিচারপতি তখন বলেন, “তাহলে আপনাদের আন্ডারটেকিং দিতে হবে যে, আর সময় চাইবেন না। তাহলে আমরা বিবেচনা করতে পারি।”
কামরুল হক তাতে সম্মতি জানালে আদালত আদেশ অপেক্ষমাণ রাখে।
আরও পড়ুন
