ভবন ভাঙতে বিজিএমইএ সময় পাবে কি না জানা যাবে মঙ্গলবার
ঢাকার হাতিরঝিল প্রকল্প এলাকায় বেআইনিভাবে নির্মিত ১৬ তলা বিজিএমইএ ভবন ভেঙে ফেলতে পোশাক রপ্তানিকারকদের এই সংগঠন আরও সময় পাবে কি না, মঙ্গলবার সে সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ভবন ভাঙতে আরও এক বছর সময় চেয়ে বিজিএমইএর করা আবেদনের ওপর রোববার শুনানি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ বিষয়টি মঙ্গলবার আদেশের জন্য রেখেছে।
আদালতে বিজিএমইএ-এর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ইমতিয়াজ মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
জলাধার আইন ভেঙে নির্মিত বিজিএমইএ ভবনকে সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিল প্রকল্পে ‘একটি ক্যান্সার’ বলেছিল হাই কোর্ট। ওই ভবন অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় আপিলেও বহাল থাকে। পরে বিজিএমইএ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।
রায়ের পর কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইএ তিন বছর সময় চাইলেও আপিল বিভাগ তাদের ছয় মাসের মধ্যে সে কাজ শেষ করতে বলে। সেই ছয় মাস সময় শেষ হওয়ার আগে আগে আরও এক বছর সময় চেয়ে গতবছর ২৩ অগাস্ট আবেদন করে বিজিএমইএ।
আপিল বিভাগ তখন ভবনটি ভাঙতে আরও সাত মাস সময় দেয়, যা আগামী ১২ এপ্রিল শেষ হবে। ওই আদেশে আদালত বলে, এটাই শেষ সুযোগ, আর সময় দেওয়া হবে না।
কিন্তু গত ৫ মার্চ বিজিএমইএ ভবনটি ভাঙতে আবারও এক বছর সময় চেয়ে আবেদন করে, যার ওপর রোববার শুনানি হল।
‘মৃত্যুদণ্ডের আসামিও শেষ আবেদন করতে পারে’
রোববার এ বিষয়ে শুনানির শুরুতে কামরুল হক সিদ্দিকী বলতে শুরু করেন, ভবন ভাঙার আদেশ বাস্তবায়নের জন্য তারা কী কী পদক্ষেপ নিয়েছেন।
বিচারক তখন তাকে থামিয়ে দিয়ে বলেন, “কবে প্লট নেবেন, কবে বিল্ডিং করবেন, আমরা টাইম দিব কেন? র্যাংগস ভবন ভাঙা হয়েছে। আপনাদের বিল্ডিংটা অবৈধভাবে করা হয়েছে।”
কামরুল তখন বলেন, “আমরা চেষ্টা করছি।”
বিচারক এ সময় বলেন, “কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। এটা অবৈধভাবে করা হয়েছে।”
বিজিএমইএ-এর আইনজীবী বলেন, “কতটুকু করেছি সেটাই বলছি। ১১ কোটি টাকা দিয়ে জমি কেনা হয়েছে। ১৬টি বিভাগ থেকে অনাপত্তি নেওয়া হয়েছে। মিউটেশনও করেছি।
তখন বিচারক বলেন,“এটা তো আমাদের হেডেক না। এটা কি আমাদের দেখার বিষয়?
কামরুল বলেন, ঢাকার ‘প্রতিটি স্থানে’ জায়গার খোঁজ করেও তারা পাননি। এ কারণেই বিলম্ব।
শেষ আদেশ কবে হয়েছিল, তখনও বিজিএমইএ এক বছর সময় চেয়েছিল- এ বিষয়গুলো মনে করিয়ে দিয়ে বিচারক বলেন, এভাবে চলতে থাকলে পাঁচ বছর লাগবে।
কামরুল তখন বলে, “এক মাসের মধ্যে ভবনের বিষয়ে ফাইলিংয়ে যেতে পারব।”
বিচারক তখন জানতে চান, হাই কোর্ট, আপিল আর রিভিউ কবে হয়েছে। উত্তরে কামরুল হক সিদ্দিকী তখন আদেশর তারিখগুলো বলেন।
বিচারক তখন বলেন, “এ বছরও পার করে দিচ্ছেন, তাহলে আদেশ দেওয়ার মানে কি?
আইনজীবী কামরুল উত্তরে বলেন, “এটা ন্যাশনাল ইকোনমির লাইফ লাইন।”
এ পর্যায়ে বিচারক বলেন, “এ কথা বলবেন না। বিল্ডিং ভেঙে ফেলতে হবে। আপনারা না পারলে রাজউককে করতে হবে।”
কামরুল তখন আদালতকে বলেন, “মাই লর্ড, মৃত্যুদণ্ডের আসামিও শেষ আবেদন করতে পারে। আমরাও এই সুযোগটি চাচ্ছি।”
