২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওকে মেরো না, আমার ছাত্র কিনা খোঁজ নাও: জাফর ইকবাল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল নিজের ক্যাম্পাসে হামলার শিকার হওয়ার পর হামলাকারীদের মারতে নিষেধ করেন তার ছাত্রদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যাল্যয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 09:20 AM

Updated : 11 Oct 2022, 12:09 PM

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে পুলিশের উপস্থিতিতে প্রকাশ্য ছুরি নিয়ে জনপ্রিয় এই লেখকের ওপর হামলা হয়। তার মাথায় চার জায়গায় এবং বাঁ হাত ও পিঠে ছুরির আঘাত লাগে।

হামলার পরপরই এক তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা। তাকে বেদম পেটানোর পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আটকে রাখা হয়। পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করার পর তাকে সেখান থেকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়।

অধ্যাপক জাফর ইকবালকে হামলার পরপরই নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ছাত্ররা তাকে হামলাকারীর ধরা পড়ার কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ছাত্র তরিকুল ইসলাম বলেন, “আমরা বলেছিলাম, স্যার টেনশন করবেন না। হামলাকারী আটক হয়েছে। ওকে শিক্ষার্থীরা পিটুনি দিয়েছে। এ কথা শোনার পর স্যার বললেন, ‘তোমরা ওকে মেরো না। ওকে সেইভ করো। খোঁজ নাও ও আমরা ছাত্র কি-না’।”

Image
সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল

সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল

ওসমানী মেডিকেল অস্ত্রোপচারের পর রাতেই জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সে সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ।

রাতে ফেইসবুকে এক বার্তায় ইয়াসমিন হক বলেন, জাফর ইকবাল তার শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেছেন, তিনি ভালো আছেন।

“আমি আমাদের সব ছাত্রদের বলছি, জাফর ইকবাল আমাকে নিজে বলেছে, তাকে আনা হয়েছে সিএমএইচে, সে একদম ভালো আছে, সুস্থ আছে। সে বলেছে সব ছাত্রছাত্রীকে জানাতে, তোমরা প্লিজ উত্তেজিত হয়ো না। আর চিন্তার কোনো বিষয় নেই। ওকে জাস্ট এখানে রাখা হয়েছে অবজারভেশনে। তোমরা সব দোয়া কর। আর ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি ক্যাম্পাসে ফিরে আসব।”

এ সময় ইয়াসমিন হকের পাশে দাঁড়ানো উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ বলেন, “উনি এখন অনেক ভালো আছেন,আমরা সবাই দোয়া করব উনার জন্য, যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। কেউ যেন এটা নিয়ে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সবাইকে উনি অনুরোধ জানিয়েছেন। আমরা সবাই আশা করি, উনাকে যারা ভালোবাসি, উনার কথাটা শুনব। উনার কথাটা শুনে উনার জন্য দোয়া করব।”

 

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবালের চলতি বছর অবসরে যাওয়ার কথা। জনপ্রিয় এই লেখক বরাবরই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ।

বিভিন্ন সময়ে হুমকি পাওয়ায় ২০১৬ সালের অক্টোবরে তার পাহারায় পুলিশ মোতায়েন করে সরকার। সেই পুলিশি পাহারার মধ্যেই শনিবার তিনি আক্রান্ত হন।

ক্যাম্পাসের মুক্তমঞ্চে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভালে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জাফর ইকবাল; সেখানেই তার ওপর হামলা হয়।

অনুষ্ঠান চলাকালে অধ্যাপক জাফর ইকবাল যখন মঞ্চে ছিলেন; তখন হালকা দাড়িমুখে শার্ট আর জিন্স পরিহিত ওই তরুণকে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

হামলাকারী তরুণের ছবি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার তার পরিচয় শনাক্ত করেন প্রতিবেশীরা। তারা জানান, ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামের এই তরুণ নিজেকে মাদ্রাসাছাত্র বলে পরিচয় দিতেন। পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়ায় থাকেন তিনি।

Image
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার পর আটক এই তরুণ মাদ্রাসাছাত্র বলে তার প্রতিবেশীরা জানিয়েছেন

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার পর আটক এই তরুণ মাদ্রাসাছাত্র বলে তার প্রতিবেশীরা জানিয়েছেন

তবে র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ রাতে সাংবাদিকদের বলেন, “জিজ্ঞাসাবাদে ওই তরুণ বলেছে, জাফর ইকবাল ইসলামের শত্রু। তাই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছি।”

সে নিজের পরিচয় নিয়ে ‘বিভ্রান্তিকর’ দিচ্ছে জানিয়ে তিনি বলেন, “সে বলেছে, সে সিলেট আলিয়া মাদ্রাসার ছাত্র। তবে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার সত্যতা পাইনি।”

ফয়জুলদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল কালিদারকাপন এলাকায়। তার বাবা মাওলানা আতিকুর রহমান সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী টুকেরবাজারে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ ফয়জুলের মামা ফজলুর রহমানকে এবং রোববার সকালে র‌্যাব দিরাইয়ে ফয়জুলদের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তার চাচা আব্দুল কাহেরকে আটক করেছে।

আরও পড়ুন

আক্রান্ত জাফর ইকবাল

জাফর ইকবালের ওপর হামলাকারী ‘মাদ্রাসাছাত্র’

জাফর ইকবালের মাথায় চার আঘাত, হাত-পিঠে ছুরির জখম

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

জাফর ইকবালের ওপর হামলায় দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা ও চাচা আটক

পুলিশের পাহারার মধ্যেই জাফর ইকবালের উপর হামলা

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ