২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন থেকে আনা হচ্ছে ‘নকল ওষুধ’

বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ তিনজনকে গ্রেপ্তারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বলছেন, চীনে গিয়ে ইচ্ছেমতো নকল ওষুধের অর্ডার দিয়ে অসাধু শুল্ক কর্মকর্তাদের যোগসাজশে তা দেশে এনে বাজারে ছাড়া হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 11:46 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

পুরনো খবর:

পুরান ঢাকায় ‘নকল ওষুধ চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার

ক্যান্সার নিরাময়ের ওষুধ বলেও এই নকল ওষুধ বিক্রি করা হচ্ছে বলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানিয়েছেন।

সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সদস্যরা সোম ও মঙ্গলবার মধ্যরাতে নকল ওষুধ বিক্রির অভিযোগে তারেক আবদুল্লাহ ও জাহাঙ্গীর নামে দুইজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ বিপুল পরিমাণ নকল ওষুধসহ আড়াই লাখ টাকা ও আটটি পাসপোর্ট জব্দ করা হয়।

পুলিশ সুপার মোল্যা নজরুল জানান, গত ২৮ ডিসেম্বর বিপুল পরিমাণ নকল ওষুধসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বেশ গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

“তারা বলেছে, চীনে গিয়ে নিজের ইচ্ছামাফিক নকল ওষুধ বানানোর অর্ডার দেয় এবং এক শ্রেণির অসাধু শুল্ক কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশে এনে বাজারজাত করে।”

রিমান্ডে রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরীর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এই জাহাঙ্গীর এলসির মাধ্যমে কন্টেইনারে ইলেকট্রনিক্স পণ্যের ভেতরে নকল ওষুধ আনে।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকা থেকে তারেক আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা, আটটি বাংলাদেশি পাসপোর্ট এবং ১০ ধরনের ওষুধ উদ্ধার করা হয়।

“এসব ওষুধ নকল এবং জীবনের জন্য ক্ষতিকর,” বলেন সিআইডি কর্মকর্তা নজরুল।

দেশের বাইরে থেকে নকল ওষুধ আমদানির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে জানান তিনি।