২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ‘নকল ওষুধ চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার

পুরান ঢাকার তাঁতীবাজারে অভিযান চালিয়ে ‘নকল ওষুধের’ ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2017, 01:34 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

পুলিশের হাতে ধরা পড়া রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী (৪৬), নিখিল রাজবংশী (৪৪) ও মোহাম্মদ সাঈদ (৪৫) চীন থেকে অবৈধ উপায়ে নকল ওষুধ আমদানি করতেন বলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানিয়েছেন।

বৃহস্পতিবারের অভিযান নিয়ে শুক্রবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেড় মাস আগে বাংলাদেশে নকল ওষুধ ছড়াচ্ছে অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে সিআইডি।

“এই চক্রটি দীর্ঘদিন ধরে নকল ওষুধের ব্যবসা করছিল। তারা পুলিশের কাছে স্বীকার করেছে, কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজসে ভিন্ন ডিক্লারেশনে তারা এই ওষুধগুলো আনত। চীনের কোনো কোম্পানির কাছে তারা ওষুধ তৈরির অর্ডার দিত।”

এবিষয়ে আরও পদক্ষেপ নিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান নজরুল।

এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।