দেড় মাস পর ফিরলেন নর্থ সাউথের শিক্ষক সিজার
নিখোঁজ হওয়ার দেড় মাস পর বাসায় ফিরেছেন ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার।
তার বাবা মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুবকে বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে একটি অটোরিকশায় করে বনশ্রীর বাসায় ফেরেন সিজার।
“উৎপলের মত সিজারকেও চোখ বেঁধে এয়ারপোর্ট রোডে রেখে গিয়েছিল। পরে একটা অটোরিকশায় করে ও বাসায় আসে। এখন ও ঘুমাচ্ছে।”
সাম্প্রতিক সময়ে নিখোঁজদের মধ্যে সাংবাদিক উৎপল দাস ফিরে আসেন গত মঙ্গলবার। আড়াই মাস নিখোঁজ থাকা উৎপলকে একটি মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিএনজি ফিলিং স্টেশনে রেখে যাওয়া হয়।
আড়াই মাস ‘অজ্ঞাতবাসে’ থাকার পর ব্যবসায়ী অনিরুদ্ধ রায়ও গত ১৮ নভেম্বর পরিবারের কাছে ফিরে আসেন।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবীর খান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দারকে বলেন, সিজারের ফিরে আসার বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে রাতেই পুলিশকে জানানো হয়েছে।
“তার বাবা মোতাহার হোসেন রাত ১টার দিকে ফোন করেছিলেন। তিনি বলেছেন, বিমান বন্দরের সামনে তাকে মাইক্রোবাসে করে নামিয়ে দেওয়া হয়। এরপর সে সিএনজি নিয়ে বাসায় চলে আসে। সিজার অসুস্থ, বেশি কথা বলছে না। এজন্য আমরা তাৎক্ষণিকভাবে তার বাসায় যাইনি। প্রয়োজনে পরে যাব।”
গত ৭ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বিকাল থেকে তার ফোন বন্ধ পাচ্ছিলেন পরিবারের সদস্যরা। রাতে তিনি না ফেরায় খিলগাঁও থানায় তারা একটি জিডি করেন।
তার চাচা বিআইডিএস এর গবেষক মঞ্জুর হোসেন সে সময় বলেছিলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সিজার ধর্ম ও রাজনীতি নিয়ে একটি গবেষণা প্রকল্পে যুক্ত ছিলেন। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি আর উগ্রবাদের বিস্তার নিয়ে নিয়ে লেখালেখি করেছেন। তাছাড়া পারিবারিকভাবেও কিছুটা সমস্যায় ছিলেন।
তার সন্ধান দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সতীর্থ ও শিক্ষকরা রাস্তায় নেমে মানববন্ধন করেন। সাম্প্রতিক সময়ে বহু মানুষ এভাবে নিখোঁজ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর দিকেও অভিযোগের আঙুল তোলেন অনেকে।
তবে অন্তর্ধানের আগের ঘটনাগুলোর মত সিজারের ক্ষেত্রেও পুলিশ ও র্যাব বলে এসেছে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তার আটক হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই।
সিজার এতদিন কোথায় ছিলেন, কারা তাকে চোখ বেঁধে নামিয়ে দিয়ে গেছে- এসব বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি তার পরিবারের কাছ থেকে।
সিজারের বোন তামান্না তাসনিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ওবায়দুর মাসুমকে বলেন, “আসলে ও তো মেন্টালি একটু ট্রমার মধ্যে আছে। এজন্য ওকে আমরা এখনও এসব বিষয়ে প্রশ্ন করিনি। রেস্ট নিচ্ছে, রেস্ট নিক।”
তিনি জানান, রাতে অটোরিকশায় করে বাসায় পৌঁছানোর সময় সিজারের কাছে কোনো টাকাপয়সা ছিল না। পরে বাসা থেকে ভাড়া দিয়ে দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে নিখোঁজদের মধ্যে সিজার, উৎপল, অনিরুদ্ধসহ ছয়জন পরিবারের কাছে ফিরে এসেছেন। তাদের মধ্যে ব্যবসায়ী অনিরুদ্ধ রায়ের নামে সংবাদমাধ্যমে পাঠানো এক চিঠিতে বলা হয়, তিনি ‘ব্যবসায়িক প্রতিহিংসার শিকার’। আর সাংবাদিক উৎপল বলেছেন, অপহরণকারীরা তার কাছে টাকা চেয়েছিল।
মানবাধিকারকর্মীদের অব্যাহত সমালোচনার মুখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সম্প্রতি বলেছিলেন, নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলছে, ধীরে ধীরে সবাইকে ফিরে পাওয়া যাবে।
