নর্থ সাউথের শিক্ষক সিজারের খোঁজে নেমেছে র্যাব-পুলিশ
মুবাশ্বার হাসান সিজারের খোঁজ ২৪ ঘণ্টায়ও মেলেনি; র্যাব ও পুলিশ বলেছে, তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্ধানে মাঠে নেমেছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সিজার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
বুধবার থানায় জিডি করার পর তার চাচা বিআইডিএসের গবেষক মঞ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিজার সমাজে জঙ্গিবাদের বিস্তার নিয়ে গবেষণা করছিলেন।
বিভিন্ন সময় নিখোঁজের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দিকে অভিযোগের তীর ওঠায় এক্ষেত্রে যোগাযোগ করা হলে র্যাব ও পুলিশ জানায়, তারা এই শিক্ষককে ধরেননি।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিজার তাদের হেফাজতে নেই। তাকে খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন তারা।
বনশ্রীর বাসিন্দা সিজারের পরিবার যে থানায় জিডি করেছেন, সেই খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর কেউ তাকে তুলে নিয়ে গেছে, এমন কোনো তথ্য আমার কাছে নেই।”
এদিকে সিজারের বোন তামান্না তাসমিন তার ফেইসবুক একাউন্টে তাদের বাবার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ভাইকে উদ্ধারে সবার সহায়তা চেয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় সিজার নিখোঁজ হয়। খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করার পর বুধবার সকাল ৯টায় র্যাব-৩ কার্যালয়ে গিয়ে উদ্ধারে সহযোগিতা চান তারা।
ছেলেকে ফিরে পেতে একইভাবে সরকারসহ সংশ্লিষ্ট সবার কাছে সাহায্য চেয়েছেন সিজারের বাবা মোতাহার হোসেন।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিজারের বাবা তাদের কার্যালয়ে এসে সহায়তা চাওয়ার পর তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।
“অল্প সময়ের মধ্যে আমরা মাঠে নামি এবং তার বনশ্রীর বাসায় গিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালাই। সেসময় সিজারের ল্যাপটপটি তার বাবা আমাদের হাতে তুলে দিয়ে সেখানে কোনো ক্লু আছে কি না, তা বের করতে বলেন। আমরা ল্যাপটপটি নিয়ে আসি। সেখানে কোনো তথ্য আছে কি না, তা দেখছি।”
খিলগাঁও থানার ওসি মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিজারকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি আমরা।”
কেউ তাকে তুলে নিয়ে গেছে, না কি তিনি আত্মগোপন করেছেন, এটা পরিষ্কার নয় বলে মন্তব্য করেন ওসি।
গত মাসে সাংবাদিক উৎপল সাহাও এভাবে নিখোঁজ হন। তার সন্ধান মেলেনি এখনও।
নিখোঁজের ঘটনাগুলো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার সাংবাদিকদের বলেন, সরকারকে বিব্রত করতে অনেকে ‘ইচ্ছা করে’ নিখোঁজ হচ্ছেন।
তবে সিজারের বিষয়ে তিনি বলেন, “একজন লোক মিসিং হয়ে যাবে, আর আমাদের আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী বসে থাকবে, এটা হতে পারে না। অবশ্যই আমরা দেখব কেন ও কীভাবে মিসিং হয়েছে।”
এদিকে সিজারের পরিবারের এক সদস্য জানান, সিজার নিখোঁজ হওয়ার পর কেউ মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন করেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সিজার একসময় সাংবাদিকতাও করেছেন। পরে তিনি যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন।
সিজার বেসরকারি যে বিশ্ববিদ্যালয়টিতে পড়াচ্ছেন, তার কয়েকজন ছাত্রের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার তথ্য গুলশান হামলার পর প্রকাশ্য হয়েছিল।
তার চাচা মঞ্জুর বলেন, “সমাজে জঙ্গিবাদের বিস্তার নিয়ে গবেষণা করছিল সে। পারিবারিকভাবেও কিছুটা সমস্যা রয়েছে। সব বিষয় মাথায় রেখেই পুলিশ, র্যাবসহ সংশ্লিষ্টদের জানিয়ে সাহায্য চাওয়া হয়েছে।”
তিনি জানান, সিজার মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। বিকাল ৪টার দিকে তার বাবার সঙ্গে শেষ কথা হয়, তখন তিনি রাত ৯টায় বাসায় ফিরবেন বলে জানিয়েছিলেন। এরপর থেকে তার ফোন বন্ধ।
