নর্থ সাউথের শিক্ষক ‘নিখোঁজ’, থানায় জিডি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।
ঢাকার খিলগাঁও থানায় করা ওই জিডিতে বলা হয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ।
মুবাশ্বারের চাচা বিআইডিএস এর গবেষক মঞ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাতিজা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সকালে বনশ্রীর বাসা থেকে বের হন। বিকাল ৪টায় তার সঙ্গে তার বাবার সর্বশেষ কথা হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক সমাজে জঙ্গিবাদের বিস্তার নিয়ে গবেষণা করছিলেন জানিয়ে তার চাচা বলেন, “পারিবারিকভাবেও কিছুটা সমস্যা রয়েছে। সব বিষয় মাথায় রেখেই পুলিশ, র্যাবসহ সংশ্লিষ্টদের জানিয়ে সাহায্য চাওয়া হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে দেখছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক মুবাশ্বার হাসান সিজার একসময় সাংবাদিকতাও করেছেন। পরে তিনি যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন।
