২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে চিরঘুমে আনিসুল হক

এক রাজার গল্প বলে নিজের টিভি অনুষ্ঠান অন্তরালের ইতি টেনেছিলেন আনিসুল হক, ভক্তদের চোখে সেই রাজার মতোই চির বিদায় নিলেন আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 01:11 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

পুরনো খবর:

আনিসুল হক না ফেরার দেশে
আনিসুল হক: টিভিমুখ থেকে মেয়রের চেয়ারে
উদ্যোগে, উক্তিতে আলোচিত আনিসুল হক
ছবিতে মেয়র আনিসুল হক

শনিবার বিকালে ঢাকার বনানী কবরস্থানে সমাহিত করার পর ভক্তরা বলেন, মেয়র হিসেবে আনিসুল হককে কখনও ভুলতে পারবেন না তারা।   

ক্ষমতাসীন দলটির সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকলেও আনিসুল হককে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন বিএনপি নেতারাও, নানা মতের ব্যবসায়ীরাও এক হয়েছিলেন সেখানে। 

যে দল থেকে আনিসুল হক মেয়র হয়েছিল, সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ওই দায়িত্ব পালনের জন্য দ্বিতীয় আনিসুল হক আর পাওয়া যাবে না।

দুপুরে লন্ডন থেকে মরদেহ আসার পর বনানীর বাড়িতে শ্রদ্ধা নিবেদন শেষে আর্মি স্টেডিয়ামে জানাজা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের। তারপর কফিন নেওয়া হয় বনানী কবরস্থানে।

হাজারো মানুষ অংশ নেন আনিসুল হকের জানাজায়, স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তা দেখানোও হয়।

Image
আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের জানাজায় অংশ নেয় হাজারো মানুষ

আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের জানাজায় অংশ নেয় হাজারো মানুষ

জানাজার আগে পরিবারের পক্ষ থেকে বড় ছেলে নাভিদুল হক বলেন, “আমার বাবা সুখী মানুষ ছিলেন।

“তিনি তার বা পরিবারের স্বার্থে কখনও কাউকে কষ্ট দেননি। কারও খারাপ চাইতেন না কখনও। তারপরও কাজের খাতিরে আপনাদের কারও মনে তিনি কষ্ট দিয়ে থাকলে দয়া করে তাকে মাফ করে দেবেন।”

আগামী ৬ ডিসেম্বর গুলশানের আজাদ মসজিদে আনিসুল হকের কুলখানি হবে বলে জানান ছেলে নাভিদ।

Image
বনানী কবরস্থানে শেষ শয্যা নিলেন আনিসুল হক

বনানী কবরস্থানে শেষ শয্যা নিলেন আনিসুল হক

আনিসুল হকের মরদেহ আসার পর বিমানবন্দর থেকে বনানী কবরস্থান পর্যন্ত পুরো সময় উপস্থিত ছিলেন ভাই সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

চার মাস আগে যুক্তরাজ্যে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬৫ বছর বয়সী আনিসুল হক, ধরা পড়ে ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’য়ে আক্রান্ত তিনি।

এরপর অধিকাংশ সময় তিনি হাসপাতালে আইসিইউতে ছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।

Image
আনিসুল হকের জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অনেক নেতা

আনিসুল হকের জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অনেক নেতা

এই পুরোটা সময় স্বামীর সঙ্গে থাকা রুবানা স্বামীর মরদেহ নিয়ে বনানীর বাড়িতে যাওয়ার পর সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন রুবানা।

শেখ হাসিনা আনিসুল হকের মরদেহের সামনে মোনাজাত করেন। এরপর রুবানা ও তার সন্তানদের সঙ্গে একান্তে কথা বলেন।

Image
বনানীর বাড়িতে আনিসুল হকের কফিনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বনানীর বাড়িতে আনিসুল হকের কফিনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরও সেখানে যান।

তোফায়েল সাংবাদিকদের বলেন, “একদিকে তার সততা ছিল, অন্যদিকে তার যোগ্যতা ছিল। যতদিন ঢাকা মহানগর থাকবে, মানুষের স্মৃতিতে তিনি অক্ষয় হয়ে বিরাজ করবেন।”

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানিয়ে আসেন আনিসুল হকের কফিনে।

আমীর খসরু সাংবাদিকদের বলেন, “নির্দলীয় অবস্থান থেকে স্থানীয় সরকার যে চালানো যায়, উন্নয়ন করা যায়, সেটা (নজির) তিনি রেখে গেছেন।”

Image
বিমানবন্দরে নামার পর আনিসুল হকের কফিন গ্রহণ করতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

বিমানবন্দরে নামার পর আনিসুল হকের কফিন গ্রহণ করতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের মৃত্যুতে শোকগ্রস্ত দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, আনিসুল হকের শূন্যতা পূরণ হওয়ার নয়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালও যান আনিসুল হকের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে।

জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, “তিনি (আনিসুল হক) ঢাকা শহর নিয়ে যে স্বপ্ন দেখে গেছেন, কেউ না কেউ যেন তার স্বপ্নগুলো পূরণ করে তাকে শান্তি দেয়।”

কড়া নিরাপত্তার মধ্যেও বনানীর বাড়ির সামনে জড়ো হয় হাজারো মানুষ। তাদের অনেকের চোখে ছিল পানি। সেখানে ছিলেন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

Image
আনিসুল হকের বাড়িতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন

আনিসুল হকের বাড়িতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন

তাদের একজন ইব্রাহিমপুরের বাসিন্দা কুতুবউদ্দিন মনে করেন আনিসুল হক বেঁচে থাকলে ঢাকা নগরীর কাজ আরও এগোত।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা হয়ত সিঙ্গাপুর হত না। কিন্তু এখন ঢাকা যেমন দেখছি, তার চেয়ে উন্নত হত নিশ্চয়ই।”

ঢাকার জন্য আনিসুল হক নিজেকে উজাড় করে দিয়েছিলেন বলে মনে করে গুলশানের বাসিন্দা বিশ্ব ব্যাংক কর্মকর্তা ঈশিতা আলম অবনী।

“একশ ভাগ নয়, আমি বলব তিনি নিজেকে দুইশ ভাগ উজাড় করে দিয়েছেন। আমার মনে হয় অতিরিক্ত কাজের চাপ তার শরীরের পড়েছিল।”

Image
অসুস্থতা নিয়ে আনিসুল হকের জানাজায় গিয়েছিলেন অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ

অসুস্থতা নিয়ে আনিসুল হকের জানাজায় গিয়েছিলেন অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ

আনিসুল হকের মতো নেতৃত্ব চাকরি জীবনে পাননি বলে জানান উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহবুব আলম।

“করপোরেশনে চাকরি করি আজ আঠারো-উনিশ বছর। তার মতো নেতৃত্ব আমরা পাইনি। পাব কি না তাও জানি না।”

আনিসুল হকের পথ ধরে তার অসমাপ্ত কাজগুলো শেষ করার আশা প্রকাশ করেন মাহবুব।

Image
বনানীর বাসায় নেওয়া হচ্ছে আনিসুল হকের মরদেহ

বনানীর বাসায় নেওয়া হচ্ছে আনিসুল হকের মরদেহ

ব্যবসায়ী নেতাদের অনেকে উপস্থিত হন বিজিএমইএ ও এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসুল হকের বনানীর বাড়িতে।

বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ সাংবাদিকদের বলেন, “তিনি ছিলেন আমাদের ব্যবসায়িক লিডার। তার চলে যাওয়ায় দেশের বিরাট ক্ষতি হয়ে গেছে।”

আনিসুল হককে এফবিসিসিআইর ‘সফলতম সভাপতি’ অভিহিত করেন তার মেয়াদের পর ওই দায়িত্ব পালনকারী এ কে আজাদ।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে এফবিসিসিআইর সভাপতি ছিলেন আনিসুল হক। তার আগে বিজিএমইএর সভাপতিও ছিলেন তিনি।

মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান আনিসুলের তৈরি পোশাক ছাড়াও বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, আবাসন, কৃষিভিত্তিক শিল্প কারখানা রয়েছে। ডিজিযাদু ব্রডব্যান্ড লিমিটেড এবং নাগরিক টেলিভিশনের মালিকানাও আছে তার ব্যবসায়িক গ্রুপের।

Image
১৯৯৫ সালে বিটিভিতে প্রচারিত জলসা অনুষ্ঠান উপস্থাপনায় আনিসুল হক

১৯৯৫ সালে বিটিভিতে প্রচারিত জলসা অনুষ্ঠান উপস্থাপনায় আনিসুল হক

টিভি উপস্থাপনা দিয়ে জনপ্রিয়তা পাওয়া আনিসুল হক পরে ব্যবসায়ীদের নেতা হিসেবে চেনামুখ ছিলেন, তবে রাজনীতিতে তার পা রাখা আকস্মিকভাবেই ঘটে।

২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগ যখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে তাকে প্রার্থী করে, তখন তা চমক হিসেবেই দেখা গিয়েছিল।

শুক্রবার লন্ডনের রিজেন্ট পার্ক জামে মসজিদে প্রথম জানাজার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কথায়ও তা ফুটে ওঠে- “আমরা অনেকে অবাক হয়েছিলাম তিনি যখন রাজনীতিতে যোগদান করেন।”

Image
মেয়র আনিসুল হক: ১৯৫২-২০১৭ (আসাদুজ্জামান প্রামানিকের তোলা ছবি)

মেয়র আনিসুল হক: ১৯৫২-২০১৭ (আসাদুজ্জামান প্রামানিকের তোলা ছবি)

মেয়র নির্বাচিত হওয়ার পর এই দুই বছরে অবৈধ দখল উচ্ছেদসহ বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান নিয়ে অনেকের নজর কেড়েছিলেন আনিসুল হক। ঢাকার কূটনীতিকপাড়া বারিধারা ও গুলশানের বিভিন্ন দূতাবাসের দখলে থাকা ফুটপাতও দখলমুক্ত করেন মেয়র আনিসুল। পরিবহন শ্রমিকদের বিরোধিতার মুখেও তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনের সড়ক দখলমুক্ত করেছিলেন তিনি।

এছাড়া সড়ক প্রশস্তকরণ, ঢাকা চাকা, বিলবোর্ড উচ্ছেদ, গ্রিন ঢাকা কর্মসূচিসহ বেশকিছু উদ্যোগের জন্য আলোচিত হন তিনি।

তবে অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারার বাইরে আনিসুল হক তেমন মনোযোগ দেননি বলে অভিযোগ করেছেন কেউ কেউ।

নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই রুবানা ও আনিসুল হক যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ অগাস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে হাসপাতালেই ছিলেন তিনি; তারপর আর জীবনে ফেরা হয়নি তার।

এই সংক্রান্ত অন্যান্য খবর

প্রয়াত আনিসুল হকের বাড়িতে প্রধানমন্ত্রী

আরেকজন আনিসুল হক পাওয়া যাবে না: কাদের

আনিসুল হকের বাড়িতে বিএনপি নেতারা  

দক্ষিণের মেয়র কাঁদলেন উত্তরের মেয়রের জন্য

লন্ডনে আনিসুল হকের জানাজা

আনিসুল হকের মৃত্যু জনবান্ধব মেয়রের প্রস্থান: প্রধানমন্ত্রী

সজ্জন আনিসুল হকের অকাল মৃত্যু বেদনাদায়ক: খালেদা

আনিসুল হকের মৃত্যুতে নোয়াখালীতে শোকের ছায়া