২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের মেয়র কাঁদলেন উত্তরের মেয়রের জন্য

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুতে ‘বেদনাহত’ দক্ষিণের মেয়র সাঈদ খোকন শোক জানাতে গিয়ে কান্না ধরে রাখতে পারলেন না।

কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 06:51 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

পুরনো খবর:

আনিসুল হক না ফেরার দেশে
আনিসুল হক: টিভিমুখ থেকে মেয়রের চেয়ারে
ছবিতে মেয়র আনিসুল হক
উদ্যোগে, উক্তিতে আলোচিত আনিসুল হক

আড়াই বছর আগে একসঙ্গেই ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র হয়েছিলেন তারা। বয়োজ্যেষ্ঠ আনিসুলকে বড় ভাইয়ের মতো দেখতেন বলে জানালেন খোকন।

তিনি বলেছেন, প্রতিদিন সকালে কথা হত তাদের। ঢাকার উন্নয়নে দুজনে মিলে পরিকল্পনা গ্রহণ করতেন। একে অন্যের কাজ দেখে অনুপ্রাণিত হতেন। 

Image
গত বছর বাংলাদেশের প্রথম আইটি ইনকিউবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আনিসুল হক

গত বছর বাংলাদেশের প্রথম আইটি ইনকিউবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আনিসুল হক

তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক রাজনীতিতে না জড়ালেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৫ সালের ২৮ এপ্রিলের নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হন। ক্ষমতাসীন দলের নেতা সাঈদ খোকনও ওই নির্বাচনেই ঢাকার অপর অংশের মেয়র হয়েছিলেন।

অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন আনিসুল হক। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাঈদ খোকনের বিরোধের খবরও সংবাদমাধ্যমের শিরোনাম হয় বিভিন্ন সময়।

প্রায় চার মাস আগে সপরিবারে লন্ডন গিয়ে অসুস্থ হয়ে পড়া আনিসুল হক বৃহস্পতিবার মারা যান। পরদিন বিকালে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের কাছে নিজের শোকাতুর অবস্থা তুলে ধরেন সাঈদ খোকন।

তিনি বলেন, “আনিস ভাইয়ের মৃত্যুটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল এবং অনেকটাই অপ্রত্যাশিত। হঠাৎ করে আনিস ভাই এভাবে অসুস্থ হয়ে যাবেন, দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমাদের ছেড়ে চলে যাবেন, এটা আমরা কখনও কল্পনাও করিনি, ভাবতেও পারিনি।”

Image
অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে আনিসুল হক

অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে আনিসুল হক

উত্তরের মেয়রের সঙ্গে ঘনিষ্ঠতার কথা তুলে ধরে দক্ষিণের মেয়র বলেন, “আমার সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ছোট ভাই বড় ভাইয়ের মতো সম্পর্ক ছিল। প্রতিদিন সকালে আমরা কুশল বিনিময় করতাম। শহরের সমস্যা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতাম, মানুষের সেবার মনোভাব আমাদের দুজনের মধ্যেই প্রকট ছিল।

“তার বিভিন্ন কর্মকাণ্ডে আমি অনুপ্রাণিত হতাম, আমার বিভিন্ন কর্মকাণ্ডে তিনি অনুপ্রাণিত হতেন, দুজনে মিলে বিগত আড়াই বছর এই নগরীতে একটা পরিবর্তনের ইতিবাচক সূচনা আমরা করেছিলাম। হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটবে, এটা আমার কল্পনাতেও ছিল না। এটা আমার ধারণার বাইরে ছিল।”

এই পর্যায়ে আবেগ আপ্লুত খোকনের চোখ বেয়ে অশ্রুধারা বইতে থাকে। তিনি বলেন, “আমরা অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত শোকাহত, অনেকটাই বাকরুদ্ধ। তার যে শুন্যতা, এই শুন্যতা খুব সহজে পূরণ হবে না।”

‘স্মার্ট’ ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচিত হওয়ার পর কিছু বিষয়ে দৃঢ়তা দেখানো আনিসুল হকের জন্য ফেইসবুকেও শোক প্রকাশ করছেন অনেকে। আনিসুল হক ‘উন্নত নগরীর’ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন বলে অধিকাংশ মন্তব্য এলেও তিনি অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারার বাইরে তেমন মনোযোগ দেননি বলে অভিযোগ করেছেন কেউ কেউ।

Image
২০১৫ সালের নভেম্বরে তেজগাঁওয়ের উচ্ছেদ অভিযানে মেয়র আনিসুল হক, পাশে রেলমন্ত্রী মুজিবুল হক

২০১৫ সালের নভেম্বরে তেজগাঁওয়ের উচ্ছেদ অভিযানে মেয়র আনিসুল হক, পাশে রেলমন্ত্রী মুজিবুল হক

সাঈদ খোকন বলেন, আনিসুল হক ‘খুব বলিষ্ঠ খুব সাহসী’ মানুষ ছিলেন।

“শহরে কিংবা একটা সমাজ ব্যবস্থায় এ ধরনের মানুষ প্রতিদিন জন্মায় না, আনিসুল হকদের মতো মানুষ প্রতিদিন জন্মায় না।”

আনিসুল হকের শূন্যতা পূরণ হওয়ার নয় মন্তব্য করে তিনি বলেন, “আশা করি তারপরও যারা দায়িত্বে থাকবেন তারা এই শুন্যতা পূরণ করার চেষ্ট করবেন, আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা থাকবে।”

আনিসুল হকের আত্মার শান্তির জন্য দোয়া চেয়ে খোকন বলেন, “চলার পথে ভুল- ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই, সবারই কিছু না কিছু ভুল থাকতে পারে। আল্লাহ মানুষকে যেমন গুণ দিয়ে তৈরি করেন, তেমনি ভুলও থাকে।

“চলার পথে আনিস ভাইয়ের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এই শহরের মানুষ, এই দেশের মানুষ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তার ছোট ভাই হিসেবে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়ার অনুরোধ করছি।”