২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হকের মৃত্যুতে নোয়াখালীতে শোকের ছায়া

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে তার নিজ জেলা নোয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 12:02 AM

Updated : 12 Apr 2022, 12:50 AM

বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর পৌঁছার পর থেকে তার জন্মস্থান কবিরহাট পৌরসভাসহ জেলার সর্বত্র দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে আনিসুল হকের মৃত্যু হয়।

আনিসুল হকের জন্ম ১৯৫২ সালের ২৭ অক্টোবর নানা বাড়ি ফেনী জেলার সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। তার বাবার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।

শুক্রবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী আনিসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

তিনি বলেন, “আমাদের পরিচয় দেওয়ার মতো একজন ব্যক্তি ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যৃতে নোয়াখালীবাসী আজকে ব্যথিত। আমাদের এই ব্যথা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন বলেন, “আনিসুল হক নোয়াখালীর সন্তান, আলোকিত করেছেন ঢাকাসহ সারা দেশকে। তিনি আমাদের একজন গর্বিত সন্তান। আমরা তার এই প্রয়ানে সর্বদলীয়ভাবে শোকসভা করব।”

মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন বলেন, আনিসুল হকের মৃত্যুতে নোয়াখালীবাসী তাদের একজন অভিভাবকে হারিয়েছে।

নোয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মেজবাহ উল হক মিঠু বলেন, গণমাধ্যম ব্যক্তিত্ব আনিসুল হক সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি মরেও অমর হয়ে থাকবেন।

আনিসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমির রুমিও।