২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ বার তোপধ্বনিতে ঢাকায় নামবেন পোপ ফ্রান্সিস

বর্ণাঢ্য অভ্যর্থনার মধ্য দিয়ে বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 06:26 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

পুরনো খবর:

পোপের সফরে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ
পোপের ভিডিওবার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা
মিয়ানমারে ভাষণে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়ালেন পোপ
ঢাকায় রোহিঙ্গা দলের সঙ্গে কথা বলবেন পোপ
পোপ ফ্রান্সিসের মিয়ানমার সফর

৩০ বছরে এই প্রথম কোনো পোপ বাংলাদেশ সফরে আসছেন। সর্বশেষ সফর করেছিলেন পোপ দ্বিতীয় জন পল, ১৯৮৬ সালে।

পোপ ফ্রান্সিস বর্তমানে মিয়ানমার সফরে রয়েছেন। সেখান থেকে বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন তিনি।

বিমানবন্দরে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরুকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হবে তাকে, দেওয়া হবে গার্ড অব অনার।

সফরসূচিতে দেখা যায়, বিমানবন্দর থেকে সরাসরি সাভারে যাবেন পোপ ফ্রান্সিস, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

সাভার থেকে ঢাকার ধানমণ্ডিতে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাবেন পোপ।

বঙ্গবন্ধু জাদুঘর থেকে বঙ্গভবনে যাবেন পোপ, রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি।

বঙ্গভবনে দরবার হলে মন্ত্রিপরিষদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। 

রাতে বারিধারার ভ্যাটিকান দূতাবাসে থাকবেন পোপ ফ্রান্সিস।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে প্রার্থনা করবেন পোপ ফ্রান্সিস। এরপর ভ্যাটিকান দূতাবাসে সাক্ষাৎ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বিকালে তিনি যাবেন কাকরাইলের রমনা ক্যাথেড্রালে, সেখানে আর্চবিশপ হাউজে বিশপদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শান্তি কামনায় আন্তঃধর্মীয় ও সম্প্রদায়গত ঐক্য বিষয়ক সভায় তিনি অংশ নেবেন।

সফরের শেষ দিন শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন পোপ।

দুপুরের পর তিনি ঢাকায় নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের ইতি টেনে বিকাল ৫টায় শাহজালাল বিমানবন্দর ছাড়বেন ক্যাথলিক ধর্মগুরু। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান।

পোপ ফ্রান্সিসের জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। ক্যাথলিক পুরোহিত হিসেবে তার অভিষেক হয় ১৯৬৯ সালে। পুরো আমেরিকা অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।

সফর ঘিরে ‘সর্বোচ্চ নিরাপত্তা’

পোপ ফ্রান্সিসের সফরের সময় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।

সফর শুরুর আগের দিন এনিয়ে পুলিশ সদর দপ্তরে একটি বৈঠকও হয়েছে। ঢাকার খ্রিস্টান সম্প্রদোয়ের সঙ্গেও একাধিকবার আলোচনা হয়েছে বলে জানান ডিএমপির উপকমিশনার মো.মাসুদুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পোপের সফর ঘিরে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। সবাই মিলে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব পালন করা হবে।”

পোপের সফরের গুরুত্ব তুলে ধরে পুলিশ সদর দপ্তরে বৈঠকে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, “তার বাংলাদেশে সফর আমাদের জন্য অত্যন্ত গর্বের, আনন্দের।

“পোপের সফরকালে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সফরের স্থানগুলোতে গমনকালে পুলিশ পোশাকে এবং সাদা পোশাকে এবং র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।”

পোপের সফরকালে ‘ব্লক রেইডের’ মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালাতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শহীদুল হক।

সফরকালে পোপ কাকরাইলে রমনা ক্যাথেড্রালে যাবেন। সেজন্য রমনা থানা এলাকায় সব ধরনের সভা- সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।

পোপের সফরের শেষ দিন শনিবার ঈদে মিলাদুন্নবি। এই দিনটিতে মুসলিম সম্প্রদায় শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

মিলাদুন্নবির শোভাযাত্রা কিংবা জশনে জুলুসের অনুমতি পুলিশ দিয়েছে কি না- জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আউটডোরে সভা-সমাবেশ করার কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। পোপ চলে যাওয়ার পর কেউ সভা-সমাবেশ করতে চাইলে করতে পারবেন।”

তিন দিনের সফর শেষে শনিবার বিকাল ৫টায় ঢাকা ছাড়বেন পোপ ফ্রন্সিস। শনিবার তার কর্মসূচি রয়েছে তেজগাঁও চার্চ এবং মতিঝিলের নটরডেম কলেজে।  

পোপের সফরকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে অহেতুক গুজব ছড়াতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখার জন্য পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।