২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় রোহিঙ্গা দলের সঙ্গে কথা বলবেন পোপ

সময়ের স্বল্পতার কারণে রোহিঙ্গাদের ক্যাম্পে না যেতে পারলেও ঢাকায় তাদের একটি ছোট দলের সঙ্গে কথা বলবেন পোপ ফ্রান্সিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 08:41 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরুর আগমন উপলক্ষ্যে সোমবার রাজধানীর কাকরাইলে আর্চবিশপ হাউসে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।

পোপ ফ্রান্সিস ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

বর্তমানে মিয়ানমার সফর করছেন পোপ। সেখান থেকেই বাংলাদেশে আসবেন তিনি।

সংবাদ সম্মেলনে প্যাট্রিক ডি রোজারিও বলেন, “প্রথম যখন পরিকল্পনা করা হয় তখন একদিনের সফরের পরিকল্পনা করা হয়েছিল। সেখানে যাওয়ার বিষয় চিন্তাও করা হয়নি, তখন রোহিঙ্গা ইস্যুটা আসেই নাই। দ্বিতীয়ত, এটাকে কর্মসূচিতে সংযুক্ত করা অসম্ভব হয়ে গেছে।

“এটা যদি সম্ভব হতো, তাহলে আমরাও বলতাম, পোপ মহোদয় আমরা ওখানেই যাই। কিন্তু সেটা হচ্ছে না। আমরা চেষ্টা করছি সরকারের অনুমোদনে এবং সহযোগিতায় একটি ছোট্ট দল এখানে নিয়ে আসার।”

স্থানীয় কাথলিক চার্চ এই সফরের মূলভাব হিসেবে ‘সম্প্রীতি ও শান্তি’ নির্ধারণ করেছে বলে জানান প্যাট্রিক।

পোপের মিয়ানমার সফরে রোহিঙ্গাদেরকে ‘রোহিঙ্গা’ হিসেবে উল্লেখ না করার হুঁশিয়ারি এসেছে মিয়ানমারের পক্ষ থেকে।

এই প্রসঙ্গে প্রশ্নে কার্ডিনাল প্যাট্রিক বলেন, “একটি দেশের মধ্যে কিছু কিছু বিষয় সংবেদনশীল থাকতে পারে, আর এটা স্বাভাবিক। তবে রোহিঙ্গা শব্দটি এখন প্রচলিত সারা বিশ্বে। সারা বিশ্ব যদি আরেকটি শব্দ ব্যবহার করে তাহলে আমরা সেটাই ব্যবহার করব।”

 

পোপ রোহিঙ্গা শব্দ ইতোমধ্যে ব্যবহার করেছেন উল্লেখ করে তিনি বলেন, “তিনি বলেছেন, রোহিঙ্গারা আমার ভাই এবং বোন। সে কথাও বলেছেন।

“পরবর্তীতে রাজনৈতিক কারণে হোক, জাতিগতভাবে বা ঐতিহাসিকভাবে হোক, সেই শব্দটা যেন ব্যবহার না হয় মিয়ানমার সেই আবেদন জানিয়েছে। কিন্তু তার প্রতিউত্তর কী, সেটা আমি জানি না।”

রোহিঙ্গা সংকটের সার্বিক দিক পোপ ফ্রান্সিস অবগত আছেন বলে জানান তিনি।

পোপের সফর সম্পর্কে কার্ডিনাল প্যাট্রিক জানান, তিনি ক্যাথলিক ও খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাসকে সুদৃঢ় করতে চান। প্রায় ৮০ হাজার লোক তার সাথে একাত্মতা ঘোষণা করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রার্থনা করবেন।

“তিনি আসছেন জাতির সকল নাগরিকের কাছে। তিনি জাতির পিতার স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। জাতীয় স্মৃতি সৌধে যাবেন, রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাত করবেন।”

পোপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোয় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

পোপ বাংলাদেশকে ‘বড্ড ভালোবেসেছেন’ উল্লেখ করে প্যাট্রিক বলেন, “তিনি তিন বছরে মাত্র কয়েকটি দেশে গেছেন। তার মধ্যে, বাংলাদেশ যুক্ত হয়েছে।”

পোপের সঙ্গে শতাধিক বিদেশি সাংবাদিক আসার কথা জানিয়ে তিনি বলেন, “যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে তা আন্তর্জাতিক বিশ্বের কাছে চলে যাবে। আমাদের মধ্যে যে শান্তিপূর্ণ পরিবেশ আছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জানা প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিশপ সম্মিলনীর সহসভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর সেক্রেটারি ও চট্টগ্রামের আর্চবিশপ মোজেস কস্তা ধন্যবাদ জ্ঞাপন করেন।

মিডিয়া কমিটির সমন্বয়ক ফাদার কমল কোড়াইয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু, বরিশাল ধর্মপ্রদেশের বিশপ সুব্রত হাওলাদার, খুলনা ধর্মপ্রদেশের বিশপ রমেন জেমস বৈরাগী ও পোপের সফরের সমন্বয়ক ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসছেন ৩০ নভেম্বর
পোপের ভিডিওবার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা