মা-ছেলে খুন: করিম ও মুক্তা ফের রিমান্ডে
কাকরাইলে মা-ছেলে খুনের ঘটনায় গ্রেপ্তার গৃহকর্তা আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার তাদের ঢাকার হাকিম আদালতে হাজির করে আরও সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আলী হোসেন।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তিন দিন করে হেফাজত মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ২৮ বছর আগে শামসুন্নাহারের সঙ্গে আব্দুল করিমের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান হয়। করিম পরে ফরিদা নামের এক নারীকে বিয়ে করেন। এ সংসারেও একটি সন্তান হয়। দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে করিম চার বছর আগে মুক্তাকে বিয়ে করেন।
“তৃতীয় বিয়ের পর থেকে করিম তার প্রথম স্ত্রী শামসুন্নাহারের কোনো খোঁজ-খবর নিতেন না। কারণে-অকারণে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। আসামি মুক্তা ৩/৪ মাস আগে শামসুন্নাহারের বাসায় গিয়ে তাকে মারধর করে ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।”
আব্দুল করিমও একই ধরনের হুমকি দিয়েছিল জানিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, “গত ১ নভেম্বর সন্ধ্যায় শামসুন্নাহার এবং তার ছোট ছেলে সাজ্জাদুল করিম শাওনকে ছুরি মেরে হত্যা করা হয়। মুক্তার ভাই জনি দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। জবানবন্দিতে করিম ও মুক্তার সম্পৃক্ততার কথাও এসেছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং মূল রহস্য উদঘাটনের জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।”
আব্দুল করিমের পক্ষে তার আইনজীবী শেখ হেমায়েত হোসেন রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
আর শারমিন আক্তার মুক্তার পক্ষে তার আইনজীবী রেশমা আহমেদ বলেন, “মুক্তা পরিস্থিতির শিকার। তাকে এক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তা জেলগেইটে করা হোক।”
উভয়পক্ষের বক্তব্য শুনে বিচারক জামিন নামঞ্জুর করে দুই আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।
কাকরাইলে রাজমনি প্রেক্ষাগৃহের কাছের একটি বাড়িতে ১ নভেম্বর সন্ধ্যায় খুন হন ব্যবসায়ী করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওন। শামসুন্নাহারের বড় দুই ছেলে বিদেশে থাকেন।
ঘটনার পরদিন শামসুন্নাহারের ভাই আশরাফ আলী রমনা থানায় যে মামলা দায়ের করেন, সেখানে আব্দুল করিম, তার দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা এবং মুক্তার ভাই আল আমিন জনিসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
হত্যাকাণ্ডের সময় করিম বাসায় ছিলেন না। তবে ঘটনার দিন রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় রমনা থানা পুলিশ। আর তার তৃতীয় স্ত্রী সিনেমার অভিনয় শিল্পী মুক্তাকে পরদিন পল্টনের একটি বাসা থেকে আটক করা হয়।
গ্রোসারি ব্যবসা পাশাপাশি এফডিসিকেন্দ্রিক চলচ্চিত্রের প্রযোজনা ও পরিচালনায় যুক্ত করিমের বহুবিবাহের কারণে পারিবারিক জটিলতা থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছিল পুলিশ।
মুক্তার ভাই জনিকে ৪ নভেম্বর ভোরে গ্রেপ্তার করা হয় গোপালগঞ্জ থেকে। ছয়দিন রিমান্ডের পর ৮ নভেম্বর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
