গবেষণাগার ভাঙা: ৫ জনকে সতর্ক করল হাই কোর্ট
ঢাকার ফার্মগেইটে কৃষি গবেষণার স্মৃতি বিজড়িত ল্যাবরেটরি ভবন না ভাঙতে আদালতের আদেশ প্রতিপালন না করায় গণপূর্ত সচিবসহ সংশ্লিষ্ট পাঁচজনকে সতর্ক করেছে হাই কোর্ট।
ভবিষ্যতে মৌখিক বা লিখিত কোনো আদেশ পালনের ক্ষেত্রে তাদেরকে আরও দায়িত্বশীল হতে বলেছে আদালত।
গণপূর্ত সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, সংশ্লিষ্ট কাজের প্রকল্প পরিচালক এবং ল্যাবরেটরি ভবন ভাঙার ঠিকাদার আদালতের তলবে মঙ্গলবার হাই কোর্টে উপস্থিত হন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ শুনানিতে তাদের সতর্ক করে দেয়।
পূর্ত সচিবসহ পাঁচজনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিটকারীপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আশিক আল জলিল।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৫ নভেম্বর গণপূর্ত সচিব ও একই মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ পাঁচজনকে ডেকেছিল আদালত। মঙ্গলবার তারা হাজির হলে আদালত তাদের সতর্ক করে ভবিষ্যতে আদেশ পালনের ক্ষেত্রে দায়িত্বশীল হতে বলেছে।”
খামাড়বাড়ির ল্যাবরেটরি ভবন না ভাঙতে আদলত যে মৌখিক নির্দেশ দিয়েছিল- তা প্রতিপালন না করায় হাই কোর্ট উষ্মা প্রকাশ করেছে বলেও জানান মনিরুজ্জামান।
পূর্ত সচিবসহ পাঁচ কর্মকর্তার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে বলেন, ঐতিহ্যবাহী ভবনটি না ভাঙতে আদালতের আদেশটি পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভবনটি ভেঙে ফেলা হয়েছে।
গত ৫ নভেম্বর রাজধানীর খামার বাড়ির ল্যাবরেটরি ভবনসহ খামাড়বাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবহনকারী সকল ভবন ভাঙার বিষয়ে জানতে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত চিফ প্রকৌশলী, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের পরিচালক ও ল্যাবরেটরি ভবন ভাঙার ঠিকাদারকে তলব করে হাই কোর্ট।
এর আগে গত ১ নভেম্বর হাই কোর্টের এই বেঞ্চ এক আদেশে খামার বাড়ির ল্যাবরেটরি ভবনসহ খামাড়বাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবহনকারী সকল ভবন ভাঙার নিষেধাজ্ঞা দেয়।
ল্যাবরেটরি ভবনটি ভাঙা বা ধ্বংস করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, ভাঙা ভবনটি পূননির্মাণ করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ঐতিহ্যবহনকারী ভবনের তালিকা প্রণয়ন করে তা সংরক্ষেণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দেয় আদালত।
কৃষি, সংস্কৃতি এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, রাজউক চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও তেজগাঁ থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়।
বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তইমুর ইসলামের করা এক রিট আবেদনে ওই আদেশ দেওয়া হয়। ‘ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের পর তিনি এই রিট আবেদনটি করেন।
