খামার বাড়ির ঐতিহ্যবাহী যে কোনো ভবন ভাঙায় নিষেধাজ্ঞা
ঢাকার ফার্মগেইটে কৃষি গবেষণার স্মৃতি বিজড়িত ল্যাবরেটরি ভবনসহ খামার বাড়ি ক্যাম্পাসের ঐতিহ্য বহনকারী যে কোনো ভবন ভাঙায় নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
কৃষি গবেষণার স্মৃতি বিজড়িত যে ল্যাবরেটরি ভবনটি ভাঙা হচ্ছিল তা ভাঙা বা ধ্বংস করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, একইসঙ্গে তা জানতে চেয়েছে আদালত।
ভাঙা ভবনটি পুনঃনির্মাণ করে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ কেন দেওয়া হবে না এবং ঐতিহ্য বহনকারী ভবনের তালিকা প্রণয়ন করে তা সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
কৃষি সচিব, সংস্কৃতি সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, রাজউকের চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও তেজগাঁ থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ এসব আদেশ দেয়।
হেরিটেজ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তইমুর ইসলাম গত বৃহস্পতিবার ওই ভবন ভাঙা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এনেছিলেন।
সেদিন আদালত মৌখিক আদেশে মঙ্গলবার পর্যন্ত ল্যাবরেটরি ভবন ভাঙার কাজ বন্ধ রাখার আদেশ দেয়। একইসঙ্গে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট আইনজীবীকে আবেদন করতে বলে মঙ্গলবার শুনানির জন্য দিন রাখেন।
মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করলে বুধবার তার শুনানি নিয়ে আদালত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আশিক আল জলিল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোছাম্মত খায়রুন নেছা।
খায়রুন নেছা বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খামারবাড়ি ক্যাম্পাসের ঐতিহ্য বহনকারী যে কোনো ভবন ভাঙার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।”
হেরিটেজ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তইমুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু ভবন ভাঙার নিষেধাজ্ঞাই না, ভেঙে ফেলা ভবনটির রাবিশ (ধ্বংসাবশেষ) না সরাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বাংলাদেশের কৃষিক্ষেত্রে যে বিপ্লব হয়েছে, ঢাকার ফার্মগেটের খামার বাড়িতে অবস্থিত সেই গবেষণার স্মৃতি বিজড়িত ল্যাবরেটরি ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। এই ভবন ভাঙার উদ্যোগে হতাশা প্রকাশ করেছেন বেশ কয়েকজন স্থপতি। ভবনটি সংরক্ষণের দাবি জানিয়েছেন ঐতিহ্য সংরক্ষণের আন্দোলনকর্মীরা।
