২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন

বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বাংলাদেশের কৃষিক্ষেত্রে যে বিপ্লব হয়েছে, ঢাকার ফার্মগেটের খামার বাড়িতে অবস্থিত সেই গবেষণার স্মৃতি বিজড়িত ল্যাবরেটরি ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।

সুলাইমান নিলয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 12:24 AM

Updated : 19 Aug 2022, 05:51 PM

এই ভবন ভাঙার উদ্যোগে হতাশা প্রকাশ করেছেন বেশ কয়েকজন স্থপতি। ভবনটি সংরক্ষণের দাবি জানিয়েছেন ঐতিহ্য সংরক্ষণের এক আন্দোলনকর্মী।

বুধবার সরেজমিনে দেখা গেছে, দুই তলা এই ভবনের দুটি ছাদের কিছু অংশ এরইমধ্যে ভাঙা হয়েছে।

শাকিল নামে আরমানিটোলার একজন ঠিকাদার এই ভবন ভাঙার কাজ পেয়েছেন।

তিনি বলেন, “এটা ভাঙতেছে, আজ চারদিন এটা ভাঙতেছে। সরকার টেন্ডার দিয়েছে। আট মাস আগেই এটার টেন্ডার হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলাম মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষি গবেষণায় ভবনটি গুরুত্বপূর্ণ হলেও এটি এখন আর তাদের নেই। এটি এখন তুলা উন্নয়ন বোর্ডের।

সেখানে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

এ রকম ঐতিহ্যবাহী একটি ভবন ভাঙা ঠিক হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারের সিদ্ধান্তে ভেঙে ফেলা হচ্ছে।”

এ বিষয়ে আর মন্তব্য করতে চান না বলে জানান তিনি।

পরে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় রয়েছেন জানিয়ে এক ঘণ্টা পরে ফোন করতে বলেন। এক ঘণ্টা পর অনেকবার ফোন করা হলেও তিনি আর ধরেননি।

 

এই ভবন ভাঙার সমালোচনা করছেন হেরিটেজ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তৈমুর ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাম্প্রতিককালে বিভিন্ন এলাকায় তালিকাভূক্ত না-এ রকম প্রচুর ভবন ভেঙে ফেলা হচ্ছে। তালিকায় নাম না থাকা এ রকম পুরাতন ভবনের সংখ্যা দুই আড়াই হাজারের বেশি। এর মধ্যে মোটামুটি একশ ভবন সংরক্ষিত। এই তালিকার বাইরে প্রচুর ভবন আছে, যেগুলো সংরক্ষণ করা প্রয়োজন।”

এক প্রশ্নের জবাবে তৈমুর বলেন, ফার্মগেটের এই ভবন তিন কারণে গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক কাজের সাথে এটা সম্পর্কিত। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি উড়িষ্যাতে দুর্ভিক্ষ হলে গঠিত হয় দুর্ভিক্ষ কমিশন। তারা সারা ভারতে কাজ করে। সেই সময় ফার্মগেট এলাকায় কৃষি সম্প্রসারণ কেন্দ্র হিসেবে কিছু ভবন নির্মাণ করা হয়। ১৯০৫ সালে বাংলা ভাগ হলে এটার পরিধি বাড়ানো হয়।

আর্কিটেকচারের দিক থেকেও এটা অনেক সমৃদ্ধ মন্তব্য করে তিনি বলেন, “ঔপনিবেশিক আমলে বিভিন্ন জেলায় নির্মাণ করা জজকোর্ট, ডিসি কাউন্সিল ভবনে যে ধরন দেখা যায়, এটা সে রকম।”

“এছাড়া কৃষি আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। কৃষিতে যে প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল। সেই ইতিহাস আজ আমরা মুছে ফেলছি।”

এই পুরো এলাকায়ই সংরক্ষিত হওয়া উচিত ছিল মন্তব্য করে তৈমুর ইসলাম বলেন, “কারণ এটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে সম্পৃক্ত। কৃষিতে কারিগরি এবং প্রযুক্তিগত পরিবর্তনের সাক্ষী। এ রকম সাত-আটটা ভবন ছিল। ইউনেস্কো কনভেনশনও এ ধরনের ভবন সংরক্ষণের কথা বলে।”

বিকালে যখন এই ভবন ভাঙার কাজ চলছিল, তখন খবর পেয়ে ছুটে আসা কয়েকজন স্থপতিকে ঘটনাস্থলে পাওয়া যায়।

এদেরই একজন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক কাজী এম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থাপনার সময়কালীন বিশেষত্বের কারণে এটা আমরা সরক্ষণ করতে চাই। সারা দেশে এ রকম অনেক ভবন ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো সংরক্ষণ করা সরকারের দায়িত্ব। পেশাজীবী হিসেবে আমরা মনে করি, যে সব ভবন রাখার মতো, সেগুলো রাখা উচিত।

“এখানে নাকি একটি বহুতল অফিস ভবন হবে। এটাকে রাখার ব্যাপারে উদ্যোগ নেওয়া যেত। তবে এসে মনে হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। এই সব ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভবন জাতির গৌরব সংরক্ষণ করতে রাখা উচিত।”

ঘটনাস্থলে যাওয়া স্থপতি ইনস্টিটিউটের সহ-সভাপতি জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জানা মতে, এটার কোনো নকশাও নেই। ইতোমধ্যে অনেক দূর ভেঙে ফেলা হয়েছে। দেখে মনে হচ্ছে, এটার অবস্থা এত খারাপ ছিল না যে, ভেঙে ফেলতে হবে।”

আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শেহজাদ জহির বলেন, বাংলাদেশ কৃষি ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। এই উন্নয়ন হয়েছে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে। এই ভবন ছিল কৃষি ল্যাবরেটরি। কৃষি গবেষণার শুরু হয়েছে এই ভবনে। বাংলাদেশে কৃষি ক্ষেত্রে উন্নতিতে এটা একটা পাইওনিয়ার ভবন ছিল।

“সেজন্য এখনই এই ভাঙা থামিয়ে এটাকে সংরক্ষণ করা উচিত। ভবনটি লেট-কলোনিয়াল পিরিয়ডের একটা ভবন। পরের দিককার। এখানে জানালার সামনে খুব সুন্দর শেডিং ডিভাইস দেওয়া আছে, যেটায় আমাদের দেশীয় স্থাপত্যের সাথে ইউরোপীয় স্থাপত্যের এক মেলবন্ধন রয়েছে। এটার নির্মাণ প্রক্রিয়া খুব সহজে বোঝা যায়।”

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক স্থপতি সাজিদ-বিন-দোজা বলেন, “আমাদের জলবায়ু নির্ভর ট্রপিকাল ক্লাইমেটের সাথে উপযোগী ভবন এটা। সামনে বারান্দা। এখানে প্রচুর বাতাস আসবে। সেটা সার্কুলেট করে ঘরের ভেতরে ঢুকে যাবে।

“আমরা লজ্জিত এবং দুঃখ ভারাক্রান্ত। এর চেয়েও দুঃখজনক হচ্ছে, এই ভবনের কোনো নকশা নেই। নিজেদের ঐতিহ্য লালনে আমরা খুব একটা ভালো মানসিকতা কখনও দেখাইনি। এই ভবন যখন ভাঙা হয়, কর্মকর্তাদের উচিত ছিল, এটার ছবি তুলে রাখা যাতে ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারতাম।”

এখনও সংরক্ষণ করা যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ভবনকে যখন অনেক জোরে আঘাত করা হয়, তখন তার নিজস্ব অবকাঠামোর পরিবর্তন চলে আসে।

“করতে হলে সেটা ব্যয়বহুল, সংরক্ষণই ব্যয়বহুল। যথাযথ নকশা, পুরনো ছবি দেখে এটাকে আগের অবস্থানে নিয়ে আসতে পারি।”