২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খামার বাড়ির গবেষণাগারটি ভাঙা বন্ধ করতে বলেছে হাই কোর্ট

ঢাকার ফার্মগেইটের খামার বাড়ির কৃষি গবেষণার স্মৃতি বিজড়িত ল্যাবরেটরি ভবনটি ভাঙা আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখতে বলেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 12:55 AM

Updated : 19 Aug 2022, 05:51 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে গবেষণাগারটি ভাঙার খবর দেখে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ মৌখিকভাবে এই আদেশ দেয়।

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খামার বাড়ির ওই ভবন ভাঙার বিষয়ে পত্রিকায় কাটিং দেওয়ার পর আদালত বলেছেন, আগামী মঙ্গলবার তারা এই বিষয়টি শুনবেন।

“এর আগে এ বিষয়ে একটি আবেদন জমা দিতে বলেছেন। এর মধ্যে ভবনটি ভাঙা বন্ধ রাখতে সংশ্লিষ্টদের জানিয়ে দিতে আমাকে বলেছেন।”

হেরিটেজ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তইমুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের আইনজীবীর মাধ্যমে বিডিনিউজ টোয়েন্টিফোরে প্রকাশিত প্রতিবেদন আদালতের গোচরে এনেছি।

“এরপর আদালত আগামী মঙ্গলবার পর্যন্ত ওই ভবন ভাঙার কাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেন।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিষয়টি তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালককে জানিয়েছি।”

‘ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়।

বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বাংলাদেশের কৃষিক্ষেত্রে যে বিপ্লব হয়েছে, ঢাকার ফার্মগেইটের খামার বাড়িতে অবস্থিত সেই গবেষণার স্মৃতি বিজড়িত ল্যাবরেটরি ভবনটি।

এই ভবন ভাঙার উদ্যোগে হতাশা প্রকাশ করে আসছেন বেশ কয়েকজন স্থপতি। ভবনটি সংরক্ষণের দাবিও জানান ঐতিহ্য সংরক্ষণের আন্দোলনকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, দুই তলা এই ভবনের দুটি ছাদের কিছু অংশ এরইমধ্যে ভাঙা হয়েছে। বৃহস্পতিবারও চলে ভাঙার কাজ।

ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন  

পুরনো খবর:

ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন