২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণাগার ভাঙা: ৫ জনকে আদালতে তলব

ঢাকার ফার্মগেইটে কৃষি গবেষণার স্মৃতি বিজড়িত ল্যাবরেটরি ভবন ভাঙার বিষয়ে জানতে গণপূর্ত সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ ৫ জনকে ডেকেছ হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 10:41 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

সোমবার সকালে তাদের আদালতে হাজির থাকতে বলা হয়েছে। অন্য যাদের ডাকা হয়েছে তারা হলেন- তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, সংশ্লিষ্ট কাজের প্রকল্প পরিচালক এবং ল্যাবরেটরি ভবন ভাঙ্গার ঠিকাদার।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রোববার মৌখিকভাবে এ আদেশ দেয় বলে ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদেশের পর তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ হয়েছে। বাকিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করতে পারিনি। একারণে পূর্ত  সচিবকে ফ্যাক্স পাঠিয়েছি। তাদেরকে আদালতের আদেশ জানানো হয়েছে।”

হাই কোর্ট গত ১ নভেম্বর এক আদেশে কৃষি গবেষণার জন্য রাজধানীর ফার্মগেটের খামার বাড়িতে প্রতিষ্ঠিত ল্যাবরেটরি ভবনসহ খামাড়বাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবাহী সকল ভবন ভাঙার নিষেধাজ্ঞা দেয়।

এছাড়া রুলে ল্যাবরেটরি ভবনটি ভাঙা বা ধ্বংস করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, ভাঙা ভবনটি পূননির্মাণ করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ঐতিহ্য বহনকারী ভবনের তালিকা প্রণয়ন করে তা সংরক্ষণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

কৃষি, সংস্কৃতি এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, রাজউক চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও তেজগাঁও থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়।

বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তইমুর ইসলামের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।

‘ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের পর তিনি এই রিট আবেদনটি করেন।

পুরনো খবর:

ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন
খামার বাড়ির গবেষণাগারটি ভাঙা বন্ধ করতে বলেছে হাই কোর্ট
খামার বাড়ির ঐতিহ্যবাহী যে কোনো ভবন ভাঙায় নিষেধাজ্ঞা