২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ নভেম্বর পর্দা উঠছে ঢাকা লিট ফেস্টের

সপ্তমবারের মতো বাংলা একাডেমিতে আয়োজিত হতে যাচ্ছে ঢাকায় সাহিত্যিকদের অন্যতম বড় মিলনমেলা ‘ঢাকা লিট ফেস্ট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 06:12 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর দেশি-বিদেশি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখরিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ।

জেমকন গ্রুপের আয়োজনে বরাবরের মতো অংশ নিচ্ছেন দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক, সাংবাদিক।

আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এবছর লিট ফেস্টে অংশগ্রহণ করতে আসছেন সিরিয়ার কবি আদোনিস,নাইজেরিয়ার সাহিত্যিক বেন ওক্রি, অভিনেত্রী টিল্ডা সুইন্টন, মার্কিন সাহিত্যিক লিওনেল শ্রিভার,প্রদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারতীয় কথাসাহিত্যিক নবনীতা দেব সেন, কথাসাহিত্যিক উইলিয়াম ড্যালরিম্পেল,লেখক এসথার ফ্রয়েড।  

বাংলাদেশ থেকে থাকছেন সৈয়দ মনজুরুল ইসলাম, মইনুল আহসান সাবের, আলী যাকের, সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনোয়ারা সৈয়দ হক, আসাদ চৌধুরী, সলিমুল্লাহ খান, কায়জার হক, খাদেমুল ইসলাম প্রমুখ।

বিশ্বের ২৩টি দেশের দুই শতাধিকের বেশি বক্তা, পারফর্মার ও চিন্তাবিদ এই তিন দিনের আয়োজনে অংশ নেবেন।

এবারের লিট ফেস্টে আলোচনা, পারফর্মেন্সসহ নানা আয়োজনে সেশন থাকছে শতাধিক।

এবার প্রথমবারের মতো ব্রিটিশ সাহিত্য জার্নাল ‘গ্রান্টা’-র মোড়ক উন্মোচন হবে লিট ফেস্ট প্রাঙ্গণে।

আগামী ১০ নভেম্বর সম্ভাব্য সেশনের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ও এসব দেশের বংশোদ্ভূত লেখকদের ইংরেজি ভাষায় লেখা বা অনুবাদ করা সাহিত্যের সম্মানজনক ‘ডিএসসি’ পুরস্কার ঘোষণা দেওয়া হবে লিট ফেস্ট প্রাঙ্গণে।

বাংলাদেশে সাহিত্য জগতে স্বনামধন্য ‘জেমকন সাহিত্য পুরস্কার’ দ্বিতীয়বারের মতো লিট ফেস্টের শেষ দিনে ঘোষিত হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠেয় এই আয়োজনটি পরিচালনা করছেন বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, কবি সাদাফ সায্‌ সিদ্দিকী ও কবি আহসান আকবর।।

ঢাকা লিট ফেস্টের ‘কি স্পন্সর’ থাকছে ব্র্যাক।

পুরনো খবর:

নাইপলের হাত দিয়ে পর্দা উঠল ‘ঢাকা লিট ফেস্টের’