২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ছয় মামলায় ফালুসহ আসামি ১৬ জন, একজন গ্রেপ্তার

জালিয়াতি করে বন বিভাগের জমি দখল করায় খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মোসাদ্দেক আলী ফালুর নামে ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মামলায় আসামি হয়েছেন আরো ১৫ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 07:40 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

রোববার ভালুকা থানায় এসব মামলা করেন দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

গত ১৮ অক্টোবর এসব মামলা দায়েরের অনুমোদন দেয় দুদক।

এদিকে মামলার পর সোমবার অন্যতম আসামি বাগেরহাট জেলা রেজিস্ট্রার মো. ফজলার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ঘটনার সময় ফজলার ভালুকার সাব রেজিস্ট্রার ছিলেন। পরে ঢাকার কেরানীগঞ্জ ঘুরে বাগেরহাটের জেলা রেজিস্ট্রার হন তিনি।

বিএনপি চেয়ারপারসনের এক সময়কার সচিব ফালু পরে উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন। বর্তমান কমিটিতে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে ভাইস চেয়ারম্যান করা হলে তিনি পদত্যাগ করেন।  এরপর থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় এনটিভি চেয়ারম্যান ফালু নিজের ব্যবসা নিয়েই রয়েছেন।

সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা রয়েছে। তার সঙ্গে এখন আরও ছয়টি যোগ হল।

দুদক কর্মকর্তা প্রণব বলেন, “ময়মনসিংহের ভালুকা থানার পালগাঁও মৌজায় ছয়টি দলিলের মাধ্যমে ৯ দশমিক ৬৪ একর জমি মোসাদ্দেক আলী ফালুর নামে রেজিস্ট্রি করে আত্মসাৎ করা হয়। আত্মসাতের সহায়তা করার অভিযোগে বাকি ১৫ জনকে আসামি করা হয়।”

আসামিরা হলেন- জমির দলিল লেখক মো. আকরাম হোসেন জুয়েল, জমির ‘ভুয়া’ মালিক মো. রুহুল আমিন, মো. খোকা মিয়া, মো. ফললুল হক ওরফে দরবেশ আলী, মো. হাতেম আলী, জহুরা খাতুন, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল লতিফ, চম্পা আক্তার, সুফিয়া খাতুন, ফাতেমা খাতুন, জুবেদা খাতুন, মাজেদা বেগম ও সাফ খাতুন।

মামলার এজাহারে বলা হয়, মোসাদ্দেক আলী ফালু ওই জমি বন বিভাগের সম্পত্তি জেনেও নিজে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে নিজ নামে রেজিস্ট্রি করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

গত বছরের ৩ অক্টোবর ভালুকা উপজেলা ভূমি অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে সংরক্ষিত বনভূমি হিসাবে চূড়ান্তভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত গেজেটভুক্ত ওই জমি হন্তান্তর, নামজারি, জমা-খারিজ, রেকর্ড সংশোধন ইত্যাদি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা জারি করা হয়েছিল।

একইসঙ্গে বন বিভাগের গেজেটভুক্ত জমি রেজিস্ট্রি করা হয়ে থাকলেও তা বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়কে বলা হয়।

ওই বিজ্ঞপ্তির পরও তৎকালীন ভালুকা উপজেলা সাব রেজিস্ট্রার ফজলার রহমান আইন ও বিধি বিধান অনুসরণ না করে অবৈধ সুবিধা নিয়ে দালাল চক্রের যোগসাজশে ছয়টি দলিলে রেজিস্ট্রি করে সরকারি সম্পত্তি ফালুকে হস্তান্তর করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পুরনো খবর:

ফালুর বিরুদ্ধে ৬টি মামলা করছে দুদক