সুপ্রিম কোর্ট ঘুরে প্রধান বিচারপতির বাসায় আইনমন্ত্রী
সুপ্রিম কোর্টে গিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে দেখা করে তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়ার পর ছুটিতে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গেও সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রী প্রথমে সুপ্রিম কোর্ট এবং পরে হেয়ার রোডে বিচারপতি সিনহার বাসায় যান।
প্রায় আধা ঘণ্টা সেখানে কাটিয়ে বিকাল ৪টার ৪০ মিনিটে আইনমন্ত্রী যখন বেরিয়ে আসছিলেন, হাসিখুশি প্রধান বিচারপতিকে তখন লনে বেরিয়ে এসে বিদায় জানাতে দেখা যায় ফটক থেকে। এ সময় তার পরনে ছিল বিস্কুট রঙের পাঞ্জাবি।
আনিসুল হক পরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি অসুস্থ মানুষ, বিশ্রামে আছেন। উনাকে দেখতে গিয়েছিলাম, দেখে এসেছি।”
দুপুরে প্রধান বিচারপতির অস্ট্রেলিয়া দূতাবাসে যাওয়ার খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, “আমিও জিজ্ঞেস করিনি, উনিও এ বিষয়ে কোনো কথা বলেননি।”
ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা বিচারপতি সিনহার চাকরির মেয়াদ রয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। তিনি মঙ্গলবার থেকে এক মাসের ছুটিতে যাওয়ায় রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির কার্যভার দিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে।
বিএনপি অভিযোগ তুলেছে, ওই রায়ের কারণেই চাপ দিয়ে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছে সরকার।
প্রধান বিচারপতি এস কে সিনহা (ফাইল ছবি)
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে গিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইনমন্ত্রী।
পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রথমে বিচারপতি ওয়াহহাব মিঞার সঙ্গে সাক্ষাৎ হলেও পরে আপিল বিভাগের অপর চার বিচারক তাদের সঙ্গে যোগ দেন।
বেলা ১টা ৫৫ মিনিটে এসে প্রায় সোয়া এক ঘণ্টা দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেন আইনমন্ত্রী।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। তার সাথে আমার মতবিনিময় করা… দিস ইজ পার্ট অব রিচ্যুয়াল। সেই কারণে আমি উনার সঙ্গে দেখা করেছি। উনি যে দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব পালনে আমার সম্পূর্ণ সহযোগিতার কথা বলেছি।”
এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে আনিসুল হক বলেন, “এর আগে দুই জন প্রধান বিচারপতি দায়িত্বভার গ্রহণ করার পরও আমি এসে দেখা করেছিলাম। তখন আমি তাদের বলেছিলাম, আইন মন্ত্রণালয় হচ্ছে বিচার বিভাগ-নির্বাহী বিভাগের সেতুবন্ধন। সে কথা আমি এবারও বলেছি। আমাদের সহযোগিতার কোনো কমতি থাকবে না।”
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা এর আগেও ২৬ বার ওই দায়িত্ব পালন করেছেন। তখন সৌজন্য সাক্ষাৎ করতে না আসার বিষয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, “আমার জানা মতে এর অগে কখনই কিন্তু উনি অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে কার্যভার গ্রহণ করেননি।”
