প্রধান বিচারপতির অবস্থা জানতে চাইবে সুপ্রিম কোর্ট বার
আলোচনা-সমালোচনার মধ্যে এক মাসের ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবস্থা জানতে সহযোগিতা ও দিক-নির্দেশনা চেয়ে আপিল বিভাগের এক নম্বর আদালতের শরণাপন্ন হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার বিকালে ৩৮ জন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে সমিতির পূর্ব নির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
সরকার প্রধান বিচারপতিকে চাপ দিয়ে ছুটিয়ে পাঠিয়েছে বলে অভিযোগ তোলার পর মঙ্গলবার সমিতির বৈঠকে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল।
আইনজীবী সমিতির কার্যকরি কমিটির অধিকাংশ সদস্যের সঙ্গে সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল আওয়াল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, গিয়াসউদ্দিন আহমেদ বৈঠকে ছিলেন।
বিএনপির নিয়ন্ত্রণে থাকা সমিতির উদোগে অনুষ্ঠিত এই বৈঠকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠক শেষে সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, তারা সর্বসম্মতভাবে দুটি প্রস্তাব গ্রহণ করেছেন।
সভাপতি জয়নুল আবেদীন বলেন, “প্রথম রেজুলেশন হল, আজকের সভায় যারা উপস্থিত ছিলেন সেসব জ্যেষ্ঠ আইনজীবী এবং সমিতির সকল সদস্য মিলে আগামীকাল সকাল ৯টায় আপিল বিভাগের এক নম্বর আদালতে লিখিতভাবে দিক-নির্দেশনা এবং সাহায্য কামনা করব, কীভাবে বর্তমান প্রধান বিচারপতির অবস্থা জানতে পারি।
“দ্বিতীয় রেজুলেশন হলো- সাবেক অনেক বিচারপতি আছেন যারা আদালতে আসেন। তাদের অনেকেই বারের মেম্বারশিপ নিয়েছেন। তাদের মধ্যে সাবেক জ্যেষ্ঠ বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নেতত্বে একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করবেন।”
তারা কবে কখন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে যাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার আইনজীবী সমিতি ফের জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসবে বলে জানান জয়নুল আবেদীন।
প্রধান বিচারপতির ছুটি নিয়ে আগের অবস্থানেই আছে আইনজীবী সমিতি। এদিকে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলছেন, বিষয়টি নিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক সৃষ্টি করতে চাইছে বিএনপি।
বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, “প্রথম থেকেই বলে এসেছি, এই বার অ্যাসোসিয়েশনে আমরা রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করতে চাই না। এখানে আমাদের বক্তব্য, কর্মকাণ্ড রাজনীতির ঊর্ধ্বে।
“যার যার রাজনীতি তার তার কাছে থাকবে, কিন্তু এই সমিতির মান-মর্যাদা, বিচার বিভাগের মান-মর্যাদা রক্ষা করার দায়িত্ব হচ্ছে অরাজনৈতিকভাবে। আমাদের বিচার ব্যবস্থাকে আমরা সম্মানের সাথে দেখতে চাই। সম্মানের সাথে সকল বিচারক দায়িত্ব পালন করুক, সে জন্য আমাদের যতটুকু সাহায্য-সহযোগিতা করা দরকার, সেটি আমরা করতে চাই।”
প্রধান বিচারপতিকে এক মাসের ছুটিতে বাধ্য করা হয়েছে এমন অভিযোগে বুধবারও সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা।
