২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যপুস্তকে ‘সাম্প্রদায়িকীকরণের’ প্রতিবাদে জাতীয় কনভেনশনের ডাক

সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে পাঠ্যপুস্তকে পরিবর্তনের প্রতিবাদে জাতীয় কনভেনশনের ডাক দিয়েছে জাতীয় শিক্ষা সংস্কৃতি রক্ষা আন্দোলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2017, 01:23 AM

Updated : 11 Oct 2022, 02:31 PM

পুরনো খবর:

‘সরকার প্রধানের গোচরেই পাঠ্যপুস্তকে পরিবর্তন’
‘পাঠ্যপুস্তকে পরিবর্তনে প্রতারণার আশ্রয় নিচ্ছে এনসিটিবি’
‘সরকার হেফাজতকে রাজনৈতিক শক্তি বানিয়ে জুজুর ভয় দেখাতে চায়’
পাঠ্যবইয়ে আনা পরিবর্তন বেআইনি নয় কেন: হাই কোর্ট
‘পাঠ্যবইয়ে পরিবর্তনের পর নিজেদের অপ্রতিরোধ্য ভাবছে মৌলবাদীরা’
‘মুখে মুক্তিযুদ্ধের চেতনা, বইতে সাম্প্রদায়িকতা চলবে না’
‘সাম্প্রদায়িক পাঠ‌্যপুস্তক দিয়ে অসাম্প্রদায়িক দেশ হবে না’  
পাঠ্য বইয়ে ভুলের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ

শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গড়ে উঠা এই প্ল্যাটফর্ম থেকে রোববার এক সংবাদ সম্মেলনে বলা হয়, ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্ল্যাটফর্মটির সভাপতি অধ্যাপক অজয় রায় এই জাতীয় কনভেনশনের উদ্বোধন করবেন। তারপর তারা র‌্যালি করে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে একটি সমাবেশ করবেন।

হেফাজতে ইসলামের দাবির মুখে এ বছর প্রথম থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে প্রতিথযশা ও স্বনামধন্য অনেক লেখকের লেখা বাদ দেওয়া হয়। লিঙ্গ বৈষ্যমের নানা উপাদানও ঠাঁই পায় বইগুলোতে।

এরপরই সামাজিক-সাংস্কৃতিক সংগঠন থেকে নিন্দার ঝড় উঠে। বিভিন্ন সভা, সমাবেশে এসে বিভিন্ন মাধ্যমের ব্যক্তিত্বরা এতে সরকার প্রধানের ‘ইন্ধন’ রয়েছে বলেও অভিযোগ করছেন।

পাঠ্যপুস্তক থেকে ওই লেখকদের লেখা বাদ দিয়ে আনা পরিবর্তন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাই কোর্ট।

মে মাসে এক বৈঠকে পাঠ্যবইয়ে ভুলের জন্য দায়ীদের শুধু দপ্তর বদল বা বদলি নয়, দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

তুমুল সমালোচনার মুখে জুলাই মাসে শিক্ষা মন্ত্রণালয় দুটি কমিটি গঠন করে। ওই কমিটি পাঠ্যবইয়ের কনটেন্ট পরিবর্তন ও পাঠযোগ্য করতে কাজ করছে।

কমিটির প্রতি আস্থা রাখলেও তাদের প্রতিবেদন প্রকাশিত হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন জাতীয় শিক্ষা সংস্কৃতি রক্ষা আন্দোলনের নেতারা।

এর যুগ্ম আহ্বায়ক কামাল লোহানী বলেন, “মূলত লোক দেখাতেই সরকার এই কমিটি গঠন করেছে। পাঠ্যপুস্তকে কী পরিবর্তন হবে, তা তো আগেই ঠিক করে রাখা হয়েছে। কমিটি প্রথিতযশা লেখকদের লেখাগুলো পুনঃসংযোজনের সুপারিশ করলেও তাদের এসব সুপারিশ সরকার বিবেচনা করলে তো!”

তিনি বলেন, “২০১৩ সালে সরকারের বিরুদ্ধাচরণ করেছিল যারা, এখন সরকার কেন তাদের কাছে টেনে নিয়েছে? সামনে যে ভোট, তখন যদি ভোটের মাঠে তাদের সমর্থন পাওয়া যায়।”

উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক সফিউদ্দিন আহমদ, ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাইমা খালেদ মনিকা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী।