২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাম্প্রদায়িক পাঠ‌্যপুস্তক দিয়ে অসাম্প্রদায়িক দেশ হবে না’  

পাঠ‌্যপুস্তকে ‘ভুল এবং সাম্প্রদায়িকীকরণের’ দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সরকারের অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়ার ঘোষণা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এক আলোচনা অনুষ্ঠান থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 11:44 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের শিক্ষাধারার গতিপ্রকৃতি’ শিরোনামের এই গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধে কয়েকটি উদাহরণ তুলে ধরে বলা হয়, “সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়তে অসাম্প্রদায়িক পাঠ্যপুস্তক চাই।”

পাঠ‌্যপুস্তক নিয়ে অব‌্যাহত সমালোচনার মধ‌্যে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অধ‌্যাপক এন এন রাশেদা।

ঢার নটরডেম কলেজের সাবেক এই শিক্ষক বলেন, “হেফাজতে ইসলামের দাবির প্রতি সমর্থন দিয়ে প্রাথমিকের বইয়ে অন্যায়ভাবে ও নিয়মবহির্ভূভাবে পরিবর্তন আনা হয়েছে।

“সংকলন রচনা ও সম্পাদনায় নিযুক্ত শিক্ষকদের না জানিয়ে এসব কাজ করা হয়েছে। এতে যে মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে, তা তো তথ্য প্রমাণেই বেরিয়ে আসছে।”

তিনি বলেন, এক শ্রেণির ইংরেজি বইয়ের একটি অনুচ্ছেদে ‘উত্তম’ নামে একটি চরিত্র ছিল। উত্তম হিন্দু শব্দ হওয়ায় তা কেটে ‘অলিউল’ করা হয়েছে। পঞ্চম শ্রেণির বাংলা বই থেকে হুমায়ুন আজাদের ‘বই’ কবিতাটি বাদ দেওয়া হয়েছে।

“হেফাজতের হুজুরেরা মনে করেন, বই শব্দটি কুরআন শরিফকে ইঙ্গিত করা হয়েছে। এতে নাকি কোমলমতি শিশুদের ইসলাম বিদ্বেষী করা হচ্ছে। ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ে ওয়াজেদ আলীর ‘রাঁচি ভ্রমণ’ বাদ দেওয়া হয়েছে। কারণ ভারতের ঝাড়খন্ডের রাজধানী রাঁচি হিন্দুদের একটি তীর্থস্থান।”

সপ্তম শ্রেণির বাংলা বইতে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘লাল ঘোড়া’ গল্পটি বাদ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “গল্পে লালু নামে একটি ঘোড়া ছিল। এতে পশুর প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। বাদ পড়েছে সুকুমার রায়ের ‘আনন্দ’ কবিতা। কালিদাস রায়ের ‘অপূর্ব প্রতিশোধ’ কবিতা ইসলামের প্রশংসা করে লেখা হয়েছে, তবুও এটি বাদ দেওয়া হয়েছে।”

পাকিস্তান আমলে ১৯৬৯ সালের পাঠ্যবই পরিবর্তনের ঘটনার সঙ্গে এবারের ঘটনার মিল পাচ্ছেন এই অধ‌্যাপক।

তিনি বলেন, “পাঠ্যবইয়ে সাম্প্রদায়িকতার জন্য হেফাজতে ইসলামী যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী পাঠ্যপুস্তক বোর্ডের কিছু অতি উৎসাহী কর্মকর্তা, যারা মুখে মুখে মুক্তিযুদ্ধের সমর্থক হলেও মননে হেফাজতপন্থি।”

সুশাসনের জন‌্য নাগরিক-সুজনের ঢাকা কমিটির আয়োজনে এই গোলটেবিল আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে।

“হেফাজত ইসলামীর পরামর্শ মোতাবেক সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। এতে কোটি কোটি বাচ্চাদের সাম্প্রদায়িক শিক্ষা দিচ্ছি, যা একপ্রকার গণহত্যার শামিল।”

ভাষাসৈনিক শরিফা খাতুন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, রাজনীতিক হায়দার আকবর খান রনো, রুহিন হোসেন প্রিন্স, গণস্বাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাস অনুষ্ঠানে আলোচনা করেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, “শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িকতা বিরাজ করছে। দীর্ঘদিনের দাবি হচ্ছে, একমুখী শিক্ষাব্যবস্থার, অথচ সরকার মাদ্রাসা শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। শিক্ষা ব্যবস্থায় গলদ দূর করতে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে বাধ্য করতে হবে।”

তপন কুমার দাস বলেন, “পাঠ্যপুস্তকের পাতায় পাতায় বানান, উপস্থাপনা এবং গণিতে ভুল রয়েছে। যেনতেনভাবে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে। এতে শিশুরা ভুল শিখছে।”