পাঠ্যবইয়ে আনা পরিবর্তন বেআইনি নয় কেন: হাই কোর্ট
প্রথম থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ‘প্রতিথযশা ও স্বনামধন্য’ লেখকদের লেখা বাদ দিয়ে আনা পরিবর্তন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করে।
শিক্ষা সচিব, জাতীয় পাঠ্যপুস্তক ও কারিকুলাম বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বছরের প্রথম দিন চার কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ তুলে দেয় সরকার।
তাতে বিভিন্ন ভুল-ক্রটির কারণে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সমালোচনা হয়। পাশাপাশি বেশ কয়েকজন লেখক-কবির রচনা বাদ দেওয়ার পেছনে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকার অভিযোগ ওঠে।
এই প্রেক্ষাপটে শিক্ষাবিদ মমতাজ জাহান এবং অধ্যাপক আনোয়ার হোসেন গত ২৩ ফেব্রুয়ারি এই রিট আবেদনটি করেন।
তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
মামুন মাহবুব পরে সাংবাদিকদের বলেন, “পাঠ্যপুস্তক থেকে সুপরিচিত, স্বনামধন্য, প্রতিথযশা ও মুক্তিযুদ্ধের চেতনাধারীদের লেখা বাদ দিয়ে খুব সুক্ষ্মভাবে সাম্প্রদায়িক, পাকিস্তানি ভাবধারা ঢুকিয়ে দেওয়া হয়েছে। গোলাম মোস্তফা, হুমায়ুন আজাদ, শরৎচন্দ্র, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর লেখা বাদ দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার দেশ চালাচ্ছে, তখন এটা কিসের ষড়যন্ত্র। এ কারণে রিট আবেদনটি করা হয়েছে। আদালত রুল জারি করেছে।”
রিট আবেদনে বলা হয়, ২০১৩ সালে ‘স্বনামধন্য-সুপরিচিত’ লেখকদের লেখা প্রথম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়। সে সময় ‘অসাম্প্রাদায়িক, গণতান্ত্রিক, সামাজিক, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন’ লেখা অন্তর্ভুক্ত করা হয়েছিল।
“গত বছরের ৮ এপ্রিল হেফাজতে ইসলামের দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে সেসব লেখকের লেখা বাদ দিতে বলা হয়। তার মধ্যে হুমায়ুন আজাদসহ বিশিষ্ট লেখকরা রয়েছেন। এরপর চলতি বছরে এসে এনসিটিবি হেফাজতে ইসলামের দাবি অনুযায়ী অনেক বিষয় বাদ দেয় এবং হেফাজতের সুপারিশকৃত বিষয় যুক্ত করে।
“অথচ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপন্দ্রেকিশোর রায় চৌধুরী, সুকুমার রায়ের লেখা পাকিস্তান আমলেও পাঠ্যপুস্তকে ছিল।”
যেসব লেখকের লেখা বাদ দেওয়া হয়েছে তার একটি তালিকাও রিট আবেদনে যুক্ত করে দেওয়া হয়েছে।
এতে দেখা যায়, পঞ্চম শ্রেণির বাংলা বই থেকে গোলাম মোস্তফার ‘প্রার্থনা’, হুমায়ুন আজাদের ‘বই’, ষষ্ঠ শ্রেণির বাংলা চারুপাঠ থেকে এস ওয়াজেদ আলীর ‘রাঁচি ভ্রমণ’, সানাউল হকের কবিতা ‘সভা’ বাদ দেওয়া হয়েছে।
এছাড়া আনন্দপাঠ থেকে বাদ দেওয়া হয়েছে সত্যেন সেনের ‘লাল গরুটা’, শরৎচন্দ্রের গল্প ‘লালু’, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ‘রামায়ন কাহিনী’।
নবম শ্রেণির বাংলা বই থেকে সঞ্জীবচন্দ্র চট্টপধ্যায়ের ‘পালামৌ’, রতন দাসের কবিতা ‘সুখের লাগিয়া’, ভারতচন্দ্রের ‘আমার সন্তান’, লালন সাঁইয়ের ‘সময় গেলে সাধন হবে না’, রঙ্গলাল বন্দোপাধ্যায়ের ‘স্বাধীনতা’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সাঁকোটা দুলছে’, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘খতিয়ান’ ও তৃতীয় শ্রেণির বাংলা বই থেকে কুসুম কুমারী দাসের ‘আদর্শ ছেলে’ কবিতার একাদশ থেকে চতুর্দশ লাইন বাদ দেওয়া হয়েছে।
আদালতের রুল জারির পর মমতাজ জাহান সাংবাদিকদের বলেন, “আমরা ধর্মনিরপেক্ষ দেশ চাই। এই দেশে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এমন সাম্প্রদায়িকতা আমরা চাই না। এ কারণেই আমরা রিট আবেদনটি করেছি।”
