২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার প্রধানের গোচরেই পাঠ্যপুস্তকে পরিবর্তন’

নতুন বছরে পাঠ্যপুস্তকে প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়েই হয়েছে বলে রাজধানীর এক গোলটেবিল আলোচনায় অভিযোগ করেছেন আলোচকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 11:54 PM

Updated : 11 Oct 2022, 01:44 PM

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নতুন বছরের পাঠ্যপুস্তকে বিভিন্ন বিষয় সংযুক্তি ও বাদ দেওয়ার প্রতিবাদে ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। 

আলোচনায় সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি বলেন, “শুধু শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিকল্পিতভাবে পাঠ্যপুস্তকে পরিবর্তন এনেছে বলে আমি মনে করি না। বর্তমানে একজনের নির্দেশেই আমাদের দেশটি পরিচালিত হচ্ছে। পাঠ্যপুস্তকে এতবড় পরিবর্তন তার অনুমোদন ছাড়াই হয়েছে, এটা না বিশ্বাস করার কোনো কারণ নেই। 

“কেউ কেউ বলেন, শিক্ষা মন্ত্রী মন্ত্রিত্বে আছেন কী করে! আমি বলি, পরিবর্তন না করলে মন্ত্রিত্ব থাকত কি না সেটাই প্রশ্ন।”

রফিউরকে সমর্থন করে সাংবাদিক কামাল লোহানি দেশে সাম্প্রদায়িকতা অবস্থা সরকার নিজে তৈরি করেছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “বিচারালয়ের শরণাপন্ন হয়ে কতটা চাপ সৃষ্টি করতে পারবেন, আমি জানি না। এই সরকার এখনও মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আছে কি না সন্দেহ। নুরুল ইসলাম নাহিদের মত লোক কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল, এখন কেবল অনর্গল বক্তৃতাই করে যায়।

এই সাম্প্রদায়িক পাঠ্যপুস্তক সরাতে সারা দেশে আন্দোলন গড়ে তোলা দরকার।” 

আলোচনায় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহাম্মাদ বলেন, “এই সরকার যাই করে তাই কি মুক্তিযুদ্ধের চেতনা? মানুষের মনে একটা ধারণা, শেখ হাসিনা কোনো ভুল করতে পারে না। সামনে এদের ভয়ংকর চেহারা আরো বেড়িয়ে আসবে।”

পাঠ্যপুস্তকে ‘বিকৃতির’ সঙ্গে বাণিজ্যিকীকরণ, প্রশ্নফাঁস ও দুর্নীতিরোধ এই তিনটি ইস্যুতে আন্দোলন করার আহ্বান জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

‘প্রধানমন্ত্রীর সবুজ সংকেতেই’ ইসলামী ভাবাদর্শে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে বলেন অভিযোগ অধ্যাপক অজয় রায়ের।

তিনি বলেন, “হেফাজতিকরণের ফলে আমরা দেশের সংবিধানকে মন থেকে মুছে ফেলেছি। এটি সরকার সংশ্লিষ্ট সবাইকেই বলছি। এর দায়বদ্ধতা শেখ হাসিনার বহন করতে হবে।

“আমার শেষ কথা, আন্দোলন, আন্দোলন, আন্দোলন।”

গোলটেবিল বৈঠকে উপস্থিত সবাই পাঠ্যপুস্তক পরিবর্তন করার ঘটনায় আন্দোলনের পক্ষে মত দেন।

বৈঠকে অন্যদের মধ্যে সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বাসদের সাধারণ সম্পাদক খালেদুজ্জামান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বক্তব্য রাখেন।