২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাঠ্যপুস্তকে পরিবর্তনে প্রতারণার আশ্রয় নিচ্ছে এনসিটিবি’

পাঠ্যপুস্তকে পরিমার্জন এনে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপানোর সিদ্ধান্ত নেওয়ার পর উদীচী শিল্পীগোষ্ঠী অভিযোগ করেছে, পাঠ্যপুস্তকের মূল পরিবর্তনগুলোতেই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 12:55 AM

Updated : 11 Apr 2022, 11:53 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে উদীচী শিল্পীগোষ্ঠী বলছে, “পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বইসমূহের মূল পরিবর্তনগুলোতে হাত না দিয়ে কেবল বানানসহ দু-একটি ভুল সংশোধন করে এনসিটিবি দেশবাসীর সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে।”

এ বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিতরণের পর সেগুলোতে ‘হেফাজতের দাবি মেনে’ নানা পরিবর্তন আনা হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রথম শ্রেণিতে ‘ও’ বর্ণে শব্দ শেখানোর চেষ্টায় ‘ওড়না’ ব্যবহারের সমালোচনা হয়। ‘অ’ বর্ণে ‘অজ’ হিসেবে ছাগলের গাছে উঠার ছবি নিয়েও হাস্যরসের সৃষ্টি হয়।

সমালোচনার মুখে পড়ে এনসিটিবি মাধ্যমিকে ১২টি পাঠ্যপুস্তকে পরিবর্তনের উদ্যোগ নেয়, একইসঙ্গে ‘হেফাজতের দাবির মুখে বাদ দেওয়া’ বিষয়গুলোও ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে সরকারি বিশেষজ্ঞ কমিটি। বিশেষজ্ঞ কমিটির এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে উদীচী।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, “২০১৭ সালের পাঠ্যবইগুলোতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদিত সাম্প্রদায়িক পরিবর্তন বহাল রেখে আগামী বছরের পাঠ্যবই মুদ্রণ করে বিতরণের আয়োজন করা হলে তা দেশের অসাম্প্রদায়িক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।”

মৌলবাদীদের  দাবির পরিপ্রেক্ষিতে এ বছর পঞ্চম থেকে দশম শ্রেণির বাংলা ও আনন্দপাঠ বই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কালিদাস রায়, সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, সুকুমার রায়, ফয়েজ আহমদ, সানাউল হক, নারায়ণ গঙ্গোপাধ্যায়, জসিম উদ্দিন, স্বর্ণকুমারী দেবী, লালন শাহ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, হুমায়ুন আজাদ, সুনীল গঙ্গোপাধ্যায়, মোতাহার হোসেন চৌধুরী, জ্ঞানদাস ও ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা বাদ দেওয়া হয়েছে।

পরে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো সরকারের এই ভূমিকার তীব্র সমালোচনা করে। সরকার হেফাজতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করে তারা।

যৌথ বিবৃতিতে উদীচী নেতারা বলেন, “মূলত পশ্চাৎপদ ও মৌলবাদের তোষণনীতির কারণেই পাঠ্যপুস্তকে এই পরিবর্তনগুলো আনা হয়েছে।”

পঞ্চম থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে প্রগতিশীল লেখকদের বাদ দেয়া লেখাগুলো অবশ্যই পুনঃস্থাপনে দাবি জানায় উদীচী।

বিবৃতিতে বলা হয়, “এই সব কালোত্তীর্ণ রচনা শিশু-কিশোরদের সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা, ভ্রাতৃত্ববোধ, দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং সত্য, ন্যায় ও সুন্দরের প্রতি আকৃষ্ট করে তুলতে পারে। ২০১৮ সালের পাঠ্যপুস্তকে উল্লেখিত লেখকদের বাদ দেয়া লেখাগুলো পুনঃস্থাপন করে সরকার মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাধারার প্রতি সম্মান প্রদর্শন করবে বলে উদীচী আশা করে।”