২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার হেফাজতকে রাজনৈতিক শক্তি বানিয়ে জুজুর ভয় দেখাতে চায়’

হেফাজতে ইসলাম, ওলামা লীগের মতো সাম্প্রদায়িক শক্তির উত্থান ও আস্ফালনে দেশের মানবিক পরিস্থিতি অত্যন্ত ‘উদ্বেগজনক’ বলে মনে করছেন সংস্কৃতিজনেরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 07:56 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষাপটে পাঠ্যপুস্তকে পরিবর্তন ও ভাস্কর্য অপসারণের ঘটনায় ক্ষুব্ধ সংস্কৃতিজনদের অভিযোগ, সরকার প্রকারান্তরে হেফাজতকে পুষছে।

‘মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতিবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী রুখে দাঁড়াও’ শিরোনামে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সংস্কৃতিকর্মীদের অবস্থান কর্মসূচি পালিত হয় শনিবার সকালে।

জোটের আহ্বানে দেশের বিভিন্ন স্থানে একই রকম অবস্থান কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক সংগঠনগুলো।

কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে নাট্য সংগঠক রামেন্দু মজুমদার সরকারের বিরুদ্ধে জনগণকে হেফাজত জুজুর ভয় দেখাতে চাওয়ার অভিযোগ আনেন।

তিনি বলেন, “সরকার এখন হেফাজতকে একটি রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে জুজুর ভয় দেখাতে চায়। আমার মনে হয়, এটাই এখন বর্তমান সরকারের সাফল্য। মাননীয় প্রধানমন্ত্রী কেন যে নিজ থেকে ভাস্কর্য প্রসঙ্গে বলতে গেলেন… এ নিয়ে তো জল কম ঘোলা হল না।

“আজকাল তো কিছু বলা যায় না। জুজু হয়ে গেছে, কেউ কিছু বললে তা ধর্মের বিরুদ্ধে বলা হয়। এই ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করা না গেলে নিজেদের কবর আমরা নিজেরাই খুঁড়ব।”

ভাস্কর্য অপসারণ, পাঠ্যপুস্তকে পরিবর্তন ও সর্বশেষ রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘর পোড়ানোর ঘটনায় বামধারার রাজনৈতিক দলগুলোর নিস্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে তার কাছ থেকে।

“রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। তারা এখন ভোটের হিসাব কষছে, ক্ষমতায় থাকার হিসাব কষছে।”

মৌলবাদীদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা সংস্কৃতিকর্মীরা ‘মেনে নেবে না’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন অভিনেতা রামেন্দু।

হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠকের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যকে ‘মূর্তি’ হিসেবে উল্লেখ করেছেন প্রসঙ্গ টেনে এতে হতাশা প্রকাশ করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

তিনি বলেন, “ভাস্কর্যকে মূর্তি হিসেবে বলা হলো, তা আমাদের শিক্ষা-দীক্ষা ও মূল্যবোধকে আঘাত করে। মাননীয় প্রধানমন্ত্রী যখন এই শব্দটি উচ্চারণ করেন, তখন আমরা বেশি হতাশ হয়ে পড়ি।”

সরকার হেফাজতকে এখন ‘তোষণ করছে’ বলেও অভিযোগ করেন তিনি। রামেন্দু মজুমদারের মতো তিনিও বামপন্থি রাজনৈতিক দলগুলোর নিস্ক্রিয়তা নিয়ে সরব হন। তার মতে, কমিউনিস্ট পার্টি, জাসদসহ দলগুলো এখন ‘গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছে’।

“রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন শর্ষের মধ্যে ভূত ঢুকে গেছে। এতই ভয় পেয়ে আছে ওরা যে টুঁ শব্দটিও করছে না। প্রগতিশীল রাজনীতির এ কোন হাল? এ তো এক মহাদুঃসময়।”

রাজনৈতিক শক্তি এখন ‘দেশপ্রেম ভাবনা’ বিলু্প্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংস্কৃতিকর্মীদের অংশীদারিত্ব না থাকাতেও হতাশা প্রকাশ করেন তিনি।

শহীদ মিনারের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অংশ নেন ১১ জন চিত্রশিল্পী। মৌলবাদের কালো থাবার বিরুদ্ধে তারা রংতুলিতে প্রতিবাদ জানান। এতে অংশ নেন শিল্পী মনিরুজ্জামান, কামাল পাশা চৌধুরী, নাজমা আক্তার, ইমরান হোসেন পিপলু, জাহিদ মোস্তফা, তৈমুর হান্নান, আমিনুল হাসান, আলপ্তগীন তুষার, রেজাউল হক, আব্দুল মালেক সাজু, দ্রাবিড় সৈকত।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে এই অবস্থান কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

তিনি বলেন, “জঙ্গি শক্তির উদ্ভব হয়েছে সারা দেশে। আমরা যখন সৃজনকর্ম দিয়ে এর বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলছি, তখন গণমানুষের সমর্থন পেলেও সরকারের কোনো সমর্থন পাচ্ছি না।”

সংস্কৃতিকর্মীদের একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকে আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি, তা ভালো নেই। সংগ্রামে আজ দ্বিধা ও সংশয়ের কোনো অবকাশ থাকলে চলবে না। আমাদের এই আন্দোলন বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রাখার আন্দোলন।”

চলমান পরিস্থিতিতে বাংলাদেশে মানবিক পরিস্থিতি অত্যন্ত ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ।

সংস্কৃতিকর্মীদের যখন মুর্তাদ বলা হয়, বরেণ্য ব্যক্তিত্বদের অশ্রাব্য গালি দেওয়া হয় তখন অসাম্প্রদায়িক চেতনায় ‘আঘাত আসে’ বলে মন্তব্য করেন তিনি।

তার অভিযোগ, মৌলবাদী শক্তিটি দেশ থেকে সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে হুমকি দিচ্ছে।

হেফাজতের মতো ‘দৃশ্যমান শত্রু’র বাইরেও বড় একটি অদৃশ্য শক্তি রয়েছে বলে মন্তব্য করেন আবৃত্তিশিল্পী আশরাফুল আলম।

“কর্পোরেট চাকরিজীবী ও ব্যবসায়ীদের মধ্যে কট্টর মৌলবাদী রয়েছে। সংখ্যায় তারা হেফাজত থেকেও বেশি। এই শত্রুদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।”

কতিপয় জঙ্গি হত্যা নয়, সাংস্কৃতিক জয়লাভই মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়লাভ’ বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক সংগঠক নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু।

হেফাজতকে একটি ‘ক্ষুদ্র শক্তি’ হিসেবে আখ্যায়িত করে তাদের মোকাবেলায় সংস্কৃতিকর্মীদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সামনে কঠিন সময়। বাংলাদেশের বিরুদ্ধে দেশ বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এখন এক নতুন বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে সব ধর্ম-বর্ণ-গোত্র ও জাতিসত্তার মানুষের অধিকার থাকবে।”

মৌলবাদীদের সঙ্গে আপোষকে রাজনৈতিক ‘অপকৌশল’ হিসেবে দেখছেন পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা।

“মৌলবাদীদের মতো ঘৃণ্য অপশক্তির সঙ্গে আপোষ করে এর আগে জিয়া, এরশাদ ও বিএনপি সরকার এখন চোরাবালিতে নিক্ষিপ্ত হয়েছে। এদের সঙ্গে আপোষ রাজনৈতিক অপকৌশল। যেকোনো মতাদর্শের দলই হোক না কেন, যারাই আপোষ করবে, তারা জনগণের সমর্থন থেকে দূরে সরে যাবে।”

সবশেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া যখন শেষ হওয়ার পথে তখন আমরা মনে করেছিলাম মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিটি ধুয়ে মুছে যাবে। কিন্তু হলি আর্টিজানের ঘটনার পর ঘটনার পর সেই পশ্চাৎপদ শক্তি আবারও সংস্কৃতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে।”

জোট সভাপতির আশঙ্কা - “এখন প্রশ্ন জাগে, তবে কি আমরা মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথে হাঁটছি ? আমরা যে বাংলাদেশের কথা বলছি সে বাংলাদেশ কি আমরা হারাতে বসেছি?”

সারা দেশের সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় কনভেনশনে মৌলবাদবিরোধী দীর্ঘমেয়াদী কর্মসূচির ডাক আসার ঘোষণাও দেন তিনি।

প্রতিবাদী কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি ড. নিগার চৌধুরী, গ্রুপ থিয়েটার ফেডারেশানের মহাসচিব  আকতারুজ্জামান, রবীন্দ্র সংগীত সম্মিলিন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম, অভিনেতা জিয়াউল হাসান কিসলু, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু।

এতে আবৃত্তি করেন মাহিদুল ইসলাম, নায়লা তারান্নুম কাকলী, রফিকুল ইসলাম। সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও স্বভূমি।