বরখাস্ত ঢাবি শিক্ষক সাহাদাৎকে পুনর্বহালে হাই কোর্টের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাহাদাৎ হোসেনকে বরখাস্তের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
এই বিষয়ে জারি করা রুলের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাই কোর্ট বেঞ্চ এই রায় দেয়।
আদালতে রিট আবেদনকারী এই শিক্ষকের পক্ষের শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু; ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
গত বছরের জুলাইতে মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশের পর সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী অধ্যাপক সাহাদাতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। চলতি বছরের ৬ মার্চ তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন সাহাদাৎ হোসেন। প্রাথমিক শুনানি শেষে গত ৭ জুন আদালত রুল জারি করে।
মঙ্গলবার রায়ের পর ব্যারিস্টার তাহসিনা সাংবাদিকদের বলেন, সাহাদাৎ হোসেনকে বরখাস্ত করার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিস দেয়নি। অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করা হয়।
“আইন অনুযায়ী এই বরখাস্ত হয়নি। তাই আদালত বরখাস্তের আদেশকে অবৈধ ঘোষণা করেছে। ফলে ড. সাহাদাৎ হোসেনের চাকরিতে পুনর্বহালে বাধা নেই।”
