২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্ত সাহাদাতের দাবি নাকচ করল ঢাবির তদন্ত কমিটি

ছাত্রীদের যৌন নিপীড়নের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত অধ্যাপক সাহাদাৎ হোসেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার যে দাবি করছেন তা নাকচ করেছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 08:01 PM

Updated : 19 Aug 2022, 04:01 PM

তদন্ত কমিটি দুই দফায় তার বক্তব্য শুনেছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আকতার।

সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করার পর ওই বিভাগের অধ্যাপক সাহাদাৎ হোসেনকে প্রথমে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়।

তাদের প্রতিবেদনের ভিত্তিতে গত ২৭ ফ্রেবুয়ারি সিন্ডিকেট সভায় সাহাদাৎ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান সাহাদাৎ হোসেন।

তাকে বরখাস্তের আদেশ ‘আইনসংগত হয়নি’ দাবি করে তিনি বলেন, “বিভাগ থেকে পাশ করে যাওয়ার চার মাস পর দুই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অভিযোগ করায়।

“আমি ইতিপূর্বে বিভিন্ন মিডিয়ায় উল্লেখ করেছিলাম, কীভাবে আমার প্রফেশনাল অর্জনে ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহলটি প্রাক্তন ছাত্রীদের দ্বারা এই কাজটি করেছিল।

“আমি বিদেশে আসার পর আমার অনুপস্থিতিতে ওই কুচক্রী মহলের তৎপরতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে কোনো ধরনের শোকজ না করে এবং কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বেআইনিভাবে (৯ মার্চ, ২০১৭ ইং তারিখে একটি চিঠি ইস্যু করার মাধ্যমে) আমাকে চাকুরি থেকে বরখাস্ত করেছে।”

তার এই অভিযোগ নাকচ করে সিন্ডিকেট সদস্য নীলিমা আকতার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার অভিযোগ ভিত্তিহীন, তাকে দুইবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।

“উনাকে তদন্ত কমিটি দুইবার ডেকেছে। প্রথমবার উনার কাছ থেকে শুনেছে। আবার ছাত্রীদের কাছ থেকে শুনেছে। পরে ছাত্রীদের মুখোমুখি করে তদন্ত কমিটি কথা বলেছেন। দুইজন ছাত্রী মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছে।”

এই তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আরও দুজন অধ্যাপক এবং একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন জানিয়ে তিনি বলেন, “তদন্ত কমিটি উনার বক্তব্য শুনেছে, ছাত্রীদের বক্তব্য শুনেছে। অন্যান্য শিক্ষকের বক্তব্য শুনেছে।

“সব পক্ষের বক্তব্য শুনে তারপরে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে। এটা ন্যায়সঙ্গত-আইনসঙ্গত নয়, তার এই অভিযোগ ভিত্তিহীন।”