আনসারউল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের (আনসার আল ইসলাম) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
রাজধানীর মতিঝিলের পীরজঙ্গি মাজার এলাকা থেকে রোববার তাদের গ্রেপ্তার করা হলেও বিষয়টি সোমবার সকালে সাংবাদিকদের জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারকৃতরা আনসারউল্লাহ বাংলা টিমের দাওয়াতি শাখার সদস্য।”
দুপুরে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃতদের বিষয়ে জানান পুলিশের কাউন্টার টেরোরিজম শাখার প্রধান মনিরুল ইসলাম।
এরা হলেন- এবিএম সোহেল উদ দৌলা সোহেল, আহাদুল ইসলাম সাগর, জগলুল হক মিঠু ও মো.তোয়াসিন রহমান। এদের মধ্যে সোহেল আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক, বাকিরা একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ২টি নোটবুক, ২টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট এবং ‘মানহাজের ব্যাপারে নির্দেশনা’ নামে ওসামা বিন লাদেনের ও ‘এ যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে’ নামে আনোয়ার আল আওলাকির দুটি অনুবাদগ্রন্থ উদ্ধার করা হয়।
মনিরুল বলেন, আসামিরা আনসারুল্লাহ বাংলা টিমের দাওয়াতি শাখার পাশাপাশি ব্লগারদের হত্যার পরিকল্পনার দায়িত্বে ছিল। তারা পলাতক জঙ্গি হাসান ওরফে রেজার মাধ্যমে ২০১৪ সালে সংগঠনে যোগদান করে বিভিন্ন জঙ্গি কার্যক্রমে অংশ নিয়ে আসছে।
“আনসার আল ইসলাম বা আনসারউল্লাহ বাংলাটিমের সাবেক সেনাসদস্য জিয়ার প্রচলন করা মূলধারার সঙ্গেও এদের যোগাযোগ রয়েছে।”
চার জনের মধ্যে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সোহেল বাকিদের ‘জিহাদে’ অংশ নিতে সিরিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল বলে জানান তিনি।
গত ২ মে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন আনসারউল্লাহ বাংলা টিমের (আনসার আল ইসলাম) তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আশফাক উর রহমান অয়ন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে পুলিশ হেফাজতে আছেন তিনি।
