জঙ্গি আশফাক রিমান্ডে
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান’ আশফাক উর রহমান অয়নকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই পুলিশের করা এক রিমান্ড আবেদনের শুনানি করে মঙ্গলবার হেফাজতে নেওয়ার এ আদেশ দেন।
এর আগে বিকালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. মনিরুল ইসলাম সোমবার রাতে গ্রেপ্তার অয়নকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান।
আবেদনে প্রেক্ষাপটে পাঁচদিনের রিমান্ড অনুমোদনের পাশাপাশি হাই কোর্টের নির্দেশনা মেনে সতর্কতার সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠনদের এ সদস্যকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন মহানগর হাকিম।
আগামী সাত কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে বলেও আদেশে বলা হয়।
সোমবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে অয়নকে গ্রেপ্তার করা হয়; রিমান্ড আবেদনে যাকে আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) ‘তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান’ বলেছে পুলিশ।
ইতোমধ্যে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এ ইউনিটের পরিদর্শক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ২০১৫ সালে আনসার আল ইসলামের সামরিক শাখায় যোগদান করে মেজর জিয়ার অধীনে ও পরিচালনায় রাজধানীর উত্তরা ও পল্লবী কালাপানি এলাকায় কথিত ‘নাস্তিক ব্লগার’ হত্যা সংক্রান্ত প্রশিক্ষণে অংশ নেয় অয়ন। এরপর তিনি সংগঠনের সামরিক শাখার আইটি ভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন।
জঙ্গিগোষ্ঠীদের কথিত জিহাদে উদ্বুদ্ধ করতে উগ্রবাদী বিভিন্ন লেখার বাংলা অনুবাদ করে অয়ন ইলেকট্রনিক প্রচার মাধ্যমে প্রচার করত জানিয়ে আবেদনে আরও বলা হয়, পাশাপাশি কথিত নাস্তিক ব্লগারদের আইডি হ্যাকিংসহ তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করে চিহ্নিত করার কাজও করত।
আদালতে অয়নের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
তার কিছু বলার রয়েছে কি না- এ বিষয়ে বিচারক জানতে চাইলে তিনি বলেন, “আমাকে ১৫ দিন আগে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে আদালতে হাজির করা হয়েছে।”
আবেদনে অয়নের দুটি স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়। এর একটি নরোত্তমপুর, চৌমুহনী নোয়াখালী এবং ভেণ্ডা মসজিদ, মুনশীপাড়া, বন্দর থানা, চট্টগ্রাম।
তবে তার বর্তমান ঠিকানা হিসেবে রাজধানীর ভাটারা থানাধীন নর্দ্দা এলাকার আব্দুল আজিজ সড়কের একটি বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়।
