২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার ফখরুলের ‘মুক্তির পথ খুলল’

রায় ফাঁসের মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া ব্যারিস্টার ফখরুল ইসলামকে এক বছরের জামিন দিয়ে হাই কোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 01:55 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেয়।

ফখরুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন এবং মাহবুব উদ্দীন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটার্নি জেনারেল মাহবুবে আলম।

মাহবুব উদ্দিন খোকন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে ব্যারিস্টার ফখরুলের জামিনে মুক্তি পেতে আর ‘আইনি বাধা থাকল না’।

ব্যারিস্টার ফখরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী পক্ষে যুদ্ধাপরাধের মামলা লড়েন। ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ২০১৩ সালের ১ অক্টোবর ফাঁসির দণ্ড পান সাকা চৌধুরী।

ওই রায়ের দিন সকালে তার স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের ‘খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখান। পরে রায় ফাঁসের অভিযোগে ট্রাইব্যুনালের নিবন্ধকের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়।

ওই মামলায় গতবছর ১৫ সেপ্টেম্বর ফখরুলকে ১০ বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের রায় দেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম।

গত বছরের ৬ ডিসেম্বর নিম্ন আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে ব্যারিস্টার ফখরুলের আপিল গ্রহণের পর থেকে শুনানি চলে হাই কোর্টে। আপিল গ্রহণের পর জামিন চেয়ে আবেদন করেন ব্যারিস্টার ফখরুল।

সেই আবেদনের শুনানি নিয়ে গত ৪ এপ্রিল হাই কোর্টের একটি বেঞ্চ তাকে এক বছরের জামিন দেয়।

পরদিন ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। এর প্রেক্ষিতে ৬ এপ্রিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ ১০ এপ্রিল পর্যন্ত ফখরুলের জামিন স্থগিত করার আদেশ দেয়।

মঙ্গলবার শুনানি শেষে হাই কোর্টের দেওয়া রায়ই বহাল রাখল আপিল বিভাগ।

পুরনো খবর:

রায় ফাঁস: জামিন পেলেন সাকার আইনজীবী ফখরুল
রায় ফাঁস: সাকার আইনজীবীর জামিন স্থগিত