রায় ফাঁস: সাকার আইনজীবীর জামিন স্থগিত
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যারিস্টার ফখরুল ইসলামকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ ১০ এপ্রিল পর্যন্ত তার জামিন স্থগিত করার আদেশ দেন।
আদালতে ব্যারিস্টার ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও অ্যাডভোকেট মিজানুর রহমান; রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত বছরের ৬ ডিসেম্বর নিম্ন আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে ব্যারিস্টার ফখরুলের আপিল গ্রহণের পর থেকে শুনানি চলছে হাই কোর্টে। আপিল গ্রহণের পর জামিন চেয়ে আবেদন করেন ব্যারিস্টার ফখরুল।
সেই আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ তাকে এক বছরের জামিন দেয়। পরদিন ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ।
চেম্বার আদালত আবেদন গ্রহণ করে তা শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়, যার উপর শুনানি নিয়ে বৃহস্পতিবার এই আদেশ দিল আপিল বিভাগ।
পরে অ্যাডভোকেট মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আগামী ১০ এপ্রিল এ বিষয়ে আবার শুনানি হতে পারে।
একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় ২০১৫ সালের নভেম্বরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকর করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় হয়েছিল ২০১৩ সালের ১ অক্টোবর।
ওই রায়ের দিন সকালে তার স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের ‘খসড়া কপি’ও সংবাদকর্মীদেরও দেখান। তারা আদালতের রায় নিয়ে কটাক্ষও করেন।
রায় ফাঁসের ওই মামলায় গতবছর ১৫ সেপ্টেম্বর সাকার স্ত্রী ও ছেলেকে খালাস দিয়ে তার আইনজীবী ফখরুলসহ পাঁচ জনকে কারাদণ্ডের রায় দেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম।
রায়ে ব্যারিস্টার ফখরুলের ১০ বছর এবং ম্যানেজার মাহবুবুল হাসান, জুনিয়র আইনজীবী মেহেদী হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক আহমেদ ও নয়ন আলীকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ব্যারিস্টার ফখরুলকে দশ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাস এবং অন্য চার জনকে দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
ব্যারিস্টার ফখরুল ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে তা শুনানির জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে আসে। হাই কোর্টের একই বেঞ্চ গত বছরের ২২ নভেম্বর আসামি মাহবুবুল হাসানের আপিল শুনানির জন্য গ্রহণ করে।
সাকা চৌধুরীর রায় ফাঁসের মামলায় তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে খালাসের রায় বাতিল করে সুবিধাজনক সাজা কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে সেদিন রুলও জারি করে আদালত।
