২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় ফাঁস: জামিন পেলেন সাকার আইনজীবী ফখরুল

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যারিস্টার ফখরুল ইসলামকে এক বছরের জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 02:41 PM

Updated : 19 Aug 2022, 04:14 PM

নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে ব্যারিস্টার ফখরুলের আপিল শুনানিতে মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গত বছরের ৬ ডিসেম্বর ব্যারিস্টার ফখরুলের আপিল গ্রহণের পর থেকে শুনানি চলছে হাই কোর্টে। আপিল গ্রহণের পর জামিন চেয়ে আবেদন করেন ব্যারিস্টার ফখরুল। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত মঙ্গলবার এক বছরের জামিন মঞ্জুর করে।

Image
আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম (ফাইল ছবি)

আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম (ফাইল ছবি)

আদালতে ব্যারিস্টার ফখরুলের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন ও মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় ২০১৫ সালের নভেম্বরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকর করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় হয়েছিল ২০১৩ সালের ১ অক্টোবর।

ওই রায়ের দিন সকালে তার স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের ‘খসড়া কপি’ও সংবাদকর্মীদেরও দেখান। তারা আদালতের রায় নিয়ে কটাক্ষও করেন।

পরে রায় ফাঁসের অভিযোগে ট্রাইব্যুনালের নিবন্ধকের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। পরে সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, তাদের ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামসহ সাতজনের বিচার শুরু করে আদালত।   

রায় ফাঁসের ওই মামলায় গতবছর ১৫ সেপ্টেম্বর সাকার স্ত্রী ও ছেলেকে খালাস দিয়ে তার আইনজীবী ফখরুলসহ পাঁচ জনকে কারাদণ্ডের রায় দেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম।   

রায়ে ব্যারিস্টার ফখরুলের ১০ বছর এবং ম্যানেজার মাহবুবুল হাসান, জুনিয়র আইনজীবী মেহেদী হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক আহমেদ ও নয়ন আলীকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

ব্যারিস্টার ফখরুলকে দশ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাস এবং অন্য চার জনকে দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

ব্যারিস্টার ফখরুল ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে তা শুনানির জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে আসে। হাই কোর্টের একই বেঞ্চ গত বছরের ২২ নভেম্বর আসামি মাহবুবুল হাসানের আপিল শুনানির জন্য গ্রহণ করে।

সাকা চৌধুরীর রায় ফাঁসের মামলায় তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে খালাসের রায় বাতিল করে সুবিধাজনক সাজা কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে সেদিন রুলও জারি করে আদালত।