পর্ন সাইটে প্রবেশকারীদের তালিকা হবে না: টেলিযোগাযোগ বিভাগ
পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা হচ্ছে না এবং তা করাও সম্ভব নয় বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিযোগাযোগ বিভাগ জানায়, কিছু অনলাইন ও জাতীয় দৈনিক পত্রিকায় পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা তৈরির বিষয়ে ‘একটি বিভ্রান্তিকর খবর’ প্রকাশিত হওয়ায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
“এ পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দৃঢ়ভাবে জানাতে চায়, পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা হয়নি।’
এ ধরনের তালিকা করার ‘প্রশ্নই ওঠে না’ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রযুক্তিগতভাবেও এটা করা সম্ভব নয়। এ ধরনের গুঞ্জন আমাদের বিস্মিত করেছে, কারণ ব্যক্তিগত তথ্য সুরক্ষা আমাদের আইনগত দায়িত্ব। এ দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর।”
যারা ‘গুজব রটাবার চেষ্টায় রত’, তাদের এ ধরনের চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
গত ২৮ নভেম্বর অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ বিষয়ে এক সভায় বাংলাদেশে ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধে একটি কমিটি গঠন করে টেলিযোগাযোগ বিভাগ।
ওই কমিটি ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কনটেন্টের পূর্ণাঙ্গ ওয়েব তালিকা প্রস্তুত করে সেগুলো বন্ধে তিন স্তরের কারিগরি প্রস্তাব তৈরি করবে বলে জানানো হয়।
তালিকা ও কারিগরি প্রস্তাব পাওয়ার পর ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধের প্রক্রিয়ার শুরুতে এ ধরনের দেশীয় ওয়েবসাইটগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনিও মঙ্গলবার ফেইসবুকে এক পোস্টে বলেন, পর্ন সাইটে প্রবেশকারীদের তালিকা করার কোনো কথা তিনি বলেননি, যদিও সংবাদমাধ্যমে তাকে উদ্ধৃত করেই ওই বক্তব্য এসেছে।
বিটিআরসির হিসাবে গত সেপ্টেম্বরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ছয় কোটি ৬৮ লাখের বেশি। এর মধ্যে ৬ কোটি ৩০ লাখের বেশি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন।
