নারীদের পাশে চান আইভী, সাখাওয়াত দেখছেন ‘গণজোয়ার’
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিন নারীদের আগের মতো পাশে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সদ্য সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী; অন্যদিকে ধানের শীষের পক্ষে ‘গণজোয়ার’ সৃষ্টি হয়েছে দাবি বিএনপির প্রার্থী আইনজীবী সাখাওয়াত হোসেন খানের।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়ার পর নগরের বিভিন্ন স্থানে প্রচারে নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পাড়ায়-মহল্লায় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন সমর্থকরা।
নারায়ণগঞ্জ ক্লাবে প্রতীক বরাদ্দের পরপর সেখান থেকে শহরে শোডাউন দিতে দেখা যায় প্রধান দুইদল আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের।
এরপর বিকাল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় আনুষ্ঠানিক প্রচারে নামেন সেলিনা হায়াৎ আইভী। সেখানে সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তিনি।
বিভিন্ন স্থানে পথসভায় দেওয়া বক্তব্যে উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে তাকে পুনরায় মেয়র নির্বাচিত করার আহ্বান আসে আইভীর কাছ থেকে।
গোদনাইলের গোরস্থান এলাকায় একতা দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সামনে জড়ো হওয়া কয়েকশ নারীর উদ্দেশ্যে তিনি বলেন, “গত নির্বাচনে মা-বোনেরা আমার সঙ্গে ছিলেন। তারাই আমার শক্তি ও সাহস। আপনারা এবারও আমাকে ভোট দেবেন।”
তিনি বলেন, “দোয়াত-কলম নিয়ে পাঁচ বছর আগে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। এবার আমার মার্কা পরিবর্তন হয়েছে, জানেন তো, নৌকা। মার্কা যা-ই হোক, আমি কিন্তু আইভীই।”
সেখানকার দুঃস্থ নারীদের উদ্দেশে আইভী বলেন, “আপনাদের জন্য ক্ষুদ্রঋণের ব্যবস্থা করেছি, আপনারা সেখান থেকে উপকৃত হচ্ছেন। নারায়ণগঞ্জের রাস্তাঘাট, ড্রেন নির্মাণসহ নানা কাজ আমি করেছি। আপনারা সে ধারা অব্যাহত রাখতে আমাকে ভোট দিন।”
দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন দাবি করে আইভী বলেন, “অন্যায়ের প্রতিবাদ করেছি। দুর্নীতির প্রশ্রয় দিইনি। আমার কোনো সন্ত্রাসী গ্রুপ নেই।”
আইভীর এই পথসভা থেকে ফেরার মধ্যে সেখানকার বাসিন্দা ষাটোর্ধ্ব মোসাম্মৎ ময়নার সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। তিনি জানালেন, আগের মতো এবারও আইভীকেই ভোট দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ময়না বলেন, “আমাদের প্রার্থী আইভী। ওই জিতব। আগেরবার ভোট দিছি, এবারও দিমু।”
অন্যদিকে বিকাল সাড়ে ৪টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কদমরসুল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন।
এ সময় সাখাওয়াত হোসেন বলেন, “নারায়ণগঞ্জের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ইতোপূর্বে তাদের যে ভোটের অধিকার খর্ব হয়েছিল, সেটি তারা ফিরে পাওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য তারা বসে আছে।”
এর আগে সকালে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জের মানুষের মাঝে গণজোয়ার ও আবেগের সৃষ্টি হয়েছে। জনগণ এখন ভোট দেওয়ার সুযোগ চায়। আমি যেখানেই যাচ্ছি, জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ চায়।
“ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে নারায়ণগঞ্জের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে।”
“নির্বাচন কমিশনের দায়িত্ব সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। কিন্তু এখনও সমান সুযোগ সৃষ্টির পরিবেশ তৈরি হয়নি। আমি ইতোপূর্বে বলেছি লেবেল প্লেয়িং ফিল্ড চাই। কিন্তু এখনও পাইনি।”
এক প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, “সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা নেবে- সেই আশা নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের মনোভাব কী তা যাচাইয়ের জন্য আমরা নির্বাচনে অবর্তীণ হয়েছি।”
এসময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাখাওয়াতের প্রচারণার সময় বিএনপি সমর্থক হায়দার আলীও দলীয় প্রার্থীর পক্ষে ‘গণজোয়ার’ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে যেতে পারে, তাহলে বিএনপির প্রার্থীরই জয় হবে। তবে ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা দিতে হবে সবার আগে।”
