২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে প্রতীক নিয়ে ভোটের প্রচারে প্রার্থীরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পর উৎসবের আমেজে আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমেছেন মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা।    

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 02:58 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

এবারই প্রথম স্থানীয় সরকারের এ নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। সাতজন প্রার্থীর মধ‌্যে থেকে আগামী ২২ ডিসেম্বর ভোটাররা তাদের নতুন মেয়র বেছে নেবেন।

নারায়ণগঞ্জের ভোটে সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সোমবার দুপুরে প্রার্থীদের সবার মধ‌্যেই প্রতীক বরাদ্দ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার।

দলীয় প্রতীকে ভোট হবে বলে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি আলোচনা চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদের প্রার্থীদের নিয়ে।

গত মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করা সেলিনা হায়াৎ আইভীকেই নতুন মেয়াদের জন‌্য প্রার্থী করেছে আওয়ামী লীগ। তিনিই দলের প্রতীক ‘নৌকা’ নিয়ে লড়বেন।

প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নামার আগে আইভী সাংবাদিকদের বলেছেন, ভোটে জনগণ যে রায় দেবে, তা তিনি মেনে নেবেন।

এ নির্বাচনে বিএনপির প্রার্থী আলোচিত সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান।

দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেলে ‘পরিবর্তনের পক্ষে রায় দেবে’ বলেই তার বিশ্বাস।  

মেয়র পদের বাকি পাঁচ প্রার্থীর মধ‌্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল ‘কোদাল’, এলডিপির কামাল প্রধান ‘ছাতা’, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ ‘হাতপাখা’, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ‘হাতঘড়ি’ এবং ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুর হক ‘মিনার’ প্রতীক নিয়ে এ নির্বাচনে লড়বেন।

 

একনজরে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

* একজন মেয়রের সঙ্গে ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হবে।

* মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ‌্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ২ লাখ ৩৭ হাজার ৮৭৮। ভোটার বেড়েছে প্রায় পৌনে এক লাখ।

*  ভোটকেন্দ্র ১৭৪টি ও ভোটকক্ষ ১৩০৪টি।

* ১৬৩ প্রিজাইডিং কর্মকর্তা, ১২১৭ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২৪৩৪ জন পোলিং কর্মকর্তা ভোট নেবেন।

এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় বসানো হয়েছে নারায়ণগঞ্জ ক্লাবে। সেখানেই প্রার্থীদের মধ‌্যে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা হয়।

এ সময় বাইরে ব‌্যানার ঝুলিয়ে দিয়ে বলা হয়, কেবল প্রার্থী ছাড়া আর কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড়ে বাইরের বঙ্গবন্ধু সড়ক তখন প্রায় লোকারণ‌্য।     

প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা মার্কা হাতে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। আওয়ামী লীগের প্রার্থী আইভীকে একটি হুড খোলা গাড়িতে চড়ে সমর্থকদের উদ্দেশ‌্যে হাত নাড়তে দেখা যায়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদও নারায়ণগঞ্জের নির্বাচনে প্রার্থী দিয়েছিল। পরে জোটের সিদ্ধান্তে আইভীর সমর্থনে মনোনয়নপত্র প্রত‌্যাহার করে নেন জাসদের মোসলেম উদ্দিন।  

অন‌্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টিও এ নির্বাচনে প্রার্থী দিয়েছে। ‘হাতঘড়ি’ বরাদ্দ পাওয়ার পর এ দলের প্রার্থী রাশেদ ফেরদৌস সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোটে সমন্বয়হীনতার কথা বলেছেন।  

“২০ দলীয় জোট বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে আমি অবশ্যই তাতে শ্রদ্ধাশীল। কিন্তু ওই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব যাদের ছিল তারা গাফিলতি করেছে। তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। বিএনপির প্রার্থী এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি।

“এজন্য আমার দলের সাধারণ সম্পাদকও দায়ী। তিনি আমাকে এ বিষয়ে কিছু জানাননি। তিনি জোট ও দলের ক্ষতি করতে চান, আমারও ক্ষতি করতে চান।”