২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাবতলীর ইজারাদারকে থামালে কমবে মাংসের দাম’

রাজধানীতে মাংসের দাম বেশি হওয়ার জন‌্য গাবতলী হাটের চাঁদাবাজিকে দায়ী করে প্রশাসনের কাছে ইজারাদারের বিচার চেয়েছেন মাংস ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 10:54 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা গাবতলী হাটের ইজারাদার লুৎফর রহমানের কবল থেকে গরুর বেপারিদের রক্ষার আহ্বানও জানান।

ইজারাদার লুৎফরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসা মাংস ব‌্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, চাঁদাবাজি বন্ধ হলে মাংসের দামও কমবে।  

“দিন দিন মাংসের দাম বৃদ্ধি পেলেও কেন বাড়ছে, তা কেউ জানে না। আমরা তো আর লোকসান দিয়ে মাংস বেচব না। হয় ঢাকা শহরে মাংস বিক্রি বন্ধ করতে হবে, না হয় আপনাদের কাছ থেকে গলা কেটে মাংসের দাম আদায় করতে হবে।”

সরকার থেকে মাংস ব্যবসায়ীদের জন্য প্রতি মহিষ ৭০, গরু ৫০, ছাগল-ভেড়া ১৫ টাকা ইজারা নির্ধারিত থাকলেও লুৎফরের ছত্রছায়ায় ‘মজিবর বাহিনী’ ৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত অর্থ নিয়ে থাকে বলে অভিযোগ ব‌্যবসায়ীদের।

“ইজারা না দিলে পশুও কেড়ে নেয়,” বলেন ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে স্থানীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং পুলিশের কাছে গিয়েও কোনো প্রতিবিধান পাননি বলে অভিযোগ মাংস বিক্রেতাদের।

রবিউল বলেন, “আমরা আনুমানিক তিন মাস আগে ইজারাদার লুৎফর রহমানের নামে হাই কোর্টে রিট আবেদন করি। এতে সে ক্ষিপ্ত হয়ে মজিবর বাহিনীর মাধ্যমে আমাদের সভাপতি গোলাম মর্তুজা মন্টুর উপর শারীরিক আক্রমণও করে।”

এই বিষয়ে দারুস সালাম ও মোহাম্মদপুর থানায় কয়েক দফা জিডি করেও কোনো ফল পাননি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় ‘মজিবর বাহিনী’র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন গাবতলী হাটের ইজারাদার লুৎফর রহমান।

তিনি বলেন, “আমি কিছুই জানি না। সমিতি বাহিনী ও মুজিবর বাহিনী দুই পক্ষই আমার ক্ষতি করছে। আমার নাম এখানে আসছে কেন, তাও বুঝতে পারছি না।”

Image
ইজারাদার লুৎফরের বিরুদ্ধে মাংস বিক্রেতাদের মানববন্ধন (ফাইল ছবি)

ইজারাদার লুৎফরের বিরুদ্ধে মাংস বিক্রেতাদের মানববন্ধন (ফাইল ছবি)

মজিবর রহমান গাবতলী হাটের একজন ব্যবসায়ী বলে জানান ইজারাদার লুৎফর।

মজিবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গরু বেপারী সমিতির সভাপতি হিসেবে গত ৩০ বছর ধরে ব্যবসা করে আসছি, আমি যদি অন্যায় করে থাকি আমাকে এসে ধরতে বলেন।”

মাংস বিক্রেতা সমিতির নেতারা বলেন, মজিবর নিজেকে 'গরু বেপারী সমিতির' সভাপতি দাবি করলেও আসলে সভাপতি হচ্ছেন আনোয়ার হোসেন মণ্ডল।

আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত চার বছর আগে গরু বেপারী সমিতির সভাপতি নুরু মারা গেলে তিনি সভাপতি নির্বাচিত হন।

“মজিবর গাবতলী হাটে পাওনা আদায়ের নামে তার চোর-বাটপার বাহিনী দিয়ে চাঁদাবাজি ও অত্যাচার চালিয়ে যাচ্ছে।”

ইজারাদারের সহযোগিতায় মজিবর গাবতলী হাটে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ আনোয়ারের।

“মজিবরের অত্যাচার ভাষায় প্রকাশ করা যাবে না। হাটে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, টাকা না দিলে ব্যবসা করতে দেয় না, গরু কেড়ে নেয়। বেপারী সমিতির সদস্যরা ওর ভয়ে অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছে।”

আনোয়ার বলেন, তিনি নিজেও শারীরিক হামলার শিকার হয়ে দারুস সালাম থানায় জিডি করেছেন।

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা ওদের সমস্যা বিষয়ে আমরা অবগত আছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুরনো খবর:

গাবতলী পশুর হাটের ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে আল্টিমেটাম
কোরবানির আগে গাবতলী পশুর হাট ঘেরাওয়ের হুমকি
মাংস ব্যবসায়ীদের অভিযোগ মিথ্যা: গাবতলী হাট ইজারাদার